২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথম টোয়েন্টি টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকার নাটকীয় জয়

শেষ ৫ ওভারে দরকার ৬২ রান, হাতে ৫ উইকেট। অসম্ভব না হলেও কঠিন লক্ষ্য। কিন্তু সেই কঠিন লক্ষ্য সহজ করে তুললেন মার্ক বাউচার ও অ্যালবি মরকেল। দুজনের ঝড়ো ব্যাটিং অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টোয়েন্টি টোয়েন্টি ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে এনে দিল ৪ উইকেটের নাটকীয় জয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2009, 02:27 PM

Updated : 26 Aug 2022, 11:14 AM

জোহানেসবার্গ, ২৮ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- শেষ ৫ ওভারে দরকার ৬২ রান, হাতে ৫ উইকেট। অসম্ভব না হলেও কঠিন লক্ষ্য। কিন্তু সেই কঠিন লক্ষ্য সহজ করে তুললেন মার্ক বাউচার ও অ্যালবি মরকেল। দুজনের ঝড়ো ব্যাটিং অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টোয়েন্টি টোয়েন্টি ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে এনে দিল ৪ উইকেটের নাটকীয় জয়। শুক্রবার জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নামা অস্ট্রেলিয়ার ৭ উইকেটে ১৬৬ রানে সবচেয়ে বড় অবদান ডেভিড হাসির। ওপেনার ডেভিড ওয়ার্নার ২৯ বলে ৩৮ রান করলেও ১০ ওভারশেষে ৭১ রানে ৫ উইকেট হারিয়ে ফেলেছিল রিকি পন্টিংয়ের দল। সেখান থেকে তারা লড়াই করার মতো জায়গায় পৌঁছেছে হাসিদের ছোট ভাইয়ের ৪৪ বলে ৬ ছক্কা ও ৫ বাউন্ডারি সমৃদ্ধ অপরাজিত ৮৮ রানের সুবাদে। প্রোটিয়াদের পক্ষে ৩০ রানে ৩ উইকেট নেয়া বাঁহাতি স্পিনার রবিন পিটারসন সফলতম বোলার। মাত্র তৃতীয় আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামা বাঁহাতি পেসার ওয়েইন পারনেল ২৯ রানে নিয়েছেন ২ উইকেট। ব্যাটিংয়ের মতো বল হাতেও সফল ডেভিড হাসি। অফস্পিনে মাত্র ২১ রানের বিনিময়ে ২ উইকেট তুলে নিয়ে প্রোটিয়াদের বিপদেই ফেলে দিয়েছিলেন তিনি। কিন্তু ৮৩ রানে ৫ উইকেট হারিয়ে পরাজয়ের শঙ্কায় পড়ে যাওয়া স্বাগতিকরা জয় পেয়েছে বাউচার আর মরকেলের দুর্দান্ত ব্যাটিংয়ে। ষষ্ঠ উইকেটে দুজনে মাত্র ৫ ওভারে ৫৮ রানের জুটি গড়ে দক্ষিণ আফ্রিকাকে জয়ের পথে এগিয়ে নিয়েছেন। মরকেল ১৯ বলে ৪ বাউন্ডারি ও ২ ছক্কায় ৩৭ রান করে ফিরে এলেও অস্ট্রেলীয়দের পক্ষে বাউচারকে আউট করা সম্ভব হয়নি। ব্রেট জিভসের করা শেষ ওভারের প্রথম দুই বলে বাউন্ডারি মেরে দলকে লক্ষ্যে পৌঁছে দেয়ার সময় বাউচার অপরাজিত ছিলেন ৩৬ রানে। ২২ বলের ইনিংসটায় বাউন্ডারির সংখ্যা ৫টি। অস্ট্রেলিয়া হেরে গেলেও ব্যাটিং-বোলিং দু জায়গাতেই ঔজ্জ্বল্য ছড়িয়ে ম্যাচ-সেরা নির্বাচিত হয়েছেন ডেভিড হাসি। দ্বিতীয় ও শেষ টোয়েন্টি টোয়েন্টি অনুষ্ঠিত হবে রোববার, সেঞ্চুরিয়নে। সংক্ষিপ্ত স্কোর : অস্ট্রেলিয়া : ২০ ওভারে ১৬৬/৭ (ওয়ার্নার ৩৮, ক্লার্ক ২, পন্টিং ১, ডেভিড হাসি ৮৮*, মাইক হাসি ০, হ্যাডিন ০, হোয়াইট ১৬, জনসন ১০, হোপস ৫*, অতিরিক্ত ৬; স্টেইন ০/৪৪, পারনেল ২/২৯, মরকেল ১/৩৬, বোথা ০/২৫, পিটারসন ৩/৩০) দক্ষিণ আফ্রিকা : ১৯.২ ওভারে ১৬৮/৬ (আমলা ২৬, গিবস ১৯, ডি ভিলিয়ার্স ৭, ডুমিনি ২১, ভন জার্সভেল্ড ৩, বাউচার ৩৬*, মরকেল ৩৭, বোথা ৭*, অতিরিক্ত ১২; জনসন ১/২০, হারউড ০/৪৮, জিভস ২/৩৫, ডেভিড হাসি ২/২১, হোপস ১/৪১) ফল : দক্ষিণ আফ্রিকা ৪ উইকেটে জয়ী ম্যান অব দ্য ম্যাচ : ডেভিড হাসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/২০১৬ঘ.