বার্ন/জুরিখ, ১২ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইউরো ২০০৮-এ দু দলের প্রথম ম্যাচের চিত্রটা ছিল সম্পূর্ণ বিপরীত। আকর্ষণীয় ফুটবল প্রদর্শনীর মাধ্যমে বিশ্ব চ্যাম্পিয়ন ইতালিকে ৩-০ গোলে হারায় নেদারল্যান্ডস, অন্যদিকে বিরক্তিকর ফুটবল খেলে রুমানিয়ার সঙ্গে গোল শূন্য ড্র করে ফ্রান্স। শুক্রবার বাংলাদেশ সময় রাত ১২টা ৪৫ মিনিটে বার্নে শুরু হতে যাওয়া নেদারল্যান্ডসের বিপক্ষের ম্যাচটা তাই ফরাসীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কোয়ার্টার ফাইনালের রাস্তা প্রশস্ত করার পাশাপাশি নিজেদের সুনাম প্রতিষ্ঠিত করার মিশনও এটা। 'গ্র"প অব ডেথ' হিসাবে পরিচিত 'সি' গ্র"পের অন্য ম্যাচটা ইতালিয়ানদের জন্য আক্ষরিক অর্থেই বাঁচা-মরার লড়াই। জুরিখে রুমানিয়ার কাছেও হার মানলে গ্র"প-পর্বেই বিদায়-ঘন্টা বেজে যাবে বিশ্বকাপের চার বারের চ্যাম্পিয়নদের।
ইনজুরির কারণে রুমানিয়ার সঙ্গে খেলতে পারেননি থিয়েরি অঁরি ও প্যাট্রিক ভিয়েরা। তবে ডাচদের বিপক্ষে দু জনেরই প্রথম একাদশে থাকার জোরালো সম্ভাবনা। জাতীয় দলের পক্ষে সর্বোচ্চ গোলদাতা (৪৪টি) অঁরি এবং মিডফিল্ডের প্রাণভোমরা ভিয়েরাকে ফিরে পাওয়ার সম্ভাবনায় 'লা ব্লুজ' শিবির দারুণ উজ্জীবিত, অনুপ্রাণিত। তবে সেই অনুপ্রেরণা মাঠে অনূদিত না হলে বিশ্বকাপ রানার্সআপদের শেষ আটে যাওয়ার সম্ভাবনা শেষ হয়ে যেতে পারে। সে আশঙ্কার কথা জানেন বলেই ডিফেন্ডার উইলিয়াম গ্যালাস নেদারল্যান্ডসের বিপক্ষে জয় ছাড়া অন্য কিছুই ভাবতে রাজি নন, "আমাদের অবশ্যই খেলার ধরণে পরিবর্তন আনতে হবে। প্রতিপক্ষকে সুস্থির থাকতে না দেয়ার জন্য খেলতে হবে দ্রুতগতির পাসিং গেম। আমাদের পয়েন্ট আর জয় দরকার। সেজন্য আরো বেশি ঝুঁকি নিতে হবে।"
ইতালিকে বিধ্বস্ত করায় নেদারল্যান্ডস শিবিরেও অনুপ্রেরণার অভাব নেই। তবে এখনই আত্মপ্রসাদে ভুগতে রাজি নয় টুর্নামেন্টের '৮৮র আসরের চ্যাম্পিয়নরা। ইতালির সঙ্গে দুর্দান্ত এক গোল করা ওয়েসলি স্নাইডারের কণ্ঠের বাড়তি সতর্কতায় তারই ইঙ্গিত, "(ইতালির বিপক্ষে) ফলাফলটা ছিল দুর্দান্ত। সমর্থকরা সেটা উদযাপন করতেই পারেন। কিন্তু এখনো আমরা কিছুই পাইনি। আমাদের লক্ষ্য আরো সামনে এগিয়ে যাওয়া এবং ফাইনালে জয় পাওয়া। সেজন্য মাথা ঠান্ডা রাখতে হবে আমাদের।"
বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে প্রায় সবার পারফরম্যান্স নিখুঁত হওয়ায় এ ম্যাচে কোচ মার্কো ফন বাস্তেনের দলে পরিবর্তন না আনার সম্ভাবনাই বেশি। দুশ্চিন্তা শুধু এক জনকে নিয়ে। কুঁচকির চোট এখনো না সারায় ফরোয়ার্ড আরিয়েন রোবেনকে নিয়ে দুর্ভাবনা কাটছেই না ডাচদের।
ওদিকে রুমানিয়ার মুখোমুখি হওয়ার আগে ইতালি তো বটেই, তাদের কোচ রবার্তো ডোনাডোনিও আশঙ্কায় জর্জরিত। এ ম্যাচেও হারলে বরখাস্ত হতে পারেন ডোনাডোনি। তাই নিজের এবং দেশের সম্মান বাঁচাতে গত সেপ্টেম্বরের পর এই প্রথম হয়তো অভিজ্ঞ স্ট্রাইকার আলেসান্দ্রো দেল পিয়েরোকে প্রথম একাদশে রাখতে যাচ্ছেন ডোনাডোনি। নেদারল্যান্ডসের বিপক্ষে দ্বিতীয়ার্ধে বদলি হিসাবে নেমে গোল না পেলেও কয়েকটা সুযোগ সৃষ্টি করে ম্যাচে প্রাণ ফিরিয়ে এনেছিলেন দেল পিয়েরো। সেদিন বদলি হিসাবে নামা আন্তনিও কাসানোকেও শুক্রবার দেখা যেতে পারে 'আজ্জুরি'দের নীল জার্সি গায়ে। সেক্ষেত্রে ডাচদের বিপক্ষে বেশ কয়েকটা অমার্জনীয় মিস করা লুকা টোনির বাদ পড়বেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এসি/২০২৫ ঘ.
bdnews24