কায়রো, নভেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- কায়রোর দর্শকদের ছোঁড়া ঢিলে আহত হয়েছেন আলজেরিয়ার পাঁচ ফুটবলার। বৃহস্পতিবার খেলোয়াড়রা বিমানবন্দর থেকে গাড়িতে করে হোটেলে যাওয়ার সময় রাস্তার পাশে লুকিয়ে থাকা দর্শকরা এ কাণ্ড ঘটায় বলে দলের এক কর্মকর্তা জানান।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা এবং আলজেরিয়ার সাংসদ আরও জানান, আহত ফুটবলারদের মধ্যে দুজনের মাথায় পাথর লেগেছে। খালেদ লেম্মুছিয়া এবং রফিক হাল্লিছ নামের ওই দুই ফুটবলারকে হোটেলে চিকিৎসা দেওয়া হয়।
আগামী শনিবার বিশ্বকাপ বাছাইয়ের এক গুরুত্বপূর্ণ ম্যাচে স্বাগতিক মিশরের মোকাবেলা করবে আলজেরিয়া।
এ ঘটনার পরপরই শুরু হয় দু' দেশের কূটনৈতিক বাদানুবাদের লড়াই।
মিশরীয় পুলিশের দাবি, ওই ঘটনায় কোনো আহত হওয়ার ঘটনা ঘটেনি।
কিন্তু আলজেরিয়ার পররাষ্ট্রমন্ত্রী মুরাদ মেদেলচি জানান, বেশ কয়েকজন খেলোয়াড় আঘাত পেয়েছেন। এ অবস্থায় তিনি শনিবারের ম্যাচে নিরাপত্তা আরো জোরদার করার দাবিও জানিয়েছেন।
আলজেরিয়ার যুব ও ক্রীড়ামন্ত্রী হাশেমি ডাইয়ার সে দেশের রেডিওকে বলেন,"এটা খুবই দুঃখজনক ঘটনা। ফিফার অবশ্যই এ ব্যাপারে পদক্ষেপ নিতে হবে। ঘটনাটি কখনোই গ্রহনযোগ্য নয়, যদিও এটাও ঠিক যে এর জন্যে আমাদের দু' দেশের পুরোনো সম্পর্কে কোনো প্রভাব ফেলবে না।"
দু' দেশের ফুটবল দর্শকদের মধ্যে দাঙ্গা হাঙ্গামার ঘটনা নতুন নয়। এর আগেও ১৯৮৯ সালে বিশ্বকাপ বাছাই পর্বের খেলায় দর্শকরা সংঘর্ষে জড়িয়েছিল।
শনিবারের ম্যাচ ড্র করলেই চূড়ান্ত পর্বে চলে যাবে আলজেরিয়া।
জানা গেছে, মাঠে সত্তর হাজার মিশরীয় দর্শকের বিপরীতে ২০ হাজার আলজেরীয় দর্শক খেলা দেখবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এসি/১৭৩৬ ঘ.
bdnews24