২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ম্যান ইউ ও টটেনহামের হার, ড্র করেছে ম্যান সিটি ও চেলসি

ইংলিশ প্রিমিয়ার লিগে প্রায়ই অঘটন হয়, ছোট দলগুলোর কাছে পরাজয় স্বীকার করতে হয় বড় দলগুলোকে। তাই বলে একই সাথে সব বড় দল অঘটনের স্বীকার হবে ! এমনটিই হয়েছে শনিবার রাতে। হেরেছে ম্যানচেস্টার ইউনাইটেড ও টটেনহামের মতো বড় দল। কোনমতে ড্র করেছে চেলসি ও ম্যানচেস্টার সিটি। চেলসির প্রতিপক্ষ ছিল এভারটন, অন্য দিকে ম্যান সিটির বিপক্ষে নেমেছিল বোল্টন ওয়ান্ডার্স। দুটি ম্যাচের ফলাফল একই, ৩-৩।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2009, 06:44 AM

Updated : 26 Aug 2022, 12:29 PM

লন্ডন, ডিসেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইংলিশ প্রিমিয়ার লিগে প্রায়ই অঘটন হয়, ছোট দলগুলোর কাছে পরাজয় স্বীকার করতে হয় বড় দলগুলোকে। তাই বলে একই সাথে সব বড় দল অঘটনের স্বীকার হবে ! এমনটিই হয়েছে শনিবার রাতে। হেরেছে ম্যানচেস্টার ইউনাইটেড ও টটেনহামের মতো বড় দল। কোনমতে ড্র করেছে চেলসি ও ম্যানচেস্টার সিটি। চেলসির প্রতিপক্ষ ছিল এভারটন, অন্য দিকে ম্যান সিটির বিপক্ষে নেমেছিল বোল্টন ওয়ান্ডার্স। দুটি ম্যাচের ফলাফল একই, ৩-৩। ম্যানচেস্টার ইউনাইটেড গত ২৬ বছরের মধ্যে প্রথমবারের মতো নিজেদের মাঠে অ্যাস্টন ভিলার কাছে পরাজয় স্বীকার করেছে। আক্রমন পাল্টা আক্রমনে ভরপুর ম্যাচে ম্যানচেস্টার আসলে হেরেছে গ্যাব্রিয়াল অ্যাগবোনলাহোরের কাছে। এই অ্যাস্টন ভিলা স্ট্রাইকার গত তিন মৌসুম ধরেই ম্যান ইউয়ের বিপক্ষে গোল করে যাচ্ছেন। সেই ধারাবাহিকতা বজায় থাকলো শনিবার রাতেও। ২১ মিনিটে দেয়া তার গোলটাই ম্যান ইউয়ের বিপক্ষে জয় এনে দিলো অ্যাস্টন ভিলাকে। আর এই জয় ভিলিয়ানদের পৌছে দিলো পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে। অথচ তালিকার তৃতীয় স্থানে থাকার কথা ছিলো টটেনহাম হটস্পারের। উলভারহ্যাম্পটনের বিপক্ষে জয় তাদের এনে দিতো সেই জায়গা। খেলার ৩ মিনিটে কেভিন ডয়েলে দেয়া গোলে তারা পিছিয়ে পড়লো, বাকী ৮৭ মিনিটেও আর সে গোল শোধ করা হলোনা। অন্যদিকে ম্যানচেস্টার সিটি যেন পণ করেছে এই মৌসুমে তারা জিতবে না, হারবেও না। মৌসুমের ১৫ টি ম্যাচ শেষে তাদের ঝুলিতে ৮ টি ড্র ! বোল্টনের বিপক্ষে তিন বার পিছিয়ে পড়ে শেষ পর্যন্ত ৩-৩ গোলে ড্র করেছে তারা। সিটির পক্ষে তেভেজ দুটি ও মিকাহ রিচার্ডস একটি গোল করেন। তবে সিটির কিছুটা হলেও প্রশংসা প্রাপ্য। ক্রেইগ বেলামি লাল কার্ড পাওয়ায় ম্যাচের অনেকটা সময় ১০ জন নিয়ে খেলতে হয়েছে তাদের। অন্যদিকে স্ট্যামফোর্ড ব্রিজে ১২ মিনিটে পিটার চেকের আত্মঘাতী গোলে এভারটনের বিপক্ষে পিছিয়ে পড়েছিল চেলসি। ১৮ মিনিটে সেই গোল শোধ করে দেন দিদিয়ার দ্রগবা। ৫ মিনিট পরে আবার চেলসির আক্রমন এবং নিকোলাস অ্যানেলকার দুর্দান্ত ফিনিশিংয়ে এগিয়ে যায় ব্লুজরা। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে ইয়াকুবুর গোলে আবারও ম্যাচে ফিরে আসে এভারটন। দ্বিতীয়ার্ধের ১৪ মিনিটে আবারও দ্রগবার গোলে এগিয়ে যায় চেলসি। কিন্তু লিড পাঁচ মিনিটের বেশি লিড ধরে রাখতে পারে নি তারা। লুইস সাহার গোলে ৩-৩ সমতা নিয়ে আসে এভারটন। শেষ পর্যন্ত ম্যাচের ফলাফল তাই থাকে। ম্যাচ শুরুর আগে এভারটন কোচ ডেভিড মোয়েস বলেছিলেন সাহার ভবিষ্যত নিয়ে চিন্তিত তিনি। এই ফরাসী স্ট্রাইকার খেলায় তার ১০০ ভাগ দিচ্ছেন না বলে অভিযোগ করেছিলেন কোচ। গোল দিয়ে হয়তো সেই কথারই জবাব দিলেন সাহা! বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/ ১২৩৭ ঘ.