ঢাকা, জুন ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---- গ্রীন ডেল্টা প্রিমিয়ার হকি লিগে নিজেদের শেষম্যাচে মোহামেডান ৪-২ গোলে হেরেছে সোনালী ব্যাংকের কাছে। ইকবাল নাদের তিন গোল করে বলতে গেলে একাই হারিয়ে দেন মোহামেডানকে।
বৃহস্পতিবার মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে প্রথমে দুই গোলে এগিয়ে গেলেও তারপর টানা চার গোল হজম করে হেরে যায় মোহামেডান। ১৩ ও ৪২ মিনিটে মোহামেডানের পক্ষে গোল দুটি করেন সৈয়দ আল মাসুম। এরপর ৪৭ মিনিটে ইকবাল নাদের ও ৫১ মিনিটে কৃষ্ণা কুমারের গোলে ম্যাচে ফেরে সোনালী ব্যাংক। ৫৫ ও ৬৮ মিনিটে ইকবাল নাদের আরো দুটো গোল করে ব্যাংকের জয় নিশ্চিত করেন।
এই হারের ফলে মোহামেডান ১৩ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে লিগ শেষ করলো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এসি/২১৫৭ ঘ.
bdnews24