বার্সেলোনা, ৯ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- লিওনেল মেসির নেতৃত্বে বার্সেলোনার আক্রমণাত্মক ফুটবলের দুর্দান্ত প্রদর্শনী দাঁড়াতেই দেয়নি বায়ার্ন মিউনিখকে। মেসি নিজে করেছেন দুই গোল, দলের বাকি দুই গোলের রূপকারও তিনি। আর তাই বুধবার চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে 'বার্সা'র মাঠে বায়ার্ন ৪-০ গোলে বিধ্বস্ত!
ন্যু ক্যাম্পে কিকঅফের পর থেকেই প্রতিপক্ষের ওপরে ঝাঁপিয়ে পড়া স্বাগতিকদের প্রথম গোলের জন্য অপেক্ষা করতে হয়েছে মাত্র ৯ মিনিট। তার মিনিট চারেক আগেই অবশ্য তারা এগিয়ে যেতে পারতো। কিন্তু জাভির বাড়িয়ে দেয়া বল থেকে থিয়েরি অঁরির দুর্বল শট গোললাইন থেকে ফিরিয়ে দিয়েছেন বায়ার্নের এক ডিফেন্ডার। কিন্তু পরের আক্রমণ থেকে নিজেদের রক্ষা করতে পারেনি জার্মান 'জায়ান্ট'রা। স্যামুয়েল এ'তোর পাস থেকে মেসির বাঁ পায়ের গড়ানো শট আশ্রয় নিয়েছে বায়ার্নের জালে (১-০)।
বার্সেলোনার পরের গোলটাও মেসি-এ'তো কম্বিনেশনে। দ্বাদশ মিনিটে মেসির কাছ থেকে বল পেয়ে বায়ার্ন গোলকিপার হ্যান্স জর্জ বাটের দু পায়ের ফাঁক দিয়ে ব্যবধান ২-০ করেছেন এ'তো। তারপরও 'বার্সা'র আক্রমণের ঝাঁঝ কমেনি। যদিও তৃতীয় গোলের জন্য অপেক্ষা করতে হয়েছে ৩৮ মিনিট পর্যন্ত। সে সময় দুর্দান্ত গতিতে 'মার্কার' মাসিমো ওডোকে ছিটকে ফেলে অঁরি ক্রস করেছেন মেসির উদ্দেশে। তা থেকেই আর্জেন্টাইন তারকার দ্বিতীয় এবং ম্যাচের তৃতীয় গোল। যার সুবাদে ৮ গোল নিয়ে তিনিই এখন চ্যাম্পিয়ন্স লিগের সর্বোচ্চ গোলদাতা।
বিরতির মিনিট দুয়েক আগে চতুর্থ গোলের কৃতিত্বেরও ভাগীদার মেসি। তার এবং এ'তোর মাধ্যমে গড়ে ওঠা আক্রমণ থেকে বক্সের বাঁদিকে বল এসে পড়ে অঁরির পায়ে। বাকি কাজটা শেষ করতে একটুও সমস্যা হয়নি ফ্রান্সের তারকা স্ট্রাইকারের (৪-০)।
দ্বিতীয়ার্ধেও বার্সেলোনা কয়েক বার গোলের কাছাকাছি যেতে পেরেছে। কিন্তু ব্যবধান আরো বড় করতে পারেনি। তবে তাতে অসন্তুষ্ট হননি পেপ গার্ডিওলা। বার্সেলোনা কোচ বরং দলের দুর্দান্ত পারফরম্যান্সে দারুণ খুশি। বায়ার্নের প্লেমেকার ফ্র্যাংক রিবেরি ও স্ট্রাইকার লুকা টনিকে 'বোতলবন্দী' করার পাশাপাশি পুরো ম্যাচে নিরঙ্কুশ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য তিনি দলের খেলোয়াড়দের প্রশংসা করে বলেছেন, "আমাদের খেলার প্রতিটা অংশ নিয়েই আমি তৃপ্ত। খেলোয়াড়দের কঠোর পরিশ্রম করতে দেখে আমি দারুণ উচ্ছ্বসিতও। তবে এটা মাত্রই কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ। আমাদের মাটিতেই পা রাখতে হবে এবং ফিরতি লেগেও একটা বা দুটো গোল করতে হবে।"
