প্যারিস, ৭ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- গ্যালারিতে বসে হাত তালি দিচ্ছেন জাস্টিন হেনিন, ওদিকে কোর্টে শুয়ে আনন্দে মুখ ঢেকেছেন আনা ইভানোভিচ। তার আনন্দ একটু আগে রাশিয়ার দিনারা সাফিনাকে ৬-৪, ৬-৩ গেমে হারিয়ে ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড স্লাম জিতেছেন তিনি।
এই প্রথমটা হতে পারতো গত বছরেই। কিন্তু সেবার ফাইনালে উঠেও হেরে গিয়েছিলেন ক'দিন আগেই টেনিসকে বিদায় জানানো হেনিনের কাছে।
শনিবারের ফাইনালে উঠে একটা ইতিহাস গড়েছিলেন দিনারা সাফিনা। তবে মারাত সাফিনের ছোট বোন হওয়ার সুবাদে গ্র্যান্ড স্লাম ফাইনালে ওঠা প্রথম ভাই-বোন হতে পারলেও, ভাইয়ের মতো দুটো দূরের কথা, এখনো একটা গ্র্যান্ড স্লামও জিততে পারেননি।
রোববার এবারের ফ্রেঞ্চ ওপেন আরেকটি ইতিহাসের সাক্ষি হতে চলেছে। পুরুষ এককের ফাইনালে রাফায়েল নাদালের মুখোমুখি হবেন রজার ফেদেরার। বিশ্বসেরা ফেদেরারের সামনে আবার ফ্রেঞ্চ ওপেন জিতে সব পাওয়ার অনুভূতিকে জয় করার সুযোগ। তার ব্যর্থতায় বিয়র্ন বোর্গের পর প্রথম খেলোয়াড় হিসেবে টানা চতুর্থ ফ্রেঞ্চ ওপেন জেতা হয়ে যাবে নাদালের।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসি/২২১৫ ঘ.
bdnews24