২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অধিনায়কের কাণ্ডে সৌন্দর্য হারাল স্বাধীন বাংলা দলের সংবর্ধনা

স্বাধীনতার ৩৭ বছর পর কাজী সালাউদ্দিনের উদ্যোগটিকেও সর্বাঙ্গ সুন্দর হতে দিলেন না তার সঙ্গী-সাথীরা। বেসুরো জাতীয় সঙ্গীত এবং নানা অসঙ্গতিপূর্ণ আয়োজনের মধ্য দিয়েই সংবর্ধিত হয়েছেন স্বাধীন বাংলা ফুটবল দলের ৩৬ সদস্য।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2009, 04:59 PM

Updated : 26 Aug 2022, 10:53 AM

ঢাকা, জানুয়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---- স্বাধীনতার ৩৭ বছর পর কাজী সালাউদ্দিনের উদ্যোগটিকেও সর্বাঙ্গ সুন্দর হতে দিলেন না তার সঙ্গী-সাথীরা। বেসুরো জাতীয় সঙ্গীত এবং নানা অসঙ্গতিপূর্ণ আয়োজনের মধ্য দিয়েই সংবর্ধিত হয়েছেন স্বাধীন বাংলা ফুটবল দলের ৩৬ সদস্য। সংবর্ধনার আয়োজক বাংলাদেশ ফুটবল ফেডারেশন, গত ৩৭ বছরে যাদের সময় হয়নি মুক্তিযুদ্ধের ফুটবল সৈনিকদের সম্মাননা দেওয়ার। কাজী সালাউদ্দিন বাফুফে সভাপতির পদে বসার পর রোববার এই অসাধ্য সাধন হয়েছে। বাফুফে ভবন সংলগ্ন বালুর মাঠে আয়োজন করা হয়েছে এই সংবর্ধনা অনুষ্ঠান। তাদের হাতে ক্রেস্ট ও কৃতজ্ঞতা স্মারকনামা তুলে দিয়েছেন প্রধান অতিথি জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যান সেনাপ্রধান জেনারেল মইন ঊ আহমেদ। তার আগে প্রধান অতিথি বাফুফে ভবনের গেটে স্বাধীন বাংলা দলের নামফলক উন্মোচন করেন। কিন্তু খোদ স্বাধীন বাংলা দলের সদস্যরা এই অনুষ্ঠানের স্মৃতিচারণ করবেন কি-না বলা মুশকিল। এমনিতেই হয়েছে অগ্যস্ত যাত্রা। প্রধান অতিথির দেরিতে সাড়ে ৪ টার অনুষ্ঠান পিছিয়ে যায় এক ঘন্টা। তিনি এসে স্বাধীন বাংলা ফুটবল দলের নামাঙ্কিত ফলক উন্মোচন করেই উঠে পড়েন সংবর্ধনা মঞ্চে। কিন্তু সংবর্ধনা অনুষ্ঠানকে শুরুতেই প্রশ্নবিদ্ধ করে দেয় একদল মেয়ের বেসুরো জাতীয় সঙ্গীত। শ্রদ্ধা জানাতে সবাই দাঁড়ালেও শিরদাঁড়া সোজা রাখতে পারেননি লজ্জায়। মুক্তিযোদ্ধাদের অনুষ্ঠানে সুর বর্জিত জাতীয় সঙ্গীত ! কেউ কেউ তাৎক্ষণিকভাবে নিন্দা-মন্দ করেছেন অনুষ্ঠান আয়োজক কমিটির আহ্বায়ক সিরাজুল ইসলাম বাচ্চুর নাম ধরে। কারণ গাইয়ে-নাচিয়ে ধরে আনার কাজটা সবসময় এই বাফুফে-কর্তাই করে থাকেন। এই লজ্জার পর অনুষ্ঠানকে আরো হাস্যকর করে তুলেন জাকারিয়া পিন্টু। স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক হিসেবেই বক্তব্য