আবিদজান, মার্চ ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ম্যাচ শুরুর আগে দর্শকের চাপে ভেঙে পড়েছে স্টেডিয়ামের দেয়াল, সঙ্গে পদদলিত হয়ে নিহত হয়েছেন অন্তত ১৯ জন। দুঃস্বপ্নের মতো এই ঘটনার পর আইভরিকোস্টের সমর্থকদের খানিকটা হলেও সান্ত্বনা এনে দিয়েছে দিদিয়ের দ্রগবার দল। রোববার ওই দুর্ঘটনা উপেক্ষা করে অনুষ্ঠিত বিশ্বকাপ বাছাই পর্বের এই ম্যাচে মালাউয়িকে ৫-০ গোলে হারিয়েছে তারা।
দিদিয়ের দ্রগবা, কোলো টুরেদের মতো তারকারা খেলতে নামবেন দেশের মাঠে, সেই আকর্ষণে আবিদজানের ফেলিক্স হুফোয়েট-বইনি স্টেডিয়ামে হাজির হয়েছিলেন হাজার হাজার ভক্ত। ধারণক্ষমতার চেয়েও বেশি দর্শক হওয়ায় ভিড়ের চাপে স্টেডিয়ামের একটি দেয়াল ধ্বসে পড়ে। এই ঘটনার পর পুলিশ কাঁদানে গ্যাস ছুঁড়ে দর্শকদের ওই এলাকা থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে হুড়ো-হুড়িতে পদদলিত হয়ে অন্তত ১৯ জন নিহত ও আরো অন্তত ১৩২ জন আহত হন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। তবে এপি-র খবরে মৃতের সংখ্যা ২২ জন বলে জানানো হয়েছে।
তবে এই ঘটনা উপেক্ষা করেই অনুষ্ঠিত হয় ম্যাচটি, এবং তাতে দুটি গোল করে দ্রগবা আন্তর্জাতিক ফুটবলে তার ফেরার দিনে বড় জয় এনে দেন দলকে। আইভরিয়ানদের গোলবন্যার শুরুটা অবশ্য করেছেন ক্রিশ্চিয়ান কোফি, প্রথম মিনিটেই গোল করে স্বাগতিকদের এগিয়ে নিয়েছেন তিনি। এরপর ৭ম মিনিটে পেনাল্টি থেকে নিজের প্রথম গোলটি করেন দ্রগবা, আর ২৭ মিনিটে আরো একটি গোল করে প্রথমার্ধেই দলকে ৩-০ গোলে এগিয়ে নেন ইংলিশ প্রিমিয়ার লিগের দল চেলসির এই স্ট্রাইকার। চেলসিতে দ্রগবার সতীর্থ সলোমন কালু দ্বিতীয়ার্ধে মাঝামাঝি সময়ে চতুর্থ গোলটি করেন, আর দলের পক্ষে শেষ গোলটি করেন ফরাসি লিগে মার্শেইয়ের হয়ে খেলা মিডফিল্ডার বেকারি কোনে।
আফ্রিকান অঞ্চলের 'ই' গ্র"পে আইভরিকোস্টের এটাই ছিল প্রথম ম্যাচ। এই গ্র"পের অন্য একটি ম্যাচে বুরকিনা ফাসো ৪-২ গোলে হারিয়েছে গিনিকে।
রোববার উদ্বোধনী দিনের অন্যান্য ম্যাচে আফ্রিকার বড় দলগুলোর মধ্যে ঘানা জয় পেলেও ড্র করেছে আফ্রিকান চ্যাম্পিয়ন মিশর আর নাইজেরিয়া।
'ডি' গ্র"পের ম্যাচে প্রিন্স ট্যাগোর দেওয়া একমাত্র গোলে ঘানার ব্ল্যাক স্টাররা হারিয়েছে বেনিনকে।
কায়রোতে 'সি' গ্র"পের ম্যাচে মিশরকে রুখে দিয়েছে জাম্বিয়া। ম্যাচটি শেষ হয়েছে ১-১ গোলের অমীমাংসায়। আর মোজাম্বিকের মাঠে 'বি' গ্র"পের ম্যাচে গোলের দেখাই পায়নি নাইজেরিয়ার 'সুপার ঈগল'রা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/১৫১৫ ঘ.
bdnews24