২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জয়ের সঙ্গে সঙ্গে নেপাল থেকে ইনজুরি নিয়েও ফিরল বাংলাদেশ

আত্মবিশ্বাস জোগানো এক জয় এবং মন ভেঙ্গে দেওয়া ইনজুরি নিয়ে নেপাল থেকে ফিরেছে বাংলাদেশ দল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2009, 04:08 PM

Updated : 26 Aug 2022, 11:20 AM

ঢাকা, এপ্রিল ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---- আত্মবিশ্বাস জোগানো এক জয় এবং মন ভেঙ্গে দেওয়া ইনজুরি নিয়ে নেপাল থেকে ফিরেছে বাংলাদেশ দল। প্র্যাকটিস ম্যাচে নেপাল পুলিশ দলের বিপক্ষে জয়টা অবশ্যই বড় এক প্রাপ্তি। দলের ম্যানেজার ইমতিয়াজ সুলতান জনি এটাকে ইতিবাচক ব্যাপার হিসেবে দেখছেন, "খেলোয়াড়দের আত্মবিশ্বাস ফেরানোর জন্য জয় দরকার ছিল। তবে ম্যাচের দ্বিতীয়ার্ধে আমরা ভাল খেলতে পারিনি। এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে বলে মনে করছেন কোচ।" এক বছর আগে যাদের কাছে বি. লিগ চ্যাম্পিয়নরা ৪-০ গোলে হেরেছিল তাদের বিপক্ষে ১-০ গোলে জিতেছে বাংলাদেশ দল। দলের সঙ্গী হওয়া জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান বাদল রায় অবশ্য দাবি করেছেন, "নেপাল জাতীয় দলের বেশিরভাগ খেলোয়াড়ই খেলেছে পুলিশ দলে।" এটা আত্মবিশ্বাস জোগালেও মন ভেঙ্গে দেওয়া খবরটা হচ্ছে এই দলের তিনজন খেলোয়াড় ইনজুরিতে পড়েছেন নতুন করে। দেশে ফিরে বাফুফে সহ-সভাপতি বাদল রায় বলেছেন, "নেপালের শক্ত মাঠে খেলতে গিয়ে আমাদের খেলোয়াড়দের সমস্যা হয়েছে। কয়েকজন চোট-আঘাত পেয়েছে।" চোট পাওয়া খেলোয়াড়রা হলেন নেপালে একমাত্র গোলদাতা আরমান আজিজ, সুজন ও ওয়ালী ফয়সাল। আরমান আজিজের লেগেছে মাথায় এবং দুই ডিফেন্ডার মোহাম্মদ সুজন ও ওয়ালী ফয়সালের চোট পায়ে। যদিও বাদল আশা করছেন তারা সুস্থ হয়ে উঠবেন। কিন্তু সেই সময়টা কোথায়? আর ঠিক এক সাপ্তাহ পরেই ঢাকায় শুরু হচ্ছে এএফসি চলেঞ্জ কাপের লড়াই। তার ঠিক আগে নেপালে খেলতে গিয়ে নতুন করে ইনজুরিতে পড়েছেন তিন জন। তার অগে শুরু থেকে ইনজুরি নিয়ে ক্যাম্পে আছেন দুই স্ট্রাইকার এমিলি ও রবিন, ক্যাম্পে এসে ইনজুরিতে পড়েছেন মিডিফিল্ডার জাহিদ হোসেন। এদের মধ্যে এমিলি ও রবিনের চ্যালেঞ্জ কাপে ফেরার সম্ভাবনা নেই বললেই চলে। বাকিদের নিশ্চয়তাও পাওয়া যাচ্ছে না এখনই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২২১০ঘ.