২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এখনো রাগ পুষে রেখেছেন ডিডো

জাতীয় দলের সব ক্ষমতাই কোচের হাতে। তার ইচ্ছাতেই হবে অনুশীলন। সোমবার সংবাদ সম্মেলনে এরকম ঘোষণা দিয়েছিলেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2009, 04:55 PM

Updated : 26 Aug 2022, 11:48 AM

ঢাকা, জুলাই ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জাতীয় দলের সব ক্ষমতাই কোচের হাতে। তার ইচ্ছাতেই হবে অনুশীলন। সোমবার সংবাদ সম্মেলনে এরকম ঘোষণা দিয়েছিলেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। যথারীতি হয়েছেও তাই। কোচ তার ক্ষমতা বলে মঙ্গলবার বিকেএসপির আবাসিক ক্যাম্পে বিদ্রোহী আট ফুটবলারকে অনুশীলন করালেন আলাদা। অর্থৎ বিদ্রোহী আর অনুগতদের আলাদা করে ফেলেছেন ব্রাজিলীয় কোচ অ্যাডসন সিলভা ডিডো। সোমবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতির হস্তক্ষেপে কোচ এবং ফুটবলারদের মধ্যে আপস হলেও ডিডোর ইঙ্গিত ছিলো অনুশীলনে বিদ্রোহীদের আলাদা রাখবেন। এর জবাবে বাফুফে সভাপতি বলেছিলেন অন্যকথা, "ভাল খেলোয়াড়দের কোন কোচই দলের বাইরে রাখতে পারেন না।" সকালে বিকেএসপির ক্যাম্পে ডিডো না থাকায় সহকারী কোচ মানিকের তত্ত্বাবধানে ৩১ সদস্যের পুরো দলই এক সঙ্গে অনুশীলন করে। বিকেলে দলের দায়িত্ব নিয়েই দুই ভাগে অনুশীলনের সিদ্ধান্ত নেন ডিডো। মানিকের তত্ত্বাবধানে বিদ্রোহী আট ফুটবলারকে হকি মাঠে ৫০ মিনিট রানিং করান। বাকিদের নিয়ে ফুটবল মাঠে অনুশীলন করান কোচ ডিডো। নাম প্রকাশে অনিচ্ছুক বিদ্রোহী আট ফুটবলারের একজন কোচের দ্বৈত নীতির সত্যতা স্বীকার করেন। বলেন,"আমাদের আলাদা করে দিয়েছেন ডিডো। কেন এটা করেছেন এনিয়ে কোচকে প্রশ্ন করিনি। তবে দু'তিন দিন দেখার পর অবস্থার উন্নতি না হলে জাতীয় দল ব্যবস্থাপনা কমিটিকে বিষয়টি জানাবো।" ফুটবলাররা সব কিছু ভুলে গেলেও রাগ পুষে রেখেছেন ডিডো। কোচের আলাদা আলাদা অনুশীলনের কথা এরই মধ্যে জানতে পেরেছেন জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির সভাপতি বাদল রায়। তিনি বলেন,"আট ফুটবলারকে আলাদা করে অনুশীলন করানোর কথা শুনেছি। এটা কোচের অনুশীলন-কৌশল কি না বোঝা যাচ্ছে না। তবে ডিডোর সঙ্গে এ বিষয়ে আলোচনা করবো।" গত ২৩ জুলাই বৃহস্পতিবার বিকেলে ডিফেন্ডার রজনীকান্ত বর্মণ ক্লান্ত হয়ে অনুশীলন না করতে চাইলে ক্ষুব্ধ হন কোচ ডিডো। এরপরই অনশীলন বর্জনের ঘটনা ঘটে। রজনীর সঙ্গে আরমান আজিজ, সৈকত, এমেলী, জাহিদ হোসেন, ওয়ালী ফয়সাল, আরিফ ও জাহেদ পারভেজ এক সঙ্গে মাঠ ছেড়ে যান। পরের দিন শুক্রবার সকালেও অনুশীলনে যোগ দেননি এই আট ফুটবলার। কোচ এবং ফুটবলারদের সমস্যা সমাধানে এগিয়ে আসেন জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির সদস্যরা। শনিবার দুই পক্ষের সঙ্গে দফায় দফায় বৈঠক করলেও কোন সমাধান হয়নি। শেষে রোববার বিদ্রোহের শাস্তি হিসেবে আট ফুটবলারের এক মাসের বেতন কেটে নেয়ার সিদ্ধান্ত নেয় জাতীয় দল ব্যবস্থাপনা কমিটি। সঙ্গে কোচকেও সতর্ক করে দেওয়া হয়। মাঝে দু'দিন অনুশীলন বন্ধ থাকে। সোমবার থাইল্যান্ড থেকে দেশে ফিরে বাফুফে সভাপতি দুই পক্ষকে মিলিয়ে দেন। যদিও এর আগেই নিজেদের ভুল বুঝতে পেরে কোচের কাছে ক্ষমা চেয়েছিলেন ফুটবলাররা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/টিআর/২৩০৮ ঘ.