ঢাকা, এপ্রিল ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)----- ডিগ্রী পরীক্ষার প্রস্তুতির ফাঁকে এসে বিউটি আবারো ২০০ মিটারে শ্রেষ্ঠত্বের ঝাণ্ডা উড়িয়ে গেছেন। আর একই ইভেন্টে ছেলেদের মধ্যে ফাঁকা মাঠে চ্যাম্পিয়ন হয়েছেন মাসুদুল ইসলাম।
শুক্রবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুরু হয়েছে ইউসিবি ৩৪তম জাতীয় অ্যাথলেটিকস। সঙ্গী হয়েছে দৈন্যতার উত্তরাধিকার। যেখানে নতুন কোনো আবিস্কার নেই, পুরনো অ্যাথলেটদের হাতেই উড়ছে দেশের অ্যাথলেটিকসের জীর্ণ ঐতিহ্যের পতাকা। ২০০৫ সালে ২০০ মিটারে সোনা জয়ী নাজমুন নাহার বিউটি টানা পঞ্চমবারের মতো শ্রেষ্ঠত্ব ধরে রেখেছেন ২৪.৭০ সেকেন্ড সময় নিয়ে। অথচ সেরকম প্রস্তুতিও নাকি তার ছিল না, "আমি ডিগ্রী পরীক্ষার প্রস্তুতি নিতে বাড়িতে গিয়েছিলাম। শুনছিলাম জাতীয় দলের ক্যাম্পে যারা প্র্যাকটিস করছে তারা আমাকে হারানোর জন্য তৈরি হচ্ছে। তাই বাড়ি থেকে এসে আবার দেখিয়ে গেলাম।" মানে জেতাটা বিজেএমসির অ্যাথলেটের কাছে ডাল-ভাতের মতো হয়ে গেছে। কারণ নতুন সম্ভাবনা নিয়ে কেউ হাজির হচ্ছে না অ্যাথলেটিকস ট্র্যাকে।
সেজন্যই সার্জেন্ট মাসুদুল করিম ৩১ বছর বয়সেও দুর্বার। ২১.৪০ সেকেন্ডে ২০০ মিটারে সোনা জিতেছেন সেনাবাহিনীর এই অ্যাথলেট। ছিলেন না গতবারের চ্যাম্পিয়ন শামসুদ্দিন ও দ্রুততম মানব আবু আব্দুল্লাহ। দুই অ্যাথলেট গত মার্চে গ্রিসে একটি মিটে অংশ নিয়ে পালিয়ে যাওয়ায় এই ইভেন্টে সেরকম প্রতিদ্বন্ধিতাও হয়নি। একরকম শেয়াল বনের রাজাই হয়ে গেছেন মাসুদুল করিম। এটা অবশ্য তিনিও মানেন, "১০ বছর ধরে দৌড়াচ্ছি, এ নিয়ে জাতীয় অ্যাথলেটিকসে আমি ৪৮টা সোনা জিতেছি। আর ২০০২ সাল থেকে আমি ২০০ মিটারে সোনা জিতে আসছি, মাঝে ২০০৫ ও ২০০৮ সালে পারিনি। যদি অ্যাথলেটিকসে হাড্ডাহাড্ডি লড়াই থাকতো তাহলে হয়তো আমি দু-তিনবারের বেশি পারতাম না। আসলে নতুন প্রতিভাও নেই আর কেউ আগ্রহ নিয়ে অ্যাথলেটিকসেও আসে না।"
অবস্থা পাল্টানোর জন্য অ্যাথলেটিকস ফেডারেশনের সেরকম কোনো উদ্যোগ নেই। ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার এই আয়োজনের উদ্বোধন করতে এসেও কোনো দিক নির্দেশনা দেননি। প্রথম দিনে সেনাবাহিনী ৫টি সোনা, ৬টি রূপা ও ৪টি ব্রোঞ্জ জিতে শীর্ষে আছে পদক তালিকায়। হয়েছে নতুন তিনটি জাতীয় রেকর্ডও।
উদ্বোধনী দিনের আরেকটি বড় ঘটনা হচ্ছে এসএ গেমসে রূপাজয়ী হার্ডলার সুমিতা রানীর আধিপত্য খর্ব করেছেন জেসমিন আকতার। ১০০ মিটার হার্ডলসে ১৪.১০ সেকেন্ডে নতুন রেকর্ড গড়ে সোনা জিতে কেবলই কাঁদছেন আনসার ভিডিপির এই অ্যাথলেট! পরে জানা গেল এ হলো আনন্দাশ্র"। রহিমা খাতুনের '৯৫ সালের রেকর্ড (১৪.২৮সে.) ভাঙ্গার পর জেসমিনের আত্মবিশ্বাস তুঙ্গে, "আমি এসএ গেমসের জন্য তৈরি হচ্ছি। বাকি আট মাস ভাল মতো ট্রেনিং করতে পারলে অবশ্যই গেমসে ভাল কিছু করতে পারবো।" এছাড়া ১৫০০ মিটার দৌড়ে রওশন আরা পুতুল ৪:৫০.৩০ সেকেন্ডে নতুন রেকর্ড গড়ে সোনা জিতেছেন, পুরনো রেকর্ড ৪:৫১.৭৩ সেকেন্ডের। লং জাম্পে নৌবাহিনীর আল আমিন ৭.৬১ মিটার লাফিয়ে সোনা জিতেছেন, ভেঙ্গেছেন ৭.৫৯ মিটারের রেকর্ড।
শুক্রবার শুরু হওয়া প্রতিযোগিতায় বিভিন্ন জেলা, বিভাগ, শিক্ষাবোর্ড ও সার্ভিসেস মিলিয়ে ৭৯টি দলের ৬৮৩ জন অ্যাথলেট অংশ নিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২১৩৫ঘ.
bdnews24