দিচ্ছিলেন তিনি। মাঝপথে তিনি অপ্রাসঙ্গিকভাবে বক্তৃতা থামিয়ে জেনারেল মইন উ আহমেদকে স্যালুট দিয়ে বসেন ! পরক্ষণেই দর্শক-স্রোতাদেরও দাঁড়িয়ে শ্রদ্ধা জানাতে বলেন। তার এই হাস্যকর কাণ্ডে জেনারেল মঈনও নিশ্চয়ই বিব্রত হয়েছেন। কিন্তু পিন্টু নির্বোধের মতো বলে যাচ্ছেন, "ইস্ট লন্ডনে স্বাধীন বাংলা দলের সংবর্ধনা অনুষ্ঠানে পেলে, ম্যারাডোনা, বেকেনবাওয়ার, প্লাতিনি, বেকহ্যামসহ অনেক তারকা উপস্থিত থাকবেন।" পরে অবশ্য স্বাধীন বাংলা দলের প্রেক্ষাপট বনর্না করে খানিকটা সামাল দিয়েছেন দলের ম্যানেজার তানভীর মাজহার তান্না। মুক্তিযুদ্ধের ফুটবল সৈনিকদের জন্য প্লট বরাদ্দ দেওয়া যায় কি-না তা ভেবে দেখার অনুরোধ জানিয়েছেন তিনি প্রধান অতিথির কাছে। প্রধান অতিথি অবশ্য তার সংক্ষিপ্ত ভাষনে শুধু বন্ধ হয়ে যাওয়া কৃতজ্ঞতা ভাতা চালুর ঘোষণা দিয়েছেন। তারপর তিনি দলের সদস্যদের হাতে ক্রেস্ট ও কৃতজ্ঞতা স্মারকনামা তুলে দিয়েছেন। ৩৬ জনের মধ্যে পাঁচজন ইতিমধ্যে মারা গেছেন। তারা হলেন কোচ ননী বসাক, আলী ইমাম, শেখ মনসুর আলী লালু, মনিরুজ্জামান পেয়ারা ও মাহমুদুর রশিদ। এদের মধ্যে আলী ইমামের পরিবার থেকে কেউ আসেননি। এছাড়া যারা দেশে নেই তাদের আত্মীয় স্বজনদের হাতে তুলে দেওয়া হয়েছে এই সম্মাননা। কাজী সালাউদ্দিনও এই অনুষ্ঠানে সংবর্ধিত অতিথিদের কাতারে ছিলেন, বসে ছিলেন দলের সঙ্গে। বাফুফে সভাপতির চেয়েও স্বাধীন বাংলা দলের খেলোয়াড়ের পরিচয়টা তার কাছে অনেক বেশি গর্বের। কিন্তু গর্বটা ভালভাবে উপভোগ করতে দিলেন না তাকে অনুষ্ঠান অয়োজক কমিটি। ম্যানেজার : তানভীর মাজহার তান্না, কোচ : ননী বসাক, খেলোয়াড় : জাকারিয়া পিন্টু (অধিনায়ক), প্রতাপ শংকর হাজরা, আলী ইমাম, মোহাম্মদ কায়কোবাদ, অমলেশ সেন, আইনুল হক, শেখ আশরাফ আলী, বিমল কর, শাহজাহান আলম, মনসুর আলী লালু, কাজী সালাউদ্দিন, এনায়েতুর রহমান, কে এন নেওশেরুজ্জামান, সুভাষ সাহা, ফজলে হোসাইন খোকন, আবুল হাকিম, তসলিম উদ্দিন শেখ, আমিনুল ইসলাম, আব্দুল মমিন জোয়ারদার, মনিরুজ্জামান পেয়ারা, সাত্তার, প্রাণগোবিন্দ কুন্ড, মুজিবর রহমান, মেজর জেনারেল খন্দকার নুরুন্নবী (অব.) লুৎফর রহমান, অনিরুদ্ধ চ্যাটার্জি, সনজিত কুমার দে, মাহমুদুর রশিদ, সাইদুর রহমান প্যাটেল, দেওয়ান মোহাম্মদ সিরাজ উদ্দিন, নিহার কান্তি দাস, মোজাম্মেল হক, আব্দুল খালেক ও বীরেন দাস (বীরু)। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২৩০০ঘ.