যদিও রেফারির ওপরে নিজের ক্ষোভ চেপে রাখতে পারেননি বার্সেলোনা কোচ। তার ক্ষোভ দ্বিতীয় গোলের পর একটি বিতর্কিত ঘটনার জন্য। সে সময় বল দখলের জন্য বায়ার্নের বক্সের মধ্যে মেসি ও ক্রিস্টিয়ান লেলের লড়াইয়ের সময় পড়ে যান 'বার্সা'র জয়ের নায়ক। টেলিভিশন রিপ্লেতে দেখা গেছে বায়ার্নের ডিফেন্ডারই ফেলে দিয়েছেন মেসিকে। কিন্তু ডাইভিংয়ের 'অপরাধে' উল্টো আর্জেন্টিনার তারকাকেই হলুদ কার্ড দেখিয়েছেন রেফারি হাওয়ার্ড ওয়েব। অর্থাৎ আর একটা কার্ড দেখলেই এক ম্যাচের সাসপেনশনে পড়বেন মেসি। দলের অন্যতম ভরসার ওপরে এই 'অন্যায় আচরণ' স্বাভাবিকভাবেই মেনে নিতে পারেননি গার্ডিওলা। সঙ্গেই সঙ্গেই প্রতিবাদ করেছেন সিদ্ধান্তটার। তবে সেটা বেশ কর্কশ ছিল বলে রেফারি তাকে মাঠের পাশের বেঞ্চ থেকে সরে যাওয়ারও নির্দেশ দিয়েছেন। ম্যাচশেষে নিজের আচরণের জন্য অনুতপ্ত হলেও রেফারির কড়া সমালোচনা করতেও ছাড়েননি বার্সেলোনার কোচ, "অবশ্যই নিজের প্রতিক্রিয়ার ধরণ নিয়ে আমি খুশি নই। একজন বার্সা কোচের এরকম আচরণ করা উচিৎও নয়। কিন্তু নিঃসন্দেহে পরিষ্কার পেনাল্টি ছিল সেটা। এবং তা দেয়া উচিৎ ছিল।" গার্ডিওলাই জানিয়েছেন মেসির ঐ হলুদ কার্ডের সিদ্ধান্তের বিরুদ্ধে আবেদন করার চিন্তা-ভাবনা করছে বার্সেলোনা।
পুরো ম্যাচে প্রতিপক্ষের জাদুকরী পারফরম্যান্সে সম্মোহিত জার্মান ক্লাবটি 'বার্সা'র গোলমুখে প্রথম শট নিয়েছে ৩৯ মিনিটের সময়। কিন্তু বাস্তিয়ান শোয়েইনস্টাইগারের দূর থেকে নেয়া শটটা সহজেই ফিরিয়ে দিয়েছেন স্বাগতিকদের গোলকিপার ভিক্টর ভালদেস। দ্বিতীয়ার্ধের মাঝামাঝি অবশ্য গোলের কাছাকাছি যেতে পেরেছে তারা। তবে জে রবার্তোর সেই প্রচেষ্টা দারুণভাবে নষ্ট করে দিয়েছেন বার্সেলোনা অধিনায়ক কার্লোস পুয়োল।
তার দল যে এই ম্যাচে দাঁড়াতেই পারেনি তা নির্দ্বিধায় স্বীকার করতে দ্বিধা করেননি ইয়ুর্গেন ক্লিনসম্যানও। শুধু তাই নয়, বায়ার্নের কোচের কথায় এবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের আশা ছেড়ে দেয়ার ইঙ্গিতও ফুটে উঠেছে, "বার্সার দুর্দান্ত পারফরম্যান্সের বিপরীতে আজ (বুধবার) রাতে আমরা নিজেদের সীমাবদ্ধতা পরিষ্কারভাবে দেখিয়ে দিয়েছি সবাইকে। এটা সুস্পষ্ট যে ইউরোপের সেরা চারে জায়গা করে নেয়ার জন্য আমাদের অনেক পরিশ্রম করতে হবে। এই প্রতিযোগিতায় আমাদের দৌড় বোধহয় কোয়ার্টার ফাইনাল পর্যন্তই!"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৩৫৬ঘ.
bdnews24