২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিয়ানমারের বিপক্ষে মাঠে নামার আগেই চূড়ান্ত পর্বের হাতছানি

ঘটনাচক্রে 'ফাইনাল' আখ্যা পাওয়া ম্যাচে মিয়ানমারকে হারালে নিমিষেই পথের সব কাঁটা দূর হয়ে যাবে। এমনকি না হারলেও এএফসি চ্যালেঞ্জ কাপের চূড়ান্ত পর্বে ওঠার পথ সুগম হয়ে যাবে বাংলাদেশের! মানে সহজ শর্তে বড় প্রাপ্তিযোগের সম্ভাবনা নিয়ে লাল-সবুজের ফুটবল দলটি মঙ্গলবার সন্ধ্যা ৬টায় মুখোমুখি হচ্ছে মিয়ানমারের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2009, 04:03 PM

Updated : 26 Aug 2022, 11:23 AM

ঢাকা, এপ্রিল ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- ঘটনাচক্রে 'ফাইনাল' আখ্যা পাওয়া ম্যাচে মিয়ানমারকে হারালে নিমিষেই পথের সব কাঁটা দূর হয়ে যাবে। এমনকি না হারলেও এএফসি চ্যালেঞ্জ কাপের চূড়ান্ত পর্বে ওঠার পথ সুগম হয়ে যাবে বাংলাদেশের! মানে সহজ শর্তে বড় প্রাপ্তিযোগের সম্ভাবনা নিয়ে লাল-সবুজের ফুটবল দলটি মঙ্গলবার সন্ধ্যা ৬টায় মুখোমুখি হচ্ছে মিয়ানমারের। এমন চমৎকার এক ম্যাচের পদধ্বনি আপনাকেও টেনে নিয়ে যেতে পারে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। আরেকটি টান তো আছেই। সেটি ডিডোর বাংলাদেশ। কথিত তারকাদের একাদশের বাইরে রেখে এই ব্রাজিলিয়ান কোচ এমন এক দল গড়েছেন যা দেখে শুরুতে বিস্ময় জাগে। পরে যুগপৎ চমক এবং পুলক নিয়ে বাড়ি ফেরা যায়। কম্বোডিয়ার বিপক্ষে এরকম ম্যাচ উপহার দেওয়ার পর বাংলাদেশের কোচও যেন আত্মবিশ্বাসে টগবগ করছেন। সফল এক পরীক্ষার পর সোমবার তিনি বলেছেন, "মিয়ানমারের বিপক্ষে একই দল খেলানোর সম্ভাবনা বেশি। উইনিং কম্বিনেশন ভাঙ্গার কোনো কারণ আমি দেখছি না।" যার অর্থ দাঁড়ায় মিয়ানমারের বিপক্ষেও মাঠের বাইরে থাকবেন সুজন ও মতিউর মুন্না। কোচের পছন্দ তারুণ্য-নির্ভর দল। কম্বোডিয়ার বিপক্ষে একসঙ্গে অভিষেক হয়েছে চারজনের--- মানিক, নাসির, ইমন মাহমুদ ও মামুন মিয়া। বাকিদের মধ্যে তিনটির বেশি ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে কেবল আমিনুল, রজনী, ওয়ালী ফয়সাল ও আরমান আজিজের। এই দল নিয়ে অভিযান সফল হওয়ায় ডিডো আবারো তাদের পাশে থাকার আহ্বান জানিয়েছেন, "নতুনদের সুযোগ দিতে হবে। কারণ তাদের সামর্থ্য আছে। হয়তো মানসিকভাবে অতোটা তৈরি হয়নি, এব্যাপারে আজও (সোমবার) তাদের সঙ্গে কথা বলেছি আমি।" আমিনুলও আস্থা রাখছেন এই দলের ওপর। না রাখার কোনো কারণ নেই, কম্বোডিয়ার বিপক্ষে পুরো ম্যাচে আধিপত্য করেই জিতেছে বাংলাদেশ। তবে বাংলাদেশ অধিনায়কের