নুরেমবার্গ, নভেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - নুরেমবার্গে শনিবার বিশ্ব হেভিওয়েট বক্সিংয়ে 'রিংয়ের দানব' হিসেবে পরিচিত রুশ নিকোলাই ভালুয়েভকে হারিয়ে শিরোপা জিতে নিয়েছেন তার চেয়ে উচ্চতায় প্রায় এক ফুট ছোট যুক্তরাজ্যের ডেভিড হায়ে।
২৯ বছর বয়সী ব্রিটিশ চ্যালেঞ্জার হায়ে তিন বিচারকের মধ্যে দু'জনের কাছ থেকে ১১৬-১১২ পয়েন্ট পেয়ে এগিয়ে ছিলেন। তৃতীয় বিচারক দুজনকেই সমান ১১৪ পয়েন্ট দেন।
শিরোপা জিতে হায়ে বলেন, "ছেলেবেলা থেকেই হেভিওয়েটে বিশ্বসেরা হতে চেয়েছি। স্বপ্ন বাস্তব রূপ নেওয়ায় আমি খুবই খুশি। এছাড়া এটা আমার জন্য একটা দারুণ ব্যাপারও বটে।"
মূলত হায়ের গতি ও নিখুঁত কৌশলের কাছে ভালুয়েভ হার মানতে বাধ্য হন। লিনক্স লুইস ২০০৩ সালে অবসর নেয়ার পর এই প্রথম কোনো ব্রিটিশ হেভিওয়েট বক্সিংয়ে শিরোপা জিতলেন।
হায়ে-ভালুয়েভ লড়াইটি দেখেন প্রায় দশ হাজার দর্শক। তারা ধরেই নিয়েছিলেন হায়ের পক্ষে জেতা সম্ভব নয়।
ভালুয়েভের উচ্চতা ৭ ফুট ২ ইঞ্চি, ওজন ৩২২ পাউন্ড। আর হায়ের উচ্চতা ৬ ফুট ৩ ইঞ্চি, ওজন ২২৪ পাউন্ড।
ভালুয়েভ তার ক্যারিয়ারে মোট ৫০টি লড়াইয়ের মধ্যে জিতেছেন ৪৯টিতে, হেরেছেন মাত্র একটিতে। বিপরীতে হায়ে ২২টি লড়াইয়ের মধ্যে জিতেছেন ২১টিতে, বাকি একটিতে হার। ওই ২২টির মধ্যে হায়ে ২০টিই লড়েছেন ক্রুজারওয়েট শ্রেণীর বক্সার হিসেবে। বেশি ওজনের হেভিওয়েটে তার নাম লেখানোর খুব একটা বেশিদিন হয়নি। নতুন জগতের বাসিন্দা হবার পর রিংয়ে নেমেছেন মাত্র দুবার। অর্থাৎ হেভিওয়েট মুষ্টিযোদ্ধা হিসেবে নিজের তৃতীয় লড়াইয়েই ডেভিড হায়ে 'বক্সিং রিংয়ের দানব' হিসেবে পরিচিত নিকোলাই ভালুয়েভকে হার মানতে বাধ্য করলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/টিআর/২০৫৭ ঘ.
bdnews24