ঢাক, সেপ্টেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---- গত ৫ বছরে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অদৃশ্য হয়ে যাওয়া দৃশ্যটি সবাইকে চমকে দিয়েছে। চমকে দিয়েছে বাফুফে সভাপতিকে কাজী সালাউদ্দিনকেও, যিনি ২০ হাজার দর্শক হলেই অনেক 'ভাগ্যবান মনে করতেন' সেই তিনি স্বাভাবিক কারণেই আনন্দে আত্মহারা! "মৌসুমের প্রথম টুর্নামেন্টে এর চেয়ে ভাল শুরু হয় না"--- বলেই অনাগত ভবিষ্যতের স্বপ্নে বিভোর হয়ে গেলেন নতুন বাফুফে সভাপতি।
২০ হাজার নয়, ২৫ হাজারের বেশি দর্শক হাজির হয়েছিল সোমবার আবাহনী- মোহামেডানের ফেডারেশন কাপের ফাইনাল দেখতে। যার ওপর ভিত্তি করে বাফুফে সভাপতি আশা করছেন, "ফুটবলের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনার যে লড়াই আমরা শুরু করেছি আজকে দর্শক সেই কাজটা অনেক সহজ করে দিয়েছে। এটা আমাদের জন্য বড় এক পাওয়া।" মানে আরো একবার প্রমাণিত হলো আবাহনী-মোহামেডানই এদেশের ফুটবলের জিয়নকাঠি।
তবে ফাইনাল ম্যাচটা অতো উপভোগ্য হয়নি। হয়তো টেনশন, অতিরিক্ত সতর্কতা ম্যাচের সৌন্দর্য্যহানির কারণ। তার মধ্য দিয়েই আধুনিক ফুটবল কোচিং শিক্ষায় শিক্ষিত মারুফুল হক ম্যাচ বের করে নিয়েছেন কৌশলে, "আপনারা বলবেন আমরা প্রথমার্ধ খারাপ খেলেছি কিন্তু আমার পরিকল্পনা ছিল ওদের আক্রমণে তুলে আনা। তাতে করে আমাদের জন্য সুযোগ তৈরি করা সহজ হবে। সেটাই হয়েছে।" রবিনের সমতার গোলটি কিন্তু এই কৌশলেই পাওয়া, যখন আবাহনীর ডিফেন্স অনেকখানি ফাঁকা হয়ে গিয়েছিল। যদিও এই গোল নিয়ে আপত্তি আছে আবাহনী কোচ অমলেশ সেনের, "ওটা অফসাইড ছিল।" মজার ব্যাপার হচ্ছে, ম্যাচে অফসাইডের আবেদন করতে দেখা যায়নি আবাহনীর খেলোয়াড়দের।
আরমান আজিজের জন্যও এ-এক দুর্দান্ত স্মৃতি। ডান পায়ে মারাত্মক ইনজুরির কারণে আগেরদিন পর্যন্ত যার খেলার কথাই ছিল না সেই মিডফিল্ডার ফাইনালে মাঠে নেমেছেন অধিনায়কের আর্মব্যান্ড বেঁধে। এর আগ পর্যন্ত মোহামেডানের অধিনায়কত্ব করেছেন জুয়েল রানা। নতুন অধিনায়ক বলেছেন, "আমার মায়ের ইচ্ছা পূরণ করতেই আমি অনেক ঝুঁকি নিয়ে খেলেছি। গতকাল ফোনে মা বলেছেন ফাইনাল খেলার সুযোগ নষ্ট না করতে।" মায়ের ইচ্ছাপূরণ করতে গিয়ে আরমান আজিজ হয়ে গেছেন মোহামেডানের ভাগ্যবান অধিনায়ক। এবং পায়ে ১১ টা সেলাই নিয়ে মাঠে নেমে পুরো ম্যাচ খেলে মনোবলের অনন্য উদাহরণও সৃষ্টি করছেন তিনি।
অন্যদিকে আবাহনী অধিনায়ক নজরুলের খেলায় হতাশা ছাড়া আর কিছুই উপহার দিতে পারেনি সমর্থকদের। অবশ্য ফাইনালের দল নির্বাচন নিয়ে তারা যে ছেলেখেলা করেছে তারই মাশুল গুনতে হয়েছে হাড়েহাড়ে। ফেডারেশন কাপের ব্যর্থতায় আস্তে আস্তে সামনে চলে আসবে দলের অন্তর্কলহের বিষয়টি। আপতভাবে ক্ষতি হলেও বি. লিগের আগে আবাহনীর কলহ মেটানোর তাগিদ দিয়ে গেছে ফেডারেশন কাপ ফাইনাল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২২৩৫ঘ.
bdnews24