লন্ডন, নভেম্বর ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সহজ প্রতিপক্ষ বোল্টন ওয়ান্ডারার্সকে হেসেখেলে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার শীর্ষে রয়ে গেছে চেলসি। তবে দুর্ভাগ্য কাটছে না লিভারপুলের। মানতে হয়েছে সাত খেলায় ছয় হার।
ক্রাভেন কটেজে ১-৩ গোলে হেরে গেছে তারা ফুলহ্যামের কাছে। অন্যান্য খেলায় ম্যানচেস্টার ইউনাইটেড ২-০ গোলে জিতেছে ব্ল্যাকবার্নের বিপক্ষে। আর্সেনাল ৩-০ গোলে নাকাল করেছে টটেনহ্যাম হটস্পারকে।
উইগান অ্যাথলেটিক ০-৪ গোলে হেরেছে পোর্টসমাউথের কাছে। বার্নলে ২-০ গোলে জিতেছে হাল সিটির সঙ্গে। এছাড়া ২-২ গোলে অমীমাংসিতভাবে শেষ হয়েছে সান্ডারল্যান্ড ও ওয়েস্টহ্যামের খেলা। এভারটন ও অ্যাস্টনভিলার ম্যাচটিও ড্র হয়েছে ১-১ গোলে।
স্বাগতিক বোল্টন ওয়ান্ডারার্সের মাঠে মধ্যাহ্ন বিরতির ঠিক আগে আগে ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের পেনাল্টি শটে এগিয়ে যায় চেলসি। বক্সের ভেতর দিদিয়ের দ্রগবার বিপক্ষে বোল্টনের লয়েড স্যামুয়েল ফাউল করায় পেনাল্টি দেন রেফারি। সেই সঙ্গে লাল কার্ড পেয়ে মাঠ ছেড়ে বেরিয়ে যেতে হয় স্যামুয়েলকে।
দ্বিতীয়ার্ধে গোল করার প্রতিযোগিতায় নামেন চেলসির খেলোয়াড়রা। ৬১ মিনিটে ডেকো, ৮২ মিনিটে জ্যাট নাইট ও দ্রগবা গোল করেন ৯০ মিনিটে। এই জয়ের ফলে ২৭ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষ স্থান ধরে রাখলো চেলসি।
ব্ল্যাকবার্নকে ২-০ গোলে হারিয়ে ২৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। মধ্যাহ্ন বিরতি পর্যন্ত কোন পক্ষ গোল করতে না পারলেও দ্বিতীয়ার্ধে ৫৫ মিনিটে দলকে এগিয়ে নেন বার্বাতোভ। ৮৭ মিনিটে জয় নিশ্চিত করেন ওয়েন রুনি।
ক্রাভেন কটেজে চোট না সারায় লিভারপুলকে নামতে হয়েছিল অধিনায়ক স্টিভেন জেরার্ডকে ছাড়াই। ফুলহ্যামের ববি জামোরার গোলে ২৪ মিনিটেই পিছিয়ে পড়ে লিভারপুল। মধ্যাহ্ন বিরতির ঠিক আগে ফানান্দো টোরেসের দূরপাল্লার শট গোলরক্ষককে ফাঁকি দিয়ে জালে জড়িয়ে যায় ফুলহ্যামের। সমতা ফিরে আসে খেলায়।
৭৩ মিনিটে আবারো ফুলহ্যামকে এগিয়ে নেন এরিক নেভল্যান্ড। ৮৭ মিনিটে ক্লায়েন্ট ডেম্পসির গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে ফুলহ্যাম। লিভারপুলকে অবশ্য খেলতে হয়েছিল নয়জন খেলোয়াড় নিয়ে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৬৫০ ঘ.
bdnews24