ঢাকা, জুন ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- জিতলে সেমিফাইনালের পথে তেমন কোনো চড়াই-উৎরাই থাকতো না। তবে প্রথমার্ধে অবস্থা যেমন হয়েছিল তাতে হেরেই বসার কথা বাংলাদেশের। আমিনুলের দলের জন্য স্বস্তির কথা - শুক্রবার কলম্বোয় হয়ে যাওয়া ৫ম সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের খুব গুরুত্বপূর্ণ ম্যাচে তা হয়নি। আফগানিস্তানের সঙ্গে ২-২ গোলে ড্র করে সেমিফাইনালের আশা জিইয়ে রেখেছে বাংলাদেশ।
আশা আছে বটে, তবে সে আশাপূরণ নিশ্চিত করতে হলে এখন শেষ ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কার সঙ্গে জিততেই হবে বাংলাদেশকে। আফগানিস্তানের সঙ্গে এ ম্যাচ জিততে পারলে হিসেবটা এত কঠিন হতো না, সেক্ষেত্রে শ্রীলঙ্কার সঙ্গে ড্র করলেই গ্র"প 'বি' থেকে শেষ চারে উঠে যেতো বাংলাদেশ।
ম্যাচ জিতে সেমিফাইনালের পথ ধরার সম্ভাবনা একরকম শেষ হয়ে গিয়েছিল প্রথমার্ধেই। খেলার অর্ধ্বেক সময় পেরুনোর আগেই ২-০ গোলে পিছিয়ে পড়লে কতটুকু আশাই বা থাকে? প্রথম ৪৫ মিনিটে আফগানদের দাপটই চোখে পড়েছে বেশি। সে তুলনায় বড় বেশি অসহায় মনে হয়েছে সাফ ফুটবলের সাবেক চ্যাম্পিয়নদের। তবে দ্বিতীয়ার্ধে নিজেদের কিছুটা গুছিয়ে নেয় বাংলাদেশ। বিশেষ করে ৫১ পেনাল্টিতে এমিলি একটা গোল পরিশোধ করার পর থেকে প্রতিপক্ষের রক্ষণভাগের ওপর চাপ বাড়াতে থাকে তারা। তার সুফলও পেয়ে যায় হাতেনাতে। ৭৬ মিনিটে দুজনকে কাটিয়ে পেনাল্টি বক্সে ঢুকে দারুণ এক শট নিয়েছিলেন আবুল। আফগান গোলরক্ষক ফিস্ট করে বল বের করে দিলে কর্ণার পেয়ে যায় বাংলাদেশ। মামুনুল ইসলাম মামুনের নেয়া কর্ণার কিক হেড করে ক্লিয়ার করতে গিয়েছিলেন আফগান এক ডিফেন্ডার, কিন্তু বল চলে যায় জালে। এর একটু পরে এগিয়ে যাওয়ার সুযোগও এসেছিল। কিন্তু এমিলিকে ফাউল করলেও তা রেফারির দৃষ্টি এড়িয়ে যায়। নিশ্চিত পেনাল্টি থেকে বঞ্চিত হয় বাংলাদেশ।
গ্র"প পর্বে বাংলাদেশ নিজেদের শেষ ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে আগামী ৮ জুন।
এটিএন বাংলা'র সহায়তায়
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এসি/২০২৩ ঘ.
bdnews24