ঢাকা, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)----- টানা দ্বিতীয় ম্যাচ জিতে বসুন্ধরা চ্যাম্পিয়নস ক্লাব কাপের আঞ্চলিক পর্বে ভাল অবস্থানে পৌঁছে গেছে চারটি দল। রোববার হবিগঞ্জের ইয়াং টাইগার নুরপুর, চট্টগ্রাম মোহামেডান ব্লুজ, শেরপুর ঘাগড়া স্পোর্টিং ক্লাব ও পাবনা ব্রাদার্স ইউনিয়ন নিজেদের ম্যাচ জিতে ৬ পয়েন্ট করে নিয়ে গ্রুপের শীর্ষে অবস্থান করছে।
হবিগঞ্জ স্টেডিয়ামে ইয়াং টাইগার নুরপুর ১-০ গোলে সুনাম গঞ্জের রয়েল বেঙ্গল ক্লাবকে হারিয়ে টানা দ্বিতীয় জয় পেয়েছে, মূল্যবান গোলটি করেছেন মেহেদী। প্রথম ম্যাচ জয়ী চট্টগ্রাম মোহামেডান ব্লুজ বান্দরবানে দ্বিতীয় ম্যাচে ৪-০ গোলে খাগড়াছড়ির মার্মা যুব কল্যাণ সংসদকে হারিয়েছে। জয়ের মূল কারিগর দিদার হ্যাটট্রিক করেছেন, বাকি গোলটি আনোয়ারের। শেরপুর স্টেডিয়ামে স্থানীয় ঘাগড়া স্পোর্টিং ক্লাব ২-১ গোলে নেত্রকোনার সৌখিন ক্রীড়া প্রতিভা অন্বেষণকে হারিয়ে টানা দ্বিতীয় জয় পেয়েছে। বিজয়ী দলের নুরুজ্জামান ও রাজন গোল দুটি করেছেন। রাজশাহী ভেন্যুতে আলোর দিশারীর বিপক্ষে পাবনা ব্রাদার্স ইউনিয়ন ১০-০ গোলের বিশাল জয় পেয়েছে। টানা দ্বিতীয় জয়ের পথে রবি হ্যাটট্রিক, আবুল হোসেন ও রিয়াদ দুটো করে গোল করেছেন। সৈকত, সাগর ও সুব্রত একটি করে গোল করেছেন।
এছাড়া দিনের অন্যান্য ম্যাচে হবিগঞ্জ স্টেডিয়ামে মৌলভীবাজারের ইয়াং স্টার ক্লাব ১-০ গোলে সিলেটের লাউয়াই স্পোর্টিং ক্লাবকে হারিয়ে প্রথম জয় পেয়েছে। একমাত্র গোলটি করেছেন স্বপন। শেরপুরে প্রথম ম্যাচ জয়ী কিশোরগঞ্জ উকিল পাড়া স্পোর্টিং ২-২ গোলে ড্র করেছে জামালপুর মোহামেডানের সঙ্গে। রংপুর স্টেডিয়ামে প্রথম ম্যাচে ড্র করা স্থানীয় ফ্যান্টোস স্পোর্টস অ্যাসোসিয়েশন ৪-৩ গোলে বগুড়ার আলেয়া ফ্যাশন ফুটবলকে হারিয়েছে। নাড়াইলে প্রথম ম্যাচ ড্র করার পর স্বাগতিক বি. বি. এস খেলোয়াড় কল্যাণ সমিতি ১-০ গোলে হারিয়েছে পি. কে.ইউনিয়ন ক্লাবকে, গোলদাতা মধু। গোপালগঞ্জে শরীয়তপুরের সদর উপজেলা ক্রীড়া সংস্থা ২-১ গোলে রাজবাড়ীর ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতিকে হারিয়েছে। বিজয়ী দলের পক্ষে শ্রী প্রকাশ ও শাহজালাল গোল করেছেন। ফেনীতে প্রথম ম্যাচে পরাজিত চাঁদপুর ভাই ভাই স্পোর্টিং ক্লাব ৩-০ গোলে লক্ষ্মীপুরের চৌরাস্তা ক্লাবকে হারিয়েছে। জহিরুল দুটি এবং বিপ্লব একটি গোল করেছেন। টাঙ্গাইল স্টেডিয়ামে প্রথম ম্যাচ ড্র করা গাজীপুরের বিপ্লব সংঘ ১-০ গোলে হারিয়েছে সমাবেশ ক্লাবকে, গোলদাতা ফারুক। দিনাজপুর স্টেডিয়ামে নীলফামারীর মরাল সংঘ ৩-০ গোলে হারিয়েছে ঠাকুরগাঁওয়ের সাম্য ক্রীড়া ও সাংস্কৃতিক গোষ্ঠীকে। রুবেল আহমেদ দুটি ও মোহাম্মদ রুবেল একটি গোল করেছেন। মেহেরপুর স্টেডিয়ামে চুয়াডাঙ্গার বঙ্গমানী ফুটবল একাডেমি ৩-১ গোলে মাগুড়ার জননী সেবা সংঘকে হারিয়ে প্রথম জয় পেয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এসএইচ/২০৫০ ঘ
bdnews24