ঢাকা, অক্টোবর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বালক এককের শিরোপা লড়াই বাংলাদেশের দুই কিশোরের মধ্যেই। রুস্তম আলী খেলছিল বিপ্লব রামের সঙ্গে। প্রথম সেট রুস্তম আলী ৬-৩ গেমে জিতে নেয়। দ্বিতীয় সেটে যেই না ঘুরে দাঁড়াচ্ছিল (৩-৫) বিপ্লব রাম ঠিক তখনই বৃষ্টি হানা দেয়। স্থগিত হয়ে যায় এটিএফ অনূর্ধ্ব-১৪ টেনিসের বালক এককের শিরোপা নির্ধারণী ম্যাচ। শুক্রবার সকালে এ অবস্থা থেকেই শুরু হবে খেলা।
বালকদের দ্বৈতে রুস্তম আলী (বাংলাদেশ)-ধানকর সূর্য্য (ভারত) জুটি চ্যাম্পিয়ন হয়েছে। রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে বৃহস্পতিবার ফাইনালে তারা স্বাগতিক জুটি বিপ্লব রাম ও জামিল ভূঁইয়াকে ৬-৩, ৬-৪ গেমে হারায়।
ওদিকে ফাইনালে ভারতের মৌলিকা রামকে ৬-১, ৬-২ গেমে হারিয়ে বালিকা এককের শিরোপা জিতেছে হংকংয়ের কা মান কারিন মা।
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টুর্নামেন্ট স্পন্সর প্রাইম ব্যাংকের উপ-ব্যবস্থাপক সিরাজুল করিম, টেনিস ফেডারেশনের সভাপতি সাংসদ শাহরিয়ার আলম ও সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ।
এটিএফ টেনিসে বাংলাদেশের দুই কিশোর রুস্তম আলী ও বিপ্লব রামের সাফল্যে মুগ্ধ হয়ে তাদের এক বছরের প্রশিক্ষণের ব্যবস্থা করে দিয়েছেন টেনিস ফেডারেশনের সহ-সভাপতি রানার গ্র"প অব কোম্পানির পরিচালক মোহাম্মদ আলী দ্বীন। তাদের প্রশিক্ষণ (থাকা, খাওয়া) ব্যয় হিসেবে ফেডারেশনকে ১ লাখ ৬০ হাজার টাকা দিয়েছেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এসি/১৯৩০ ঘ.
bdnews24