ঢাকা, আগস্ট ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- অনেক কোন্দল-বিতর্কের পর নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ হকি ফেডারেশন পেয়েছে নতুন কমিটি। যার বড় বৈশিষ্ট্য কিংবা খুঁত হলো মোহামেডানের আধিক্যে আবাহনীর প্রতিনিধি-বিমুখ একটি কমিটি !
২৯ জনের কমিটির মধ্যে সরকার মনোনীত সভাপতি বাদে বাকি ২৮ টি পদে নির্বাচন হলেও আবাহনী পরিচালক শাহরিয়ার পক্ষের নির্বাচন বয়কটে বৃহস্পতিবার ভোটাভুটি হয়েছে শুধু ১৯ সদস্য পদে।
জাতীয় ক্রীড়া পরিষদে অনুষ্ঠিত এই নির্বাচনে বড় খবর হচ্ছে সাবেক সাধারণ সম্পাদক শামসুল বারী সর্বোচ্চ ৪৯ ভোট পেয়ে সদস্য নির্বাচিত হয়েছেন। বাকি ১৮ জন হলেন মোহাম্মদ ইউসুফ, নাসিরুল ইসলাম, শাহ এস এম শাহবুদ্দিন আহমেদ, মোসাদ্দেক হোসেন, শফিকুল ইসলাম লিটু, আব্দুল্লাহ পিরু, সুভাষ চন্দ্র দাস, ইমরানুল ইসলাম শাহীন, ইউসুফ অলী, তোফাজ্জল হোসেন, আ ন ম মামুনুর রশীদ, জাফরুল আহসান বাবুল, হাসান উদ্দিন আহমেদ শিমুল, আনোয়ার হোসেন খান, জামিল আব্দুর নাসের, তানভির আদিল খান বাবু, আব্দুর রাজ্জাক সোনা মিয়া ও মনোয়ার আলী।
এর আগে বিনা প্রতিদ্বন্ধিতায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন খন্দকার জামিল উদ্দিনসহ পাঁচ সহ-সভাপতি, দুই যুগ্ম সম্পাদক এবং এক কোষাধ্যক্ষ। অথচ সাধারণ সম্পাদক ছাড়া বাকি সব পদেই ভোটাভুটি হওয়ার সমূহ সম্ভাবনা ছিল। কিন্তু হয়নি বিগত এডহক কমিটির সহ সভাপতি শাহরিয়ার আলমের পক্ষ হঠাৎ করে নির্বাচন বয়কট করায়। সমঝোতার মাধ্যমে তারা খন্দকার জামিলকে সাধারণ সম্পাদক মেনে নিলেও তাদের দাবি মেনে নেয়নি জামিল পক্ষ। তাদের দাবি ছিল সাজেদ আদেলের জন্য সহ-সভাপতি পদ। মজার ব্যাপার হচ্ছে, মোহামেডানের অনেকদিনের সুহৃদ সাজেদ আদেলের জন্য দর কষাকষি করে শেষপর্যন্ত নির্বাচন বয়কট করেছে আবাহনীর লোকজন ! শাহরিয়ার পক্ষ গত ২০ আগস্ট সংবাদ সম্মেলন করে নির্বাচন বয়কটের ঘোষণা দিয়ে নিজেদের দাখিল করা মনোনয়পত্র প্রত্যাহার করে নেয়। ফলে বিনা প্রতিদ্বন্ধিতায় আগেই নির্বাচিত হয়ে গেছেন পাঁচ সহ-সভাপতি প্রতাপ শংকর হাজরা, এমএ গফুর, এম আজিজুর রহমান রাজু, কেএমআর মনজুর এবং শাহজাহান সরকার, দুই যুগ্ম সম্পাদক আব্দুর রশিদ শিকদার ও মশিরুল কবির রিটু এবং কোষাধ্যক্ষ কাজী মইনুজ্জামান পিলা।
আবাহনীর পরিচালক শাহরিয়ার আলম পক্ষ বৃহস্পতিবার ভোটাভুটিতে অংশ না নেওয়ায় ৭৩টির মধ্যে ৫৩টি ভোট পড়েছে। এতে করে প্রথমবারের মতো আবাহনীর প্রতিনিধি ছাড়াই হকি ফেডারেশনের কমিটি হয়েছে। অথচ প্রত্যক্ষ ও পরোক্ষ প্রতিনিধি ধরলে খোদ সাধারণ সম্পাদকসহ এই কমিটিতে ৩ জন আছেন মোহামেডানের।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/১৯২৫ঘ.
bdnews24