২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্পিৎজের অসাধারণ অর্জন স্পর্শ করলেন ফেলপস

দীর্ঘ ৩৬ বছর রেকর্ডটা কেউ স্পর্শও করতে পারেনি। অথচ এক অলিম্পিকে মার্ক স্পিৎজের গড়া ৭টি সোনা জয়ের সেই রেকর্ডটাই এখন হুমকির মুখে! শনিবার নতুন অলিম্পিক রেকর্ড গড়ে ১০০ মিটার বাটারফ্লাইয়ে সোনা জিতে স্পিৎজের সেই অসাধারণ অর্জনকে স্পর্শ করলেন 'সাঁতার-বিস্ময়' মাইকেল ফেলপস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2008, 06:50 AM

Updated : 26 Aug 2022, 02:15 PM

বেইজিং, ১৬ আগস্ট (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- দীর্ঘ ৩৬ বছর রেকর্ডটা কেউ স্পর্শও করতে পারেনি। অথচ এক অলিম্পিকে মার্ক স্পিৎজের গড়া ৭টি সোনা জয়ের সেই রেকর্ডটাই এখন হুমকির মুখে! শনিবার নতুন অলিম্পিক রেকর্ড গড়ে ১০০ মিটার বাটারফ্লাইয়ে সোনা জিতে স্পিৎজের সেই অসাধারণ অর্জনকে স্পর্শ করলেন 'সাঁতার-বিস্ময়' মাইকেল ফেলপস। কিংবদন্তীতুল্য সাঁতারু স্পিৎজের অবিস্মরণীয় কীর্তিকে ছোঁয়ার লড়াইয়ে ফেলপসের জয়টা কিন্তু সহজে আসেনি। বিস্ময়করভাবে সার্বিয়ান মিলোরাদ কাভিচ তুমুল প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলেছিলেন তার সঙ্গে। তবে এক সময় পেছনে পড়ে গেলেও একেবারে শেষ দিকে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে সবার আগে টাচলাইন স্পর্শ করেছেন ফেলপস, ৫০.৫৮ সেকেন্ড সময় নিয়ে গড়েছেন নতুন অলিম্পিক রেকর্ড। তার চেয়ে মাত্র ০.০১ অর্থাৎ এক সেকেন্ডের এক শ' ভাগের এক ভাগ পেছনে ছিলেন মিলোরাদ। ব্রোঞ্জ পেয়েছেন অস্ট্রেলিয়ার অ্যান্ড্রু লটারস্টাইন। সার্বিয়ার অলিম্পিক দলের কর্মকর্তারা অবশ্য ছেড়ে কথা বলেননি। ফেলপসের জয়ের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ জানিয়েছিলেন তারা। কিন্তু সেই প্রতিবাদ ধোপে টেকেনি। বিশ্ব সাঁতারের নিয়ন্ত্রক সংস্থা ফিনা'র নির্বাহী পরিচালক কর্নেল মার্কুলেস্কু জানিয়েছেন, "প্রশ্নটা ছিল প্রথম স্থান ভাগ করা অথবা না করা নিয়ে। আমরা সবাই দেখেছি যে মাইকেল ফেলপসই সবার আগে এসে পৌঁছেছে।" এই লড়াইয়ের রেফারি বেন একুম্বোর কণ্ঠেও একই সুর, "আমি ব্যক্তিগতভাবে ভিডিও ফুটেজ দেখেছি। এবং এটা পরিষ্কার যে মাইকেল ফেলপসের পরেই সার্বিয়ান সাঁতারু দ্বিতীয় হিসাবে (টাচলাইন) স্পর্শ করেছে।" এ সব অবশ্য পরের ঘটনা। তার আগেই তো ইতিহাস গড়ার স্বপ্ন পূরণের আনন্দে আত্মহারা ফেলপস। যদিও লড়াইয়ের মাঝামাঝি পর্যন্তও তার মনে হচ্ছিল পারবেন না! তবে স্পিৎজকে স্পর্শ করা জয়টা পেয়ে উচ্ছ্বাস চেপে রাখতে