ঢাকা, ডিসেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারত-মালদ্বীপের খেলোয়াড়দের সামনে বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশিপ শিরোপার হাতছানি। মালদ্বীপ শিরোপা ধরে রাখতে মরিয়া আর ভারত পুনরুদ্ধারে।
মালদ্বীপের কোচ আরবানিয়া ইস্তভান বেলা রোববারের ফাইনালে আগের ম্যাচগুলোর পারফর্ম্যান্সের বিচারে নিজের দলকেই এগিয়ে রাখছেন,"চার ম্যাচে আমার দল ১১ গোল করেছে, সেখানে ভারত করেছে ৩ গোল। আমার বিশ্বাস ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে ছেলেরা ফাইনালেও ঠিকই গোল আদায় করে নেবে।"
কাজটি যে মোটেই সহজ হবে না তা ভালোই জানা আছে বেলার। তারপরও খেলোয়াড়দের ব্যক্তিগত নৈপুন্য এবং দলীয় সমঝোতার কারণেই হয়তো এতটা আত্মবিশ্বাসী এই হাঙ্গেরিয়ান। তার মতে, দু দলের ব্যবধান গড়ে দিতে পারে এমন বেশ কয়েকজন খেলোয়াড় আছে মালদ্বীপের। অধিনায়ক আশফাক আলী, আহমেদ তরিক, মোহাম্মদ আরিফের ওপরই তার বেশি ভরসা। সঙ্গে নির্ভরযোগ্য আরেক ফরোয়ার্ড ফাজেল ইব্রাহিম জ্বলে উঠলে তো আর কথাই নেই। কিন্তু সেমিফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে দুই গোল করা ইব্রাহিম পেনাল্টি নেয়ার সময় পায়ে চোট পান। তাই ফাইনালে তাকে পাওয়ার ব্যাপারে আশাবাদী হতে পারছেন না কোচ, ঝুঁকিও নিতে চাচ্ছেন না,"ইব্রাহিমের ক্যারিয়ারের সামান্য ক্ষতিও হতে পারে এমন সিদ্ধান্ত আমি নেব না। তার অভাব পূরণ করতে পারে এমন খেলোয়াড় আমার আছে। ভারতের রক্ষণভাগ তছনছ করতে কোনো অসুবিধাই হবে না খেলোয়াড়দের।"
মালদ্বীপের জন্য ভারতও প্রস্তুত। টুর্নামেন্টে মাত্র তিন গোল করলেও স্বাগতিক বাংলাদেশকে হারিয়ে ফাইনালে ওঠা ভারত মালদ্বীপের চেয়ে নিজেদের কোনো অংশেই কম মনে করছে না। কোচ সুখবিন্দর সিং বললেন,"গ্র"প ম্যাচে মালদ্বীপের কাছে হেরেছি। সেটা ছিল সম্পূর্ণ ভিন্ন পরিস্থিতি। ফাইনালের উত্তাপই আলাদা। আমরা সেভাবেই খেলবো।" আগেই সেমিফাইনাল নিশ্চিত হয়ে যাওয়ায় গ্র"প ম্যাচে মালদ্বীপের বিপক্ষে ৬ জন নিয়মিত খেলোয়াড়কে বিশ্রাম দিয়েছিল ভারত। সেদিকে ইঙ্গিত করেই সেই পরাজয়কে ছোট করে দেখাতে চাইলেন সুখবিন্দর।
কিন্তু তাতেই কি সব দুশ্চিন্তা দূর হবে? ফাইনালের আগে চোট সমস্যা নিয়ে ভাবতে হচ্ছে সুখবিন্দরকে। নির্ভারযোগ্য দুই খেলোয়াড় জাগপ্রিত সিং ও মানিশ এ কারণে ফাইনালে খেলতে হচ্ছে না। কোচ অবশ্য তারপরও আশাবাদী হওয়ার দিকেই আলো ফেললেন,"প্রতি ম্যাচেই উন্নতি করছে ছেলেরা। আগের চার ম্যাচের অভিজ্ঞতা থেকে আমি হলফ করে বলতে পারি, যারা মাঠে থাকবে তাদের প্রত্যেকেই ভালো খেলার চেষ্টা করবে।"
লম্বা পাসে গোলের সুযোগ তৈরি করতে বেশ দক্ষ ভারতের তরুণ খেলোয়াড়রা। এছাড়া সেটপিসেও তাদের জুড়ি নেই। তাই সংবাদ সম্মেলনের বেশির ভাগ সময় মালদ্বীপ কোচও ফাইনালকে আলাদা করে দেখানোর চেষ্টা করেছেন।
এমনিতে পরিসংখ্যানে মালদ্বীপের চেয়ে ভারত বরাবরই এগিয়ে। দু দলের মধ্যে এ পর্যন্ত ম্যাচ হয়েছে ১০টি। ভারত জিতেছে ৬টি, মালদ্বীপ ৩ টি এবং বাকি ম্যাচটি ড্র। এর বাইরে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য হলো, সাফ চ্যাম্পিয়নশিপের সর্বশেষ পাঁচ আসরের তিনটিতে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। তারপরও রোববারের ফাইনালে মালদ্বীপকেই এগিয়ে রাখতে হচ্ছে তিনটি কারণে। এক. এবারের আসরের একমাত্র অপরাজিত দল তারা, সুতরাং পারফর্ম্যান্সে তারা একটু হলেও এগিয়ে। দুই. ভারতীয় দলে তরুণদের আধিক্য, অন্যদিকে মালদ্বীপ দলে অভিজ্ঞদের ঠাসাঠাসি. তিন. মালদ্বীপই বর্তমান চ্যাম্পিয়ন। সুতরাং আত্মবিশ্বাসেও তাদেরই এগিয়ে থাকার কথা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এসি/২২০৭ ঘ.
bdnews24