২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রহমতগঞ্জের কাছে হার দিয়ে শুরু আবাহনীর

সিটিসেল বি. লিগের উদ্বোধনী ম্যাচে শনিবার মুখোমুখি হয়েছিল গতবারের চ্যাম্পিয়ন আর পয়েন্ট তালিকায় সবার শেষে থাকা দুদল। তবে আগে থেকে জানা না থাকলে ধাঁধাঁয় পড়ে যেতে পারতেন যে কেউ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2008, 03:26 PM

Updated : 26 Aug 2022, 02:22 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---- সিটিসেল বি. লিগের উদ্বোধনী ম্যাচে শনিবার মুখোমুখি হয়েছিল গতবারের চ্যাম্পিয়ন আর পয়েন্ট তালিকায় সবার শেষে থাকা দুদল। তবে আগে থেকে জানা না থাকলে ধাঁধাঁয় পড়ে যেতে পারতেন যে কেউ। কারণ, মাঠে গতবারের চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী খেলেছে এলোমেলো ফুটবল আর রহমতগঞ্জ খেলেছে চ্যাম্পিয়নের মতো। ফল রহমতগঞ্জের কাছে ২-১ গোলের হার দিয়ে বি. লিগের দ্বিতীয় আসর শুরু করেছে চ্যাম্পিয়নরা। পেশাদার লিগের প্রথম আসরে লিগে যাদের ৭-০ গোলে হারিয়েছিল, সেই রহমতগঞ্জের সামনে শনিবার দাঁড়াতেই পারেনি আবাহনী। শুধু গোলে নয়, মাঝমাঠের আধিপত্য, আক্রমণ এবং খেলোয়াড়দের লড়াকু মানসিকতায়ও আবাহনীকে হারিয়েছে রহমতগঞ্জ। প্রথমার্ধে অবশ্য এগিয়ে ছিল আবাহনীই। ২২ মিনিটে জাহেদ পারভেজের কর্ণারে এমেকার হেড আকাশী-হলুদদের এনে দিয়েছে লিড। এক গোল কখনো জয়ের নিশ্চয়তা দিতে পারেনা, কিন্তু তাতেই যেন নিশ্চিন্ত হয়ে যান আবাহনীর খেলোয়াড়রা। ব্যবধান বাড়ানোর কোনো তাগিদ দেখা যায়নি তাদের মধ্যে, ফুটবলের গতির কথা যেন ভুলেই গিয়েছিলেন তারা। তারই মাশুল তাদের গুণতে হয়েছে দ্বিতীয়ার্ধে। প্রাণতোষ-জাহেদ পারভেজ-মামুনদের নিস্ক্রিয়তার সুযোগ নিয়ে দ্বিতীয়ার্ধের শুরু থেকেই মাঝমাঠের দখল নিয়ে নেয় রহমতগঞ্জ। আর হীরক জোয়ার্দার হয়ে ওঠেন তাদের মাঝমাঠের নেতা। সেই সঙ্গে ইদ্রিস ও ফ্রান্সিসের আক্রমণে তখন রীতিমতো কাঁপছে সুজনহীন আবাহনীর ডিফেন্স। অধিনায়ক নজরুল ইসলাম ফর্ম হারিয়ে নিজের সঙ্গেই লড়ছেন, বাকিরাও যেন ভুলে গেছেন লড়াইটা। এই এলোমেলো রক্ষণের ফাঁক গলে ৫৩ মিনিটে গোল শোধ করে দেয় রহমতগঞ্জ। হানিফ প্রধানের বানিয়ে দেওয়া বলে ম্যাচে সমতা নিয়ে আসেন ইদ্রিস। আর ওই গতি ধরে রেখে ৫ মিনিট পরে দ্বিতীয় গোল আদায় করে নেয় তারা। হীরকের দারুন এক থ্রু-পাসে ফ্রান্সিস কোনাকুনি শটে রহমতগঞ্জকে ২-১ গোলে এগিয়ে দেন। পিছিয়ে পড়ার পর আবাহনী কোচ অমলেশ সেনের উপলব্ধি হয় তার মাঝমাঠ কাজ করছে না। জাহেদ পারভেজ, মামুন ও আউদু ইব্রাহিমকে বদলে উজ্জ্বল, আবুল ও টিপুকে নামান তিনি, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। তাদের মধ্যে আলাদা করে চোখে পড়েছে মেহেদী হাসান উজ্জ্বলকে। ক্লাবের সঙ্গে মন কষাকষির পর অবশেষে মাঠে নেমে নিজেকে প্রমাণ করতে মরীয়া উজ্জ্ব ৭৬ মিনিটে গোলের কাছাকাছিও পৌঁছে গিয়েছিলেন। আক্রমণটা তারই তৈরি কিন্তু ভাল হয়নি শেষটা। এক ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে নেওয়া তার শটটা অবিশ্বাস্য দক্ষতায় ঠেকিয়ে দিয়েছেন রহমতগঞ্জ গোলরক্ষক আলী। এর আগে ৬২ মিনিটে এই গোলরক্ষককে ফাঁকি দিয়েও ইব্রাহিম বল পোস্টে পাঠাতে পারেননি। সবচেয়ে হতাশ করেছেন জাহিদ হাসান এমিলি, গতবারের ৭-০ গোলে জয়ের ম্যাচের হ্যাটট্রিকম্যানকে খুঁজেই পাওয়া যায়নি। হতাশ আবাহনী কোচ অমলেশ সেন স্বীকার করে নিয়েছেন, "আমাদের খেলোয়াড়রা কিছুই খেলতে পারেনি। মাঝমাঠে আমাদের কোনো নিয়ন্ত্রণই ছিল না। রহমতগঞ্জ ভাল খেলেই জিতেছে।" তাকে অবাক করেছে আবাহনীর ডিফেন্স, "আমাদের ডিফেন্ডাররা কী খেলেছে আমি জানি না। অধিনায়কের খেলার মানও আশানুরূপ নয়।" এই ব্যর্থতার পর আবাহনীর ড্রেসিং রুমের সামনেও দেখা গেল সমর্থকদের ধুয়ো-ধ্বনি এবং অধিনায়কের মন্ডুপাত। উল্টোদিকে রহমতগঞ্জে তখন আনন্দের বন্যা। কোচ গোলাম আজিজ জিলানী সব কৃতিত্বই দিয়েছেন খেলোয়াড়দের, "আমাদের খেলোয়াড়রা কষ্ট করেছে, তারই ফল পেয়েছে।" রহমতগঞ্জকে হালকাভাবে নেওয়ায় আবাহনীকে মাশুল গুণতে হয়েছে বলে মনে করছেন জিলানী। বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকম/এসবি/এসএইচ/২১১৭ ঘ.