লন্ডন, অক্টোবর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেড ও আর্সেনাল জয় পেলেও হেরে গেছে 'বিগফোর' এর অন্য দুই দল চেলসি ও লিভারপুল। স্প্যানিশ লিগে মৌসুমে প্রথমবারের মতো পয়েন্ট খুইয়েছে বার্সেলোনা, জিতেছে রিয়াল মাদ্রিদ। আর ইতালিয়ান লিগ 'সিরি-এ' তে ইন্টার মিলান জয় পেয়েছে বড় ব্যবধানে।
ইংলিশ প্রিমিয়ার লিগে চেলসি ১-২ গোলে হেরেছে অ্যাস্টন ভিলার কাছে। দ্রগবা চেলসিকে এগিয়ে নিলেও জেমস কলিন্স ও রিচার্ড ডানের গোলে শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে অ্যাস্টন ভিলা। রাফায়েল বেনিটিজের দল লিভারপুল ০-১ গোলে হার মেনেছে স্যান্ডারল্যান্ডের কাছে। লিভারপুলের বিপক্ষে স্যান্ডারল্যান্ডের জয়ের রূপকার হলেন ড্যারেন বেন্ট।
ম্যানচেস্টার ইউনাইটেড ২-১ গোলে বোল্টন ওয়ান্ডারার্সকে হারিয়ে পৌঁছে গেছে লিগ তালিকার শীর্ষে। ভ্যান পার্সি, দিয়াবি ও আন্দ্রে আরশাভিনের গোলে আর্সেনাল ৩-১ গোলে হারিয়েছে বার্মিংহাম সিটিকে।
নিজেদের মাঠে রিয়াল ৪-২ গোলে উড়িয়ে দিয়েছে প্রতিপক্ষ ভ্যালাদোলিদকে। ১৭ মিনিটের মধ্যে রাউলের দুই গোলে এগিয়ে যায় ম্যানুয়েল পেল্লেগ্রিনির দল। ২৮ মিনিটে অতিথিরা একটি গোল শোধ করলেও বিরতির আগ মুহূর্তে মার্সেলোর গোলে আবারও এগিয়ে যায় রিয়াল। বিরতির পর পরই আরও একটি গোল শোধ করে ভ্যালাদোলিদ। ৭৯ মিনিটে আর্জেন্টাইন হিগুইনের গোলে জয় নিশ্চিত হয় রিয়ালের।
নিঃসন্দেহে রিয়াল মাদ্রিদ স্ট্রাইকাররা দুর্দান্ত ফর্মে আছেন। লিগের ৭ ম্যাচে প্রতিপক্ষের জালে বল পাঠিয়েছেন ২১ বার। কিন্তু রক্ষণভাগকে নিয়ে দুশ্চিন্তা কমছে না রিয়াল কোচ পেল্লেগ্রিনির। লিগ তালিকার নিচ থেকে দ্বিতীয় স্থানে থাকা ভ্যালাদোলিদ যদি দুই গোল দেয়, তাহলে বড় ম্যাচে কঠিন পরীক্ষায় পড়তে হবে রিয়াল মাদ্রিদের রক্ষণভাগকে।
স্প্যানিশ লিগে প্রথমবার মতো হোঁচট খেয়েছে বার্সেলোনা। গোল শূন্য ড্র করেছে ভ্যালেন্সিয়ার সঙ্গে।
'সিরি-এ' তে ইন্টার মিলান ৫-০ গোলে হারিয়েছে জেনোয়াকে। ক্যাম্বিয়াসো, বালোতেল্লি, স্ট্যানকোভিচ, প্যাট্রিক ভিয়েরা ও মেইকন ইন্টারের পক্ষে গোল করেন। দুরন্ত গতিতে লিগ শুরু করা জুভেন্টাস ১-১ গোলে ড্র করেছে ফিওরেন্টিনার সঙ্গে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/টিআর/২০০০ ঘ.
bdnews24