ঢাকা, আগস্ট ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- অষ্টম ইউনাইটেড ইন্স্যুরেন্স ও ইউনাইটেড লিজিং আন্তর্জাতিক মাস্টার্স দাবার শিরোপা জিতেছেন ভারতের আন্তর্জাতিক মাস্টার দিনেশ কুমার শর্মা।
বৃহস্পতিবার বাংলাদেশ দাবা ফেডারেশনের হলরুমে অনুষ্ঠিত শেষ রাউন্ডের খেলায় বাংলাদেশের আবু সুফিয়ান শাকিলের সঙ্গে ড্র করে দিনেশ পেয়েছেন সাড়ে ৭ পয়েন্ট। রানার-আপ হয়েছেন পাকিস্তানি আন্তর্জাতিক মাস্টার মাহমুদ লোদী। শেষ রাউন্ডে তিনি হারিয়েছেন মোহাম্মদ আলীকে।
তৃতীয় হয়েছেন বাংলাদেশের জাতীয় জুনিয়র দাবা চ্যাম্পিয়ন ফিদে মাস্টার মিনহাজ উদ্দিন আহমেদ সাগর। শেষ রাউন্ডে তিনি হারিয়েছেন ভারতের আন্তর্জাতিক মাস্টার হিমাংশু শর্মাকে। বাংলাদেশের গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান অবশ্য খুব খারাপ করেছেন। সাড়ে ৫ পয়েন্ট নিয়ে তিনি আছেন দশম স্থানে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এসএইচ/২২১৪ ঘ.
bdnews24