ঢাকা, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগের মতো ঝলক দেখাতে না পারলেও নামের ভারে এখনো কম যাননা আলফাজ আহমেদ। আরামবাগের অধিনায়কত্ব তিনিই পেয়েছেন। ফলে দায়িত্ব বেড়ে গেছে তার। পড়ন্ত ফর্ম নিয়েও ফেডারেশন কাপ ফুটবলে মঙ্গলবার শুকতারা যুব সংসদের বিপক্ষে গোল করেছেন এক সময়ের দেশ-সেরা এই ফরোয়ার্ড। তারপরও ম্যাচ শেষে পরাজয়ের গ্লানিই গ্রাস করেছে আরামবাগের ফুটবলারদের। 'বি' লিগে নবাগত নারায়নগঞ্জ শুকতারা যুব সংসদের কাছে ১-২ গোলে হেরে গেছে তারা।
মানের দিক থেকে দু দলের মধ্যে খুব একটা পার্থক্য যে নেই খেলা দেখেই তা বোঝা গেছে স্পষ্ট। পরিকল্পিত আক্রমন হয়েছে হাতে গোনা কয়েকবার। শুকতারা যুব সংসদই এ দিক থেকে এগিয়ে। আগে গোল পেয়েছে তারাই।
১৮ মিনিটে মেহেদীর গোলে এগিয়ে যায় শুকতারা। আলফাজের গোলে আট মিনিটের ব্যবধানে সমতা এনেছিল আরামবাগ। কিন্তু ৪৬ মিনিটে সাইফুলের গোলে আবার এগিয়ে যায় নারায়নগঞ্জ শুকতারা যুব সংসদ। বাকি সময়ে কোনো দলই গোল হওয়ার মতো ভালো কোনো সুযোগ তৈরি করতে পারেনি।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দিনের অন্য ম্যাচে রহমতগঞ্জ এমএফএস ৩-১ গোলে হারিয়েছে চট্টগ্রাম মোহামেডান স্পোটিংকে। প্রথমার্ধে ২-১ গোলে এগিয়ে ছিল রহমতগঞ্জ। দ্বিতীয়ার্ধে আরো একটি গোল করে জয়ের ব্যবধান বাড়িয়ে নেয় ঢাকার দলটি।
রহমতগঞ্জের পক্ষে ইদ্রিস, রাফায়েল ও মামুন গোল করেন। চট্টগ্রাম মোহামেডানের পক্ষে একমাত্র গোলটি করেন রিদোন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/২১১৫ ঘ.
bdnews24