ঢাকা, মে ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- জাতীয় দলের ক্যাম্পের ফুটবলারদের পর এবার সাধারণ ফুটবলাররাও বিক্ষুব্ধ হয়েছেন ক্লাবগুলোর "জেন্টেলম্যান এগ্রিমেন্টে"। অনেক অন্দোলনের পর অবশেষে দলবদল শুরু হলেও ক্লাবগুলোর "নেতিবাচক" সিদ্ধান্তে তারা হতাশ। পাশপাশি ভীষণ ক্ষতির আশংকাও করছেন ফুটবলাররা।
পত্র-পত্রিকায় এ খবর দেখে সোমবার প্রায় ২৫ জন ফুটবলার বিশ্ববিদ্যালয় মাঠে জড়ো হয়েছিলেন। রোববার কয়েকজন ক্লাব প্রতিনিধি "জেন্টেলম্যান এগ্রিমেন্টের" কথা অস্বীকার করলেও ফুটবলাররা পুরোপুরি বিশ্বাস করতে পারছেন না। তাদের ধারণা কিছু একটা সমঝোতা নিশ্চয়ই হয়েছে আর এই আশংকা মাথায় নিয়েই বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক জুয়েল রানা বলেছেন, "এখানে আমাদের মধ্যে ৬/৭ জন ফুটবলার আছে যারা পুলপ্রথা ও জেন্টেলম্যান এগ্রিমেন্টের শিকার হয়েছি। এটা যে কীরকম বিরূপ প্রভাব ফেলে তা আমরা টের পেয়েছি। বড় উদাহরন তো জাতীয় দলের সাবেক মিডফিল্ডার জুলফিকার মাহমুদ মিন্টু, পুলের কারণে তার মতো খেলোয়াড় দল পায়নি। এই পুলপ্রথার জন্য আমি জাতীয় দল থেকে অবসর নিয়েছি যেন সহজে ক্লাব দল পাই।"
গত শনিবার আবাহনী কর্মকর্তা কাজী নাবিল আহমেদের অফিসে প্রায় সব ক্লাব প্রতিনিধিরা বসে জেন্টেলম্যান এগ্রিমেন্ট করেছেন বলেই খবর। যদিও পরে বাফুফের কাছে এ ধরনের এগ্রিমেন্টের কথা অস্বীকার করেছেন নাবিল। তাতে বড় ক্লাবগুলো ৭ জন ও ছোট ক্লাবগুলো ৫ জন করে নিজেদের পছন্দের খেলোয়াড় ঠিক করবে যাদের অন্যরা নিতে পারবে না। মানে ওই দল যে অংকে চুক্তি করতে চাইবে তাতেই রাজি হতে হবে ফুটবলারকে। সেখানে তার পছন্দ-অপছন্দের কোনো সুযোগ নেই।
জাতীয় দল থেকে বাদ পড়া ডিফেন্ডার অমিত খান শুভ্র বলেছেন, "অবস্থা যা হচ্ছে তাতে জাতীয় দলের খেলোয়াড়রা ৪ লাখ টাকার বেশি পাবে না। সেক্ষেত্রে গত ৮ বছর ধরে যারা খেলছে তারা ১ লাখের বেশি পাবে না। সত্যি এরকম হলে আর লিগ খেলার দরকার কি, মাসদুয়েক খেপ খেললেই হয়ে যায়।" গত বছর ব্রাদার্সে নিজের অভিজ্ঞতা থেকেই তিনি বলেছেন, "গতবার ব্রাদার্সে আমরা চুক্তির ত্রিশ শতাংশের বেশি অর্থ পাইনি। এবার তাদের অবস্থা খারাপ, মুক্তