২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইদ্রিসের হ্যাটট্রিকে রহমতগঞ্জের জয়, জিতেছে চট্টগ্রাম মোহামেডান

সিটিসেল বি. লিগে জয় পেয়েছে চট্টগ্রাম মোহামেডান ও রহমতগঞ্জ। চট্টগ্রাম মোহামেডান ৩-১ গোলে ফরাশগঞ্জকে এবং রহমতগঞ্জ ইদ্রিস কাসিরি হ্যাটট্রিকে ৪-১ গোলে খুলনা আবাহনীকে হারিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2009, 04:04 PM

Updated : 26 Aug 2022, 10:55 AM

ঢাকা, জানুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---- সিটিসেল বি. লিগে জয় পেয়েছে চট্টগ্রাম মোহামেডান ও রহমতগঞ্জ। চট্টগ্রাম মোহামেডান ৩-১ গোলে ফরাশগঞ্জকে এবং রহমতগঞ্জ ইদ্রিস কাসিরি হ্যাটট্রিকে ৪-১ গোলে খুলনা আবাহনীকে হারিয়েছে। রোববার এম এ আজিজ স্টেডিয়ামের স্থানীয় মোহামেডান-ফরাশগঞ্জের ম্যাচটি অনিশ্চিত হয়ে পড়েছিল। কারণ ক্রিকেটের জন্য মাঠ খোঁড়াখুড়ি করার কাজ শুরু হয়েছিল স্টেডিয়ামে। যদিও পরে বাফুফের হুমকিতে তা বন্ধ হয়ে যায়। অবশেষে ম্যাচ শুরু হয় এবং গোলশূন্য প্রথমার্ধের পর চট্টগ্রাম মোহামেডান দ্বিতীয়ার্ধে টানা তিন গোল করে এগিয়ে যায়। ৫৪ মিনিটে রাফায়েল, ৭১ মিনিটে তৌহিদ ও ৮৮ মিনিটে অ্যান্থনি গোল করেছেন। ইনজুরি টাইমে ফরাশগঞ্জের মামুন গোল করে ব্যবধান কমানোর পর ম্যাচ শেষ হয়ে যায়। এই জয়ে চট্টগ্রাম মোহামেডান ১৪ খেলায় ২৩ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে। ফরাশগঞ্জের ১৩ খেলায় ১৬ পয়েন্ট। ওদিকে খুলনা স্টেডিয়ামে রহমতগঞ্জ স্বাগতিক খুলনা আবাহনীর বিপক্ষে বড় জয় পেয়েছে। ম্যাচের ১২ মিনিটে মঞ্জুরুলের গোলে স্থানীয় আবাহনী এগিয়ে গেলে দ্বিতীয়ার্ধে ইদ্রিস কাসিরি'র হ্যাটট্রিক এবং ফ্রান্সিসের গোলে ম্যাচটা এক তরফা হয়ে যায়। ইদ্রিস গোল তিনটি করেছেন ৫১, ৭২ ও ৮০ মিনিটে। মাঝে ৫৭ মিনিটের গোলটি ফ্রান্সিস। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২২১০ঘ.