মেক্সিকো সিটি, জানুয়ারি ৮ ( বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) কোচ হিসেবে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতাতে পারবেন কিনা এই নিয়ে যখন হাজারো সংশয়,শঙ্কা দানা বাঁধছে ভক্তদের মনে, তখনই ডিয়েগো ম্যারাডোনাকে নিয়ে নতুন খবর। শিগগিরই নিজস্ব টেলিভিশন ও ইন্টারনেট চ্যানেল চালু করতে চলেছেন অনেকের মতে সর্বকালের সেরা এই সাবেক ফুটবলার।
বৃহস্পতিবার অন অ্যান্ড অফ হোল্ডিংস নামের একটি প্রতিষ্ঠান জানিয়েছে আগামী সপ্তাহেই আত্মপ্রকাশ করতে চলেছে আর্জেন্টিনাকে '৮৬ বিশ্বকাপ জেতানো ম্যারাডোনার এই টিভি ও ইন্টারনেট চ্যানেল। চ্যানেলটি কেমন হবে, তার নাম কী হবে.. এসব বিষয়ে কোনো তথ্যই দেয়নি প্রতিষ্ঠানটি।
এই প্রথম মালিক হওয়ার উদ্যোগ নিলেও টিভি চ্যানেলে ম্যারাডোনা কিন্তু নতুন নন। ২০০৫ সালে ' লা নোচে ডেল ১০' (১০ নাম্বারের রাত) নামের এক টক-শো উপস্থাপন করেছিলেন। তুমুল জনপ্রিয় হয়েছিল সেই অনুষ্ঠান। এটা তো নিশ্চয়ই জানেন, ম্যারাডোন ১০ নম্বর জার্সি পরেই খেলতেন। অনুষ্ঠানের নামও তাই রাখা হয়েছিল '১০ নম্বরের রাত'।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/এসি/২০৫২ ঘ.
bdnews24