মাদ্রিদ, ২৭ জুলাই (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বার্সেলোনা কেন তাকে অলিম্পিকের জন্য ছাড়তে চাইছে না আরো এক বার তার প্রমাণ দিলেন লিওনেল মেসি। শনিবার স্কটিশ ক্লাব ডান্ডি ইউনাইটেডের বিপক্ষে প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচে মেসির চোখধাঁধানো এক হ্যাটট্রিকে ৫-১ গোলে জিতেছে 'বার্সা'। স্প্যানিশ 'জায়ান্ট'দের অন্য গোল দুটো থিয়েরি অঁরি ও স্যামুয়েল এ'তোর।
ডান্ডির মাঠে প্রথমে পিছিয়ে পড়েছিল বার্সেলোনাই। কিন্তু ২৫ মিনিটে এগিয়ে যাওয়ার আনন্দ বেশিক্ষণ উপভোগ করতে পারেনি স্বাগতিকরা। মাত্র ২৬ সেকেন্ড পর ম্যাচে সমতা নিয়ে আসেন অঁরি। এ মাসের শুরুতে সেভিয়া থেকে 'বার্সা'য় যোগ দেয়া ড্যানিয়েল আলভেসের ক্রস থেকে অঁরির শট প্রতিপক্ষের এক জন ঠেকালেও ফিরতি শট কেউ ফেরাতে পারেনি (১-১)। ফরোয়ার্ডদের ব্যর্থতায় প্রথমার্ধে আর কোনো গোল পায়নি বার্সেলোনা। এর মধ্যে গোল পোস্টের ঠিক সামনে থেকে শট নিতে গিয়ে গোলমাল করেছেন অঁরি, বোজান কিরকিচের প্রচেষ্টা দুর্দান্তভাবে সেভ করেছেন ডান্ডির গোলকিপার আর এইডুর গুডজনসেনের হেড বাধা পেয়েছে পোস্টে।
দ্বিতীয়ার্ধে আট জনকে বদলে মাঠে নেমেছে 'বার্সা'। যার মধ্যে ছিলেন মেসি। আর তার পরই মেসি-ম্যাজিকের সূত্রপাত। ৫১ মিনিটে এ'তোর থ্রু ধরে দারুণ এক কোনাকুনি শটে দলকে এগিয়ে দেয়ার পাশাপাশি আর্জেন্টাইন তারকার হ্যাটট্রিকের পথে এগিয়ে যাওয়ার সূচনা। ৯ মিনিট পর প্রতিপক্ষের এক জনের দুর্বল ব্যাক পাস ধরে স্কোরলাইন ৩-১ করেন এ'তো। ৭৫ মিনিটে বার্সেলোনার চতুর্থ গোলও মেসি-এ'তো কম্বিনেশনে। এ'তোর সঙ্গে ওয়ান-টু খেলেই অ্যাক্রোবেটিক ঢংয়ে নিজের দ্বিতীয় গোল করেছেন মেসি। তিন মিনিট পর তার হ্যাটট্রিক গোলেও ছিল এ'তোর বড় অবদান। ক্যামেরুনিয়ান স্ট্রাইকারের শট ডান্ডির এক জন ডিফেন্ডারের গায়ে লেগে মেসির কাছে এলে হ্যাটট্রিকের সঙ্গে সঙ্গে দলের বিশাল জয়ও নিশ্চিত করেন তিনি।
তবে হ্যাটট্রিক করে বার্সেলোনাকে বড় জয় এনে দিলেও এ মুহূর্তে তেমন স্বস্তিতে নেই মেসি। তিনি অলিম্পিকে খেলতে দৃঢ় প্রতিজ্ঞ, কিন্তু সে সময় চ্যাম্পিয়ন্স লিগের বাছাইপর্বের খেলা থাকায় 'বার্সা' তাকে ছাড়তে চাইছে না। আর্জেন্টিনার ফুটবল ফেডারেশন ও বার্সেলোনার মধ্যে মেসিকে নিয়ে রীতিমতো দড়ি টানাটানি চলছে এখন! যদিও ফিফার নিয়মানুযায়ী অলিম্পিকের জন্য ২৩ বছরের কম বয়সী ফুটবলারদের সংশ্লিষ্ট ক্লাব ছেড়ে দিতে বাধ্য।
স্বদেশ আর ক্লাবের মাঝে পড়ে দ্বিধা-দ্বন্দ্বের মধ্যে থাকা মেসিকে আরো বিভ্রান্ত করে দিচ্ছেন ম্যারাডোনা। এমনিতে তিনি সব সময়ই মেসির এক জন শুভাকাক্সক্ষী, দু জনে পরস্পরের বিরাট ভক্তও। কিন্তু অলিম্পিক আর চ্যাম্পিয়ন্স লিগের 'ফাঁদে' পড়ে যাওয়া মেসিকে এমন অস্বস্তিকর সময়ে সঠিক সিদ্ধান্ত নেয়ার ব্যাপারে তেমন সাহায্য করতে পারছেন না ম্যারাডোনা। বরং ২১ বছর বয়সী এই তারকার প্রতি আর্জেন্টিনার '৮৬ বিশ্বকাপ জয়ের নায়কের আহ্বান, "আমি যা বলতে চাইছি তা হলো যে সিদ্ধান্তটা মেসিকেই নিতে হবে। এক জন দৃঢ়চেতা মানুষ হয়ে ওঠার সময় এসেছে তার সামনে। আমার মনে হয় মেসির মধ্যে চারিত্রিক দৃঢ়তার কিছুটা অভাব আছে। আশা করি সময়ের সঙ্গে সঙ্গে তার ফুটবলের মতোই (চারিত্রিক দিক দিয়ে) সে শক্তিশালী হয়ে উঠবে। তাকে এক জন নেতা হয়েও উঠতে হবে। আশা করি দুই/তিন বছরের মধ্যেই আমরা বলতে পারবো যে লিও (মেসি) এক জন বড় নেতা।"
শনিবার বার্সেলোনার মতো প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচে চেলসিও বিশাল জয় পেয়েছে। এশিয়া সফরের দ্বিতীয় ম্যাচে ম্যাকাওয়ের চেংদু ব্লেডসকে তারা উড়িয়ে দিয়েছে ৭-০ গোলে। দুই গোল করেছেন জো কোল। একটি করে গোল সলোমন কালু, ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড, ফ্রাঙ্কো ডি সান্টো, শন রাইট-ফিলিপস ও নিকোলাস আনেলকার।
বিবিসি'র সহায়তায়
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/১৭৫৫ঘ.
bdnews24