বুয়েনস এইরেস, ৭ সেপ্টেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- নিজের মাটিতে খেলা, সেখানে পিছিয়ে পড়ে কোনোরকমে ড্র, তবু যে ম্যাচ শেষে আর্জেন্টিনা খুশি তার কারণ একটা নয়, একাধিক।
কার্লোস তেভেজ ৩০ মিনিটের সময় লাল কার্ড দেখায় শনিবার প্যারাগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচটিতে আর্জেন্টিনাকে ম্যাচের সিংহভাগ সময় খেলতে হয়েছে ১০ জন নিয়ে, খেতে হয়েছে আত্মঘাতি গোল এবং দলের নিয়মিত গোলরক্ষক আবোনদেনজিয়েরি ঐ আত্মঘাতি গোলের সময় সংঘর্ষে আহত হয়ে মাঠ ছাড়তে বাধ্য হয়েছেন। এমন তিন দুর্ঘটনার শিকার হয় যে দল শেষপর্যন্ত ড্র নিয়ে মাঠ ছাড়তে পারাই তাদের জন্য অনেক বেশি। ১-১ গোলের এই ড্রয়ের সুবাদে প্যারাগুয়ে ৭ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে এখন দক্ষিণ আমেরিকার কোয়ালিফাইং গ্র"পের শীর্ষে। সমান ম্যাচে আর্জেন্টিনার পয়েন্ট ১২, তারা দ্বিতীয় স্থানে। একই দিনে অর্থাৎ শনিবার কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে উরুগুয়ে উঠে এসেছে তৃতীয় স্থানে। অন্য ম্যাচে পেরু ভেনেজুয়েলাকে হারিয়েছে ১-০ গোলে। ব্রাজিল রোববার মুখোমুখি হবে চিলির। শনিবারের ম্যাচগুলোর পর তাদের অবস্থান এখন ষষ্ঠ স্থানে। দক্ষিণ আমেরিকা থেকে প্রথম চারটি দল সরাসরি খেলবে বিশ্বকাপে। আর পঞ্চম হওয়া দলটি সুযোগ পাবে প্লে-অফ খেলার।
মাত্রই অলিম্পিক জিতে এসেছে। নিজের মাঠে এই ম্যাচে প্যারাগুয়েকে হারিয়ে আর্জেন্টিনা গ্র"পের শীর্ষস্থানে চলে যাবে এই প্রত্যাশা নিয়েই মনুমেন্টাল স্টেডিয়ামে এসেছিল আর্জেন্টিনা। কিন্তু ১৩ মিনিটেই তাদের মাথায় বাজ পড়ার অবস্থা; একটা লং বল সামলাতে গিয়ে হাস্যকর এক হেড করে নিজেদের জালেই বল পাঠিয়ে দেন গ্যাব্রিয়েল হাইঞ্জ। তাই নয় শুধু, ঐ বলটা ধরতে পোস্ট ছেড়ে বেরিয়ে আসা গোলরক্ষক আবোনদেনজিয়েরি হাইঞ্জের সঙ্গে সংঘর্ষে আহত হয়ে মাঠ ছাড়তে বাধ্য হন। এই জোড়া ধাক্কা সামলে ওঠার বদলে ৩১ মিনিটে আরেকটি ধাক্কা, বিপদজনক ট্যাকলের অপরাধে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় কার্লোস তেভেজকে। গত নভেম্বরে কলম্বিয়ার সঙ্গে ম্যাচেও একই অপরাধ করেছিলেন তেভেজ, তারপর মাত্র দ্বিতীয় আন্তর্জাতিক ম্যাচে আবারও একই কাণ্ড! হতাশ কোচ আলফিও বাসিল তাই জানিয়েছেন,''এটা নিয়ে তার সঙ্গে আমার একান্তে কথা বলতে হবে।'' আর এজন্যই ফলে কোচ খুব একটা হতাশ নন,''সবকিছুই খুব কঠিন ছিল। আমরা প্রায় পুরো সময়ই ম্যাচ খেলেছি ১০ জন নিয়ে, আমাদের গোলরক্ষককে হারিয়েছি এবং আত্মঘাতি গোল খেয়েছি। কাজেই এটাকে স্বাভাবিকভাবে ব্যাখ্যা করার খুব একটা সুযোগ নেই।''
এই তিন ঘটনার পর প্রথমার্ধে পুরো আর্জেন্টিনা দলই এমন হতভম্ব হয়ে গিয়েছিল গোল খেতে পারত আরও। বদলী গোলরক্ষক ক্যারিজো বিপক্ষ স্ট্রাইকারের পায়ে বল ঠেলে দিয়ে আরেকটা প্রায় আত্মঘাতি গোল খাইয়ে ফেলেছিলেন দলকে। কোনভাবে প্রমমার্ধটা শেষ করার পর দ্বিতীয়ার্ধে অ্যাগুয়েরো এবং ডিয়াজকে মাঠে নামিয়ে নিজেদের বদলে ফেলে আর্জেন্টিনা। রিকুয়েলমে-মেসিরাও ছন্দে ফেরেন। এবং আর্জেন্টিনা এমন আক্রমণের বন্যা বইয়ে দেয় যে বড় ব্যবধানেও জিততে পারত। একা গোলরক্ষককে পেয়েও সুযোগ নষ্ট করেছেন অ্যাগুয়েরো, কলোচ্চিনি। একাধিক নিশ্চিত গোল বাঁচিয়েছেন পেরু গোলরক্ষক। কিন্তু ৬১ মিনিটেরটা বাঁচানোর কোনো সুযোগই আসলে তার ছিল না, কারণ এর পেছনে ছিল মেসির যাদু। মধ্যমাঠ থেকে বল নিয়ে পুরো প্যারাগুয়ে ডিফেন্সকে বোকা বানিয়ে একেবারে ইঞ্চি-মাপা পাস দেন অ্যাগুয়েরোকে, অ্যাগুয়েরো শুধু বলটা জালে ঠেলার আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন।
বোগোতায় ১৪ মিনিটে সেবাস্তিয়ান এগুরেনের হেডের গোলেই নির্ধারিত হয়ে যায় উরুগুয়ে-কলম্বিয়া ম্যাচের ভাগ্য। আগের ৬ ম্যাচের চারটিতে গোলশূন্য ড্র করা কলম্বিয়া নিজের দর্শকের সামনে এদিনও গোল করতে পারেনি, আর তাই তারা নেমে এল চতুর্থ স্থানে। তাদের পয়েন্ট ১০, উরুগুয়ে ১১ পয়েন্ট নিয়ে এখন তৃতীয় স্থানে।
আগের ৬ ম্যাচের একটিতেও জিতেনি তারা। তাই নিজের মাঠে খেলা হলেও দর্শক উপস্থিতি ছিল সামান্য (৮০ হাজার ধারণক্ষমতার স্টেডিয়ামে মাত্র হাজার তিনেক) এবং যারা এসেছিল তারা সারাক্ষণ দুয়ো দিয়ে গেছে নিজ দলকে। সেটাই আসলে হয়ে গেছে পেরুর জন্য অনুপ্রেরণা, দারুণ খেলে ভেনেজুয়েলাকে ১-০ গোলে হারিয়ে দিয়েছে পেরু। ৩৮ মিনিটে স্ট্রাইকার পিয়েরো আলভা হেডে গোল করে গড়ে দেন ম্যাচের ভাগ্য।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএম/১৭৩০ঘ.
bdnews24