২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

২০ খেলোয়াড় ছাড়াই হকি লিগ আয়োজনের 'নীতিগত সিদ্ধান্ত'

জাতীয় দলের ক্যাম্পে থাকা ২০ খেলোয়াড় ছাড়াই লিগ আয়োজনের 'নীতিগত সিদ্ধান্ত' হয়েছে হকি লিগ কমিটির তৃতীয় সভায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2009, 06:44 PM

Updated : 26 Aug 2022, 11:41 AM

ঢাকা, জুলাই ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- জাতীয় দলের ক্যাম্পে থাকা ২০ খেলোয়াড় ছাড়াই লিগ আয়োজনের 'নীতিগত সিদ্ধান্ত' হয়েছে হকি লিগ কমিটির তৃতীয় সভায়। এ নিয়ে তৃতীয়বারের মত আলোচনায় বসেও হকি খেলোয়াড়দের ভাগ্যের বিষয়টি পুরোপুরি নিশ্চিত করতে পারলেন না লিগ কমিটির সাধারণ সম্পাদক আনভির আদেল। হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক খন্দকার জামিল উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে রোববার রাতে বলেন,"জাতীয় দলের ক্যাম্পে থাকা ২০ খেলোয়াড় ছাড়াই লিগ আয়োজনের নীতিগত সিদ্ধান্ত হয়েছে লিগ কমিটির তৃতীয় সভায়।' জাতীয় দলের ক্যাম্পে থাকা খেলোয়াড়দের উন্নত প্রশিক্ষণের জন্য আগামী মাসেই জার্মানী পাঠাবে হকি ফেডারেশন। জার্মান কোচের তত্ত্বাবধানে সেখানে পারফরমেন্স অনুযায়ী বিভিন্ন ক্লাবে খেলার সুযোগ থাকবে তাদের। এদিকে লিগ আড়াই মাস ধরে চলবে। জাতীয় দলের খেলোয়াড়দের ঢাকা লিগে খেলার সুযোগ করে দিতে হলে এ মৌসুমে লিগ হবে না বলে জানিয়েছেন ফেডারেশনের সাধারণ সম্পাদক খন্দকার জামিল। হকি খেলোয়াড়দের দলবদলের সম্ভাব্য সময় দেওয়া হয়েছিল ৮ থেকে ১০ জুলাই। এরপর চূড়ান্ত সময় সূচী নিয়ে ক্লাবগুলোর সঙ্গে কোন আলোচনা করেনি লিগ কমিটি। এমন কি লিগের বাইলজ পরিবর্তনে কোন উদ্যোগ নেওয়া হয়নি। কবে নাগাদ দলবদল হতে পারে সভায় এ নিয়ে আলোচনা বেশিদূর এগোয়নি। আবাহনীর প্রতিনিধি শহিদ্ল্লুাহ দোলন বলেন," ক্লাব প্রতিনিধিরা ফেডারেশনের সভাপতির সঙ্গে আলোচনার পরে লিগের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।" ক্লাব প্রতিনিধিরা ফেডারেশনের সভাপতির সঙ্গে কি বিষয় নিয়ে আলোচনা বসতে চান তা জানাননি আবাহনীর প্রতিনিধি দোলন। তবে লিগ কমিটির সম্পাদক আনভির আদেল জানিয়েছেন, ক্লাবের স্বার্থসংশ্লিষ্ট কিছু বিষয় ছাড়াও হকির উন্নয়নে বিভিন্ন পরিকল্পনার কথা জানাবেন তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এসকে/২৩৩০ঘ.