২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রিয়ালের টানা দশম জয়, লিভারপুলের হার

দিন তিনেক আগে মাদ্রিদের সান্টিয়াগো বার্নাব্যু স্টেডিয়ামে রিয়াল মাদ্রিদকে হারিয়েছিল ইংল্যান্ডের ক্লাব লিভারপুল। চ্যাম্পিয়নস লিগের সেই ম্যাচের রেশ কাটতে না কাটতেই দুদলকে এবার দেখা গেল ঠিক উল্টো চেহারায়। শনিবার স্প্যানিশ প্রিমেরা লিগায় এসপানিওলকে ২-০ গোলে হারিয়ে টানা দশম জয় পেয়েছে রিয়াল, আর ইংলিশ লিগে লিভারপুল একই ব্যবধানে হেরে গেছে মিডলসবরোর কাছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2009, 10:28 AM

Updated : 26 Aug 2022, 11:07 AM

মাদ্রিদ, মার্চ ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- দিন তিনেক আগে মাদ্রিদের সান্টিয়াগো বার্নাব্যু স্টেডিয়ামে রিয়াল মাদ্রিদকে হারিয়েছিল ইংল্যান্ডের ক্লাব লিভারপুল। চ্যাম্পিয়নস লিগের সেই ম্যাচের রেশ কাটতে না কাটতেই দুদলকে এবার দেখা গেল ঠিক উল্টো চেহারায়। শনিবার স্প্যানিশ প্রিমেরা লিগায় এসপানিওলকে ২-০ গোলে হারিয়ে টানা দশম জয় পেয়েছে রিয়াল, আর ইংলিশ লিগে লিভারপুল একই ব্যবধানে হেরে গেছে মিডলসবরোর কাছে। গত সপ্তাহে লিগের শীর্ষে থাকা বার্সেলোনাকে ২-১ গোলে হারিয়ে দেওয়া এসপানিওল নিজেদের মাঠে পেয়ে চেপে ধরেছিল রিয়ালকেও। পয়েন্ট হারানোর শঙ্কা যখন পেয়ে বসেছে, সেই রকম সময়ে মাঠে নেমে বদলি খেলোয়াড় গুটি ৭০ মিনিটে দুর্দান্ত এক ফ্রি কিক থেকে এগিয়ে নিয়েছেন রিয়ালকে। আর দু মিনিট পর রিয়ালের জয় নিশ্চিত করা দ্বিতীয় গোলটি করেছেন রাউল। এই জয়ের ফলে ২৫ ম্যাচে রিয়ালের পয়েন্ট দাঁড়ালো ৫৬। বার্সেলোনার সঙ্গে তাদের ব্যবধান আপাতত ৪, তবে রোববার রাতের ম্যাচে ক্যাটালানরা অ্যাটলেটিকো মাদ্রিদকে হারালে সেটা আবার হয়ে যাবে ৭। শনিবারের অন্য এক ম্যাচে ফ্রেডেরিক ক্যানুটের দেওয়া দুগোলের সুবাদে অ্যাথলেটিক বিলবাওকে ২-১ গোলে হারিয়েছে সেভিয়া, ৪৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে তারা। অন্যদিকে শনিবারের হারে ইংলিশ লিগের পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানটাও হারিয়েছে লিভারপুল। ৩২ মিনিটে জাভি আলন্সোর আত্মঘাতি গোলে পিছিয়ে পড়ার অলরেডদের হার নিশ্চিত হয়েছে ৬৪ মিনিটে জেরেমি অ্যালিডিয়েরের গোলে। এদিনের অন্য এক ম্যাচে ইনজুরি সময়ে ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের হেড থেকে করা গোল উইগান অ্যাথলেটিকের বিপক্ষে চেলসিকে এনে দিয়েছে ২-১ গোলের জয়। প্রথমার্ধে ব্লুজদের পক্ষে অন্য গোলটি করেছেন জন টেরি। তবে ৮২ মিনিটে অলিভিয়ের কাপু সেই গোল শোধ করে দিলে চেলসিও পয়েন্ট হারাবে বলেই মনে হচ্ছিল। শনিবারের ম্যাচের পর চেলসি-লিভারপুল দুদলেরই পয়েন্ট ৫৫, তবে গোল ব্যবধানে এগিয়ে থাকায় দ্বিতীয় স্থানে আছে চেলসি। এক ম্যাচ কম খেলেই ৭ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে আছে ম্যানচেস্টার ইউনাইটেড । দিনের অন্য এক ম্যাচে ফুলহ্যামের সঙ্গে গোলশূন্য ড্র করেছে আর্সেনাল। এই টানা চার ম্যাচে গোলশূন্য ড্র করলো গানাররা। এদিকে ইতালিয়ান সিরি-আ'তে শনিবার সৌভাগ্যের জয় পেয়েছে জুভেন্টাস। ক্লদিও মার্চিসিওর দেওয়া একমাত্র গোলে ন্যাপোলিকে হারিয়েছে তারা। বিরতির বাঁশি বাজার ঠিক আগ মুহূর্তে এই মিডফিল্ডারের আচমকা শট ন্যাপোলির ডিফেন্ডার ম্যানুয়েল ব্ল্যাসির গায়ে লেগে ঢুকে গেছে জালে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/১৬০৮ ঘ.