বেইজিং, ১৪ আগস্ট (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- অলিম্পিকে সোনা জেতার স্বপ্নটা এবারো অধরাই রয়ে গেল রজার ফেদেরারের। কদিন আগেই ওয়ার্ল্ড নাম্বার ওয়ান খেতাব হারানো এই সুইস তারকা বৃহস্পতিবার হেরে গেছেন কোয়ার্টার ফাইনালেই। অলিম্পিক টেনিসে অঘটনের এই দিনে হেরে গেছেন মেয়েদের বিভাগের অন্যতম ফেবারিট যুক্তরাষ্ট্রের সেরেনা উইলিয়ামসও।
ফেদেরারকে বিদায় করে দিয়েছেন যুক্তরাষ্ট্রের জেমস ব্লেক। দুজনের আগের আটবারের দেখায় কেবল একটা মাত্র সেট জিততে পেরেছিলেন, অথচ এদিন সরাসরি ৬-৪, ৭-৬ গেমে জিতেছেন তিনি।
চার বছর আগে এথেন্স অলিম্পিকের দ্বিতীয় রাউন্ডে হেরে গিয়েছিলেন ক্যারিয়ারে এ পর্যন্ত ১২টি গ্র্যান্ড স্ল্যামজয়ী ফেদেরার।
সেরেনা অবশ্য লড়াই করেই হেরেছেন। রাশিয়ার ইয়েলেনা দেমেন্তিয়েভার বিপক্ষে তার জয় এক সময় নিশ্চিত বলেই মনে হচ্ছিল, কিন্তু প্রথম সেটটা অনায়াসে জিতলেও শেষ পর্যন্ত ৩-৬ ৬-৪ ৬-৩ গেমে হেরে গেছেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৩১৫ঘ.
bdnews24