ঢাকা, জুন ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের ব্যাপারে কোনো ইতিবাচক খবর নিয়ে আসতে পারেননি কাজী সালাউদ্দিন। অনেক প্রত্যাশা নিয়ে বাফুফে সভাপতি বাহামাসে ফিফা কংগ্রেসে গেলেও সাফ কমিটির নেতিবাচক তৎপরতায় সব ভুন্ডুল হয়ে গেছে।
সাধারণত ফিফা কিংবা এএফসির কংগ্রেসে বিভিন্ন দেশের ফুটবল প্রতিনিধিরা মিলিত হলে সেখানে আঞ্চল ভিত্তিক ফুটবল সংগঠনগুলোও সভা করে নেয়। সেরকম বাহামাসে ফিফা কংগ্রেসের (২ থেকে ৪ জুন) পাশাপাশি সাফের সভা হওয়ার কথা ছিল। কিন্তু ফিরে এসে সালাউদ্দিন জানিয়েছেন সভা হয়নি। কি কারণে হয়নি তার বিস্তারিত জানাননি। তবে অন্য একটি সূত্র জানিয়েছে, এর আগেই গণেশ থাপা (সাফ সভাপতি) ও সিরাজুল ইসলাম বাচ্চু (সাফ সম্পাদক) মিলে সিদ্ধান্ত চূড়ান্ত করার জন্য ভারতকে ১০ দিন সময় বাড়িয়ে দিয়ে সভার পথ রুদ্ধ করে দিয়েছেন। এটা বাহামাসে রওনা হওয়ার ঠিক আগে টের পেয়েছিলেন সালাউদ্দিন। এজন্য সাফের সম্পাদক বাচ্চুকে একহাত নিয়েছিলেন তিনি।
কংগ্রেসে বাচ্চুর না যাওয়া এবং ভারতকে ১০ দিন সময় বাড়িয়ে দেওয়া, এসব একসঙ্গে করে অনেকে ষড়যন্ত্রের গন্ধ খুঁজে পাচ্ছেন। বাফুফের একাংশের চোখে বাচ্চু ঘর শত্র" বিভীষন। ভারত সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ নিয়ে বিপাকে পড়ছে তা ফুটবল সংশ্লিষ্টরা জানেন। ভারত সরকার তাদের দেশে পাকিস্তান দলকে ঢোকার অনুমতি দিচ্ছে না। এ দেখে অয়োজক হওয়ার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। সেটা বাচ্চুও ভাল করে জানেন। তারপরও এই সাফ সম্পাদক ভারতকে চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর জন্য ১০ দিন সময় বাড়িয়ে দেওয়াটাকে ভাল চোখে দেখছেন না বাফুফে কর্মকর্তারা। এ কারণে বাহামাসে এ নিয়ে কোনো সভা হতে পারেনি, কোনো সুখবরও নিয়ে আসতে পারেননি সভাপতি।
স্বাভাবিকভাবে সালাউদ্দিন ক্ষুব্ধ সাফের 'অথর্ব' কমিটির ওপর। আট বছরের বেশি সময় ধরে নিজেদের পদ দখল করে গণেশ ও বাচ্চু সাফ'কে একটি অকার্যকর এবং ব্রিফকেস সংগঠনে পরিণত করেছেন। এটাকে সচল করতে বাফুফে সভাপতি আলোচনা করেছেন এএফসি প্রেসিডেন্টের সঙ্গেও, "সাফ নিয়ে আমার সঙ্গে একাধিকবার আলোচনা হয়েছে হাম্মামের। এটাকে সচল করতে তার তরফ থেকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।" সচল করার একমাত্র পথ নতুন নেতৃত্ব আনা, এ ব্যাপারে বাফুফে সভপতি বলেছেন, "সাফের নির্বাচন হবেই।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/২১০০ঘ.
bdnews24