পারেননি। অলিম্পিকে সর্বোচ্চ ত্রয়োদশ সোনা জয়ের (এথেন্সের ছয়টি সহ) পর শূন্যে হাত ছুড়ে, চিৎকার করে বিজয়োল্লাসে মেতে উঠেছেন তিনি। এমন অনন্যসাধারণ অর্জনকে সম্মান জানিয়ে সাঁতারের ভেন্যু 'ওয়াটার কিউবে'র গ্যালারি ভরা দর্শক তখন দাঁড়িয়ে হাততালি দিতে ব্যস্ত। আবেগে ভেসে যেতে যেতে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ফেলপস শুধু বলতে পেরেছেন, "আমি শুধু বলতে পারি লড়াইটা ছিল তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। আমি এখন স্বপ্নের জগতেই আছি।" স্পিৎজ নিজেও ফেলপসের এমন দুর্দান্ত কীর্তিতে অভিভূত। ১৯৭২এর মিউনিখ অলিম্পিকে ৭টি সোনা জয়ী এই সাঁতারু উত্তরসূরীর প্রতি একেবারে প্রশংসার ডালি উপুর করে দিয়েছেন, "এটা একটা মহাকাব্যিক ঘটনা। সে (ফেলপস) সর্বকালের সেরা সাঁতারু এবং সর্বকালের সেরা অলিম্পিয়ান। সম্ভবত সর্বকালের সেরা অ্যাথলেটও সে।" ফেলপসের এমন অনবদ্য অর্জনের দিনে সাঁতার পুলের অন্য সব অর্জন স্বাভাবিকভাবেই কিছুটা ম্লান। অথচ বাকি তিন ইভেন্টের দুটোতেই বিশ্ব রেকর্ডের জন্ম হয়েছে। অন্যটাতেও হয়েছে অলিম্পিক রেকর্ড। এবারের অলিম্পিকে তিনটি রূপা জয়ী জিম্বাবুয়ের কির্স্টি কভেন্ট্রি অবশেষে সোনা জয়ের মধুর স্বাদ পেয়েছেন। মেয়েদের ২০০ মিটার ব্যাকস্ট্রোকে বিশ্ব রেকর্ড গড়ে শিরোপা জিতেছেন তিনি। জিম্বাবুয়ের স্বৈরাচারী প্রেসিডেন্ট রবার্ট মুগাবে আখ্যায়িত 'সোনালী মেয়ে' কভেন্ট্রি ২ মিনিট ৫.২৪ সেকেন্ড সময় নিয়ে আগের রেকর্ড থেকে ০.৮৫ সেকেন্ড মুছে দিয়েছেন। তার পেছনে থেকে দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন যথাক্রমে যুক্তরাষ্ট্রের মার্গারেট হোয়েলজার ও জাপানের রাইকো নাকামুরা। অন্য বিশ্ব রেকর্ডটাও মেয়েদেরই ইভেন্টে। ১৯ বছর ধরে টিকে থাকা ৮০০ মিটার ফ্রিস্টাইলের রেকর্ডটা নিজের করে নিয়েছেন বৃটেনের রেবেকা অ্যাডলিংটন। ৮ মিনিট ১৪.১০ সেকেন্ডের নতুন রেকর্ড আগেরটার চেয়ে ২.১২ সেকেন্ড কম। গত সোমবার ৪০০ মিটার ফ্রিস্টাইলেও সোনা জিতেছিলেন অ্যাডলিংটন, যেটা ছিল ৪৮ বছর পর অলিম্পিকে মেয়েদের সাঁতারে বৃটেনের প্রথম সোনা জয়। এই ইভেন্টে রূপা পেয়েছেন ইতালির আলেসিয়া ফিলিপ্পি, ব্রোঞ্জ ডেনমার্কের লোটে ফ্রিসের। পুরুষদের ৫০ মিটার ফ্রিস্টাইলে অলিম্পিক রেকর্ড গড়ে সোনা জিতে ইতিহাসের জন্ম দিয়েছেন সিজার সিয়েলো ফিলহো। অলিম্পিক সাঁতারে এটাই ব্রাজিলের প্রথম সোনা। রূপা ও ব্রোঞ্জ পেয়েছেন ফ্রান্সের দুই সাঁতারু আমোরি লেভক্স ও অ্যালেইন বার্নার্ড। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৪২৩ঘ.