জোহানেসবার্গ, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঠিক মাথা বরাবর আসছিল কাইল মিলসের শর্ট পিচ বলটি। কোন রকমে মাথা রক্ষা করে হেঁটে বেরিয়ে যান পপিং ক্রিজ ছেড়ে। ভেবেছিলেন ওভার শেষ হয়ে গেছে। কিন্তু ছেড়ে দেয়ার পাত্র নন উইকেটকিপার ব্রেন্ডন ম্যাককুলাম। ভেঙে দেন কলিংউডের স্ট্যাম্প। টিভি আম্পায়ারও আউট দেন। কিন্তু ফিল্ড আম্পায়ারের সঙ্গে পরমর্শ করে তাকে আবার ব্যাটিং করার সুযোগ দেন নিউজিল্যান্ড অধিনায়ক ড্যানিয়েল ভেট্টরি। আর এর প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠেন ইংল্যান্ড অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউস।
"কোন দলের ভবিষ্যত যখন সূতোয় ঝোলে তখন এ ধরনের সিদ্ধান্ত নেওয়া নিঃসন্দেহে কঠিন। তারপরও কলিংউডকে ব্যাটিং করার সুযোগ দেওয়ায় আমি ড্যানের প্রশংসা না করে পারছি না," স্ট্রাউসের গলায় রীতিমতো উচ্ছাস।
তিনি বলেন, রান নেওয়ার জন্য পল যে ক্রিজ ছেড়ে রেরিয়ে যাননি তা স্পষ্ট হয়ে উঠেছিল তার আচরণে। পরে কলিংউডও বলেছিলেন তাকে আউট দেয়া হলে নিজেকে দোষ দেয়া ছাড়া তার কোনো উপায় থাকতো না।
চার উইকেটে এই ম্যাচ জিতে নিউজিল্যান্ড চ্যাম্পিয়ন্স ট্রফির সেফিফাইনালে ওঠে।
কিউই পেসারদের বোলিং তোপে ১৪৬ রানেই অলআউট হয়ে যায় ইংল্যান্ড।
ইংলিশ ব্যাটসম্যানদের পক্ষে সর্বাধিক ৪০ রান করেন পল কলিংউড। রবি বোপারা করেন দ্বিতীয় সর্বাধিক ৩০ রান।
নিউজিল্যান্ডের পক্ষে সবচেয়ে ভাল বোলিং করেন দক্ষিণ আফ্রিকান বংশোদ্ভূত গ্র্যান্ট এলিয়ট। মাত্র ৩১ রানে উইকেট নেন ৪টি। এটিই তার ক্যারিয়ারের সেরা বোলিং। শেন বন্ডও পিচ থেকে বাড়তি সুবিধা আদায় করে ৩ উইকেট নেন। রান দেন ২১।
জবাব দিতে নেমে নিউজিল্যান্ড উদ্বোধনী জুটিতেই ৮৪ রান তোলে। ম্যাককুলাম ৪৮ ও মার্টিন গুপ্টিল ৫৩ রান করেন। কিন্তু নিউজিল্যান্ডের মিডল অর্ডারে ধস নামান জেমস ব্রড। ৩৯ রানে ৪ উইকেট নেন তিনি।
তবে ২৭ ওভার ১ বলেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় নিউজিল্যান্ড, ছয় উইকেট হারিয়ে।
(রয়টার্স ও ক্রিকইনফোর সহায়তায়)
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/টিআর/১৬২৪ ঘ.
bdnews24