২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মরিনহো এখন ইন্টার মিলানের কোচ

চেলসির সাবেক কোচ হোসে মরিনহোর নতুন ঠিকানা এখন ইন্টার মিলান। পর্তুগীজ ক্রীড়া দৈনিক 'আ বোলা'র অন্তত তেমনই দাবী। সোমবার পত্রিকাটি জানিয়েছে রবার্তো মানচিনির উত্তরসূরী হিসাবে ইন্টারের দায়িত্ব নিতে রাজি হয়েছেন মরিনহো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2008, 01:37 PM

Updated : 26 Aug 2022, 01:53 PM

লন্ডন, ২৬ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- চেলসির সাবেক কোচ হোসে মরিনহোর নতুন ঠিকানা এখন ইন্টার মিলান। পর্তুগীজ ক্রীড়া দৈনিক 'আ বোলা'র অন্তত তেমনই দাবী। সোমবার পত্রিকাটি জানিয়েছে রবার্তো মানচিনির উত্তরসূরী হিসাবে ইন্টারের দায়িত্ব নিতে রাজি হয়েছেন মরিনহো। টানা তিনটি শিরোপা জেতানো রবার্তো মানচিনিকে রেখে দেবেন কি-না এই নিয়ে একটা দ্বিধা ছিল ইন্টার প্রেসিডেন্ট মাসিমো মোরাত্তির। মরিনহো তাকে সোমবার মধ্যরাত পর্যন্ত সময় বেধে দিয়েছিলেন। শেষপর্যন্ত সময় পেরোনোর আগেই সব দ্বিধা ঝেড়ে ফেলে মরিনহোকেই কোচ হিসেবে বেছে নিয়েছেন ইউরোপিয়ান প্রতিযোগিতায় সাফল্যের জন্য মরিয়া মোরাত্তি। পর্তুগীজ পত্রিকাটির রিপোর্ট অনুযায়ী, তিন বছরের চুক্তিতে প্রত্যেক মৌসুমের জন্য এই মরিনহো পাবেন ৯০ লাখ ইওরো করে। চুক্তি অনুযায়ী তার সাবেক দুই শিষ্য চেলসির ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড ও বার্সেলোনার ডেকোকে দলে নেয়ার অনুমতি দেয়া হয়েছে মরিনহোকে। মরিনহোর অধীনে ডেকো অবশ্য পোর্তোতেও খেলেছিলেন। লুই ফিগোর চুক্তিও এক বছরের জন্য নবায়ন করানোর অনুমতি পেয়েছেন তিনি। আগামী মাসে এই চুক্তি শেষ হওয়ার কথা। ইন্টার অবশ্য এখনো মরিনহোর কোচ হওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। তবে আনুষ্ঠানিকভাবে সেই ঘোষণা আসার আগেই অন্য একটা বিষয়ে মুখ খুলেছেন ফুটবলাঙ্গনে 'বাকচতুর' হিসাবে পরিচিত মরিনহো। সেটা অবশ্য ইন্টার মিলান নয়, তার সাবেক ক্লাব চেলসি সংক্রান্ত বিষয়ে। গত সেপ্টেম্বরে তিনি সরে দাঁড়ানোর পর আভরাম গ্রান্টের অধীনে এ মৌসুমে একটিও শিরোপা জিততে পারেনি 'ব্লুজ'। তবে চ্যাম্পিয়ন্স লিগ ও ইংলিশ প্রিমিয়ার লিগে রানার্সআপ হয়েছে তারা। বৃটেনের 'দ্য অবজার্ভার' পত্রিকা এক সাক্ষাতকারে সেই প্রসঙ্গ টেনে গ্রান্টকে সফল বলা যায় কি না সে ব্যাপারে প্রশ্ন রেখেছিল মরিনহোর কাছে। সেই প্রশ্নে তার জবাবটাও এসেছে 'মরিনহো-সুলভ', "সেটা নির্ভর করছে নেতৃত্বের বিষয়ে আপনার দর্শনের ওপরে। আমার দর্শন হলো এটা তাদের (চেলসির) জন্য খুব খারাপ একটা মৌসুম কেটেছে। কারণ ফুটবলে 'প্রায়' মানেই হলো পরাজয়। আর চেলসি প্রায় কার্লিং (লিগ) কাপ, প্রায় চ্যাম্পিয়ন্স লিগ ও প্রায় প্রিমিয়ার লিগ জিতেছে। যদিও প্রায় আসলে কিছুই নয়।" সেই সঙ্গে তার অধীনে চেলসির সাফল্যের খতিয়ান দিতেও মরিনহো ভোলেননি, "আগের তিন মৌসুমের প্রতিটিতে দুটো করে শিরোপা জয়ের পর এই মৌসুমে তারা ছিল শিরোপা-শূন্য। আমার মতে এটা সত্যিই একটা খারাপ মৌসুম।" তবে সাবেক ক্লাবের এই ব্যর্থতায় তিনি সত্যিই দুঃখিত। বিশেষ করে মস্কোতে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে টাইব্রেকারে পরাজয়ের যন্ত্রণা কিছুতেই ভুলতে পারছেন না মরিনহো, "যা ঘটেছে তার জন্য আমি খুবই দুঃখিত। গত দুই বছরে এই দল চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল ও সেমিফাইনালে পেনাল্টিতে (টাইব্রেকারে) হেরেছে। সমর্থকদের আরো বেশি কিছু প্রাপ্য ছিল। খেলোয়াড় আর অন্যদেরও প্রাপ্য ছিল আরো বেশি আনন্দানুভূতির। আমি এখনো তাদেরকে (চেলসির খেলোয়াড়দের) আমার ছেলে বলেই মনে করি।" আর সেজন্যই আগামী মৌসুমে চেলসির শুভকামনা আগেভাগেই জানিয়ে রেখেছেন তিনি, "আমার দৃঢ় বিশ্বাস ব্যর্থতায় ভরা এক মৌসুম শেষে নতুন সাফল্য চেলসির কাছে ধরা দেবেই। এবং আমি সব সময়ই চেলসির সমর্থক থাকবো।" গোল ডটকম-এর সহায়তায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/১৯৩৫ঘ.