চোখে সমস্যা একটাই, "অনেক সুযোগ নষ্ট করেছি আমরা। এমিলি-রবিন থাকলে হয়তো গোল পাওয়া সহজ হতো। মিয়ানমারের বিপক্ষে ওরকম মিস করলে বিপদে পড়ার সম্ভাবনা আছে।" কম্বোডিয়ার বিপক্ষে অনেক সুযোগ নষ্ট করে অবশেষে এনামুলের একমাত্র গোলে পার হয়েছে বাংলাদেশ। এমিলি ও রবিন পুরোপুরি ইনজুরি-মুক্ত না হওয়ায় ফরাশগঞ্জের এই স্ট্রাইকারই দলের একমাত্র সম্বল। তবে এই ম্যাচে গোল না পেলে ওই দুজনকে বদলি হিসেবে মাঠে দেখা যাওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। প্রথম ম্যাচে যেমন জাহিদ হোসেনকে বদলি নামানো হয়েছিল। কারণ বাংলাদেশের কাছে মিয়ানমারের বিপক্ষে ম্যাচটির গুরুত্ব অপরিসীম। রমনা পার্কে হালকা প্র্যাকটিসের ফাঁকে অধিনায়ক আমিনুল বলেছেন, "মিয়ানমার হচ্ছে সবচেয়ে শক্ত প্রতিপক্ষ। তাই ম্যাচটাকে আমরা ফাইনাল হিসেবে নিয়েছি।" ফাইনাল হিসেবে নেওয়ার কারণ এই ম্যাচ জিতলে তাদের এএফসি চ্যালেঞ্জ কাপের মূল পর্বে ওঠা কেউ ঠেকাতে পারবে না। তখন গ্র"প চ্যাম্পিয়ন হতে শেষ ম্যাচে দূর্বল ম্যাকাও বড় কোনো বাধা হয়েও দাঁড়াতে পারবে না। মিয়ানমারের ড্র করলেও আশা বেঁচে থাকে। সেটা হচ্ছে বাছাইপর্বের চার গ্র"পের মধ্যে সেরা রানার্স-আপ দল হিসেবে মূল পর্বে যাওয়ার সুযোগ। অন্য তিনটি গ্র"পের খেলা শেষ, সেখানে আপতত সেরা গ্র"প রানার্স-আপ মালদ্বীপের সংগ্রহ ৩ পয়েন্ট। সেক্ষেত্রে মিয়ানমারের সঙ্গে ড্র করলে ৪ পয়েন্ট নিয়ে বাংলাদেশের সেরা রানার্স-আপ দল হওয়ার সুযোগ আছে। মানে শর্ত হচ্ছে, কোনোভাবেই এই ম্যাচ হারা যাবে না। কিন্তু পরিসংখ্যান আবার মিয়ানমারের পক্ষে। এর আগে দুদলের ৭টি ম্যাচের মধ্যে ৪টিতেই জিতেছে তারা, তার মধ্যে আছে ৬-০ ও ৭-১ গোলের বিশাল জয়। অন্যদিকে বাংলাদেশ জিতেছে মাত্র দুটো ম্যাচ, তা-ও টেনেটুনে (১-০, ২-১ ব্যাবধান)। টুর্নামেন্টের প্রথম ম্যাচে ম্যাকাওকে চার গোলে হারিয়ে মিয়ানমার দারুন সূচনা করেছে। ওই ম্যাচ দেখে ডিডো বুঝেছেন বাংলাদেশকে বড় চ্যালেঞ্জ জানানোর ক্ষমতা তাদেরই আছে। তিনি প্রকাশ্যে মিয়ানমারকে কেবল 'বিপজ্জনক দল' বললেও গোপনে তিনজন খেলোয়াড়কেও নাকি মার্কিং করে রেখেছেন। ডিডো ভয় পেলেও মিয়ানমারের অধিনায়ক মায়মিন তুন বাংলাদেশকে ফেবারিট মানছেন, "স্কিল-পাওয়ার-ফিটনেসে বাংলাদেশ এগিয়ে। নিজেদের মাঠে খেলার একটা সুবিধা তো আছেই। সব মিলিয়ে এই টুর্নামেন্টে ফেবারিট বাংলাদেশ।" এটা কি প্রশংসা নাকি স্রেফ হাওয়া দেওয়ার কৌশল? জবাবের জন্য মঙ্গলবার ম্যাচ শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এসএইচ/২১৫৭ ঘ