২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফাইনালের আশা জাগালো বিকেএসপি

বিজয় দিবস হকিতে বুধবার বাংলাদেশ পুলিশকে ৩-০ গোলে হারিয়ে ফাইনালের সম্ভাবনা বাঁচিয়ে রেখেছে বিকেএসপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2009, 03:23 PM

Updated : 26 Aug 2022, 12:31 PM

ঢাকা, ডিসেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিজয় দিবস হকিতে বুধবার বাংলাদেশ পুলিশকে ৩-০ গোলে হারিয়ে ফাইনালের সম্ভাবনা বাঁচিয়ে রেখেছে বিকেএসপি। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে ছিল বিকেএসপি। প্রথম গোল করেন রুবেল। জাতীয় দলের তারকা খেলোয়াড়দের নিয়েও প্রতিরোধ গড়তে না পারায় দ্বিতীয়ার্ধে আরো দুটি গোল হজম করতে হয় পুলিশকে। ৫২ মিনিটে মনসুর এবং ৬৫ মিনিটে মাইনুল ইসলাম গোল করলে টুর্নামেন্টে থেকে পুলিশের বিদায় নিশ্চিত হয়। চার ম্যাচের দুটিতে হেরে ৬ পয়েন্ট পেয়েছে পুলিশ। সমান ম্যাচে দুই জয় ও একটিতে ড্র করে ৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে বিকেএসপি। টানা তিন জয়ের ৯ পয়েন্ট নিয়ে এক ম্যাচ আগেই ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ হকি ফেডারেশন (বিএইচএফ) একাদশ। তিন ম্যাচে সেনাবাহিনীর পয়েন্ট ৪। বর্তমান চ্যাম্পিয়নদের ফাইনাল খেলতে হলে বৃহস্পতিবার লিগের শেষ ম্যাচে বিএইচএফ একাদশকে হারাতেই হবে। সেদিন সেনাবাহিনী হেরে গেলে ফাইনালে বিএইচএফ একাদশের মুখোমুখি হবে বিকেএসপি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এসি/২০২২ ঘ.