২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অঁরির গোলে হার এড়ালো বার্সেলোনা, ড্র করেছে ম্যান ইউও

ইউরোপিয়ান চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বের প্রথম রাউন্ড প্রথম লেগের খেলায় জিততে পারেনি বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার ইউনাইটেড ও ফেভারিট বার্সেলোনা। মঙ্গলবার প্রতিপক্ষের মাঠে ড্র করেছে এই দুদলই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2009, 04:00 AM

Updated : 26 Aug 2022, 11:06 AM

ফেব্র"য়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইউরোপিয়ান চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বের প্রথম রাউন্ড প্রথম লেগের খেলায় জিততে পারেনি বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার ইউনাইটেড ও ফেভারিট বার্সেলোনা। মঙ্গলবার প্রতিপক্ষের মাঠে ড্র করেছে এই দুদলই। মিলানের স্যানসিরো স্টেডিয়ামে ইন্টার মিলানের সঙ্গে রেড ডেভিলদের ম্যাচটি শেষ হয়েছে গোলশূন্যভাবে, আর ফ্রান্সের ক্লাব লিওঁর কাছে প্রথমে গোল খাওয়া বার্সেলোনা হার এড়িয়েছে ফ্রান্সেরই স্ট্রাইকার থিয়েরি অঁরির গোলে। ম্যাচটি ড্র হয়েছে ১-১ গোলে। এদিনের অন্য একটি ম্যাচে স্পেনের অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে সাবেক চ্যাম্পিয়ন পর্তুগালের এফসি পোর্তো। জয় পেয়েছে কেবল ইংল্যান্ডের ক্লাব আর্সেনাল। নিজেদের মাঠে তারা পেনাল্টি থেকে ডাচ স্ট্রাইকার রবিন ফন পার্সির দেওয়া একমাত্র গোলে হারিয়েছে ইতালির এএস রোমাকে। ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ইন্টারের ম্যাচে আসলে জয় হয়েছে ইন্টার কোচ হোসে মরিনিয়োর রক্ষণাত্মক কৌশলেরই। তারকা স্ট্রাইকার ওয়েইন রুনিকে বেঞ্চে বসিয়ে, দিমিতার বার্বাতোভকে একমাত্র স্ট্রাইকার হিসেবে নামালেও এই ম্যাচের শুরু থেকেই মাঠে ছিল রেড ডেভিলদের আধিপত্য। প্রথমার্ধেই এগিয়ে যাওয়ার একাধিক সুযোগ পেয়েছিল তারা। পর্তুগিজ উইঙ্গার ক্রিস্টিয়ানো রোনালদোর তিন তিনটি ফ্রি কিক মিলান সমর্থকদের বুকে কাঁপন ধরিয়েছে। একটি তো রক্ষণপ্রাচীরকে ফাঁকিও দিয়েছিল কিন্তু গোলরক্ষক হুলিও সিজারের কৃতিত্বে সে যাত্রা রক্ষা পেয়েছে স্বাগতিকরা। হুলিও সিজারই রোনালদোকে গোলবঞ্চিত করেছেন আরেকবার, রায়ান গিগসের কর্নার থেকে তার হেড ফিরিয়ে দিয়ে। গোলের সুযোগ নষ্ট করেছেন বার্বাতোভ আর গিগসও। মাত্রই দুদিন আগে ২২ ম্যাচ পর স্প্যানিশ লিগে প্রথম হারের স্বাদ পাওয়া বার্সেলোনাকে লিওঁর গারল্যান্ড স্টেডিয়ামেও মনে হয়েছে অগোছালো। ম্যাচের সপ্তম মিনিটেই ফ্রি কিক থেকে বার্সা গোলরক্ষক ভিক্টর ভ্যালদেসকে বোকা বানিয়েছেন লিওঁর ফ্রি কিক স্পেশালিস্ট জুনিনিয়ো। তারপর প্রথমার্ধে এই গোল শোধ করার কোনো সম্ভাবনাই জাগাতে পারেনি পেপ গার্ডিওলার দল। দ্বিতীয়ার্ধে অবশ্য ঘুরে দাঁড়িয়েছে তারা, আর ৬৭ মিনিটে অঁরির নিচু হেড থেকে পাওয়া গোলটা শেষ পর্যন্ত সুবিধেজনক অবস্থান এনে দিয়েছে তাদেরকেই। ড্র করলেও একটা মহামূল্যবান অ্যাওয়ে গোল রইলো তাদের হাতে। পোর্তোকে সেই সুবিধে এনে দিয়েছেন লিসান্ড্রো লোপেজ। অ্যাটলেটিকোর আর্জেন্টাইন ফরোয়ার্ড ম্যাক্সি রড্রিগেজ আর উরুগুয়ের দিয়েগো ফোরল্যানের দুটি গোলে দুবার পিছিয়ে পড়েছিল ২০০৪ সালের চ্যাম্পিয়নস লিগজয়ীরা। দুবারই তাদের সমতায় ফিরিয়েছেন লোপেজ। আর্সেনালকে অবশ্য গোলের হিসাব করতে হচ্ছে না। ইংলিশ লিগে খুব একটা ভালো ফর্মে না থাকলেও আর্সেন ওয়েঙ্গারের দল এদিন জিতেছে যোগ্য দল হিসেবেই। ৩৭ মিনিটে পেনাল্টি থেকে ফন পার্সির গোলটা ব্যবধান গড়ে দিয়েছে, কিন্তু আরো বেশি গোলেই জিততে পারতো তারা। ফন পার্সিকেই অবৈধভাবে বাধা দিয়ে গানারদের পেনাল্টিটা উপহার দিয়েছিলেন রোমার ডিফেন্ডার ফিলিপ্পে মেক্সেস। এক নজরে ইউরোপিয়ান চ্যাম্পিয়নস লিগ প্রি-কোয়ার্টার ফাইনাল প্রথম লেগের ম্যাচগুলোর ফল : এমিরেটস স্টেডিয়াম, লন্ডন আর্সেনাল ১ : রোমা ০ স্কোরার : রবিন ফন পার্সি, ৩৭ মি. (পেনাল্টি) ভিসেন্তে ক্যালডেরন স্টেডিয়াম, মাদ্রিদ অ্যাটলেটিকো মাদ্রিদ ২ : এফ.সি. পোর্তো ২ স্কোরার : অ্যাটলেটিকো : ম্যাক্সি রড্রিগেজ ৩ মি. ও দিয়েগো ফোরল্যান ৪৫ ২ মি.; পোর্তো : লিসান্ড্রো লোপেজ ২২, ৭২ মি. স্যান সিরো স্টেডিয়াম, মিলান ম্যানচেস্টার ইউনাইটেড ০ : ইন্টার মিলান ০ গারল্যান্ড স্টেডিয়াম, লিওঁ অলিম্পিক লিওঁ ১ : বার্সেলোনা ১ স্কোরার : লিওঁ: জুনিনিয়ো ৭ মি. বার্সেলোনা : থিয়েরি অঁরি ৬৭ মি. বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/০৮৪৭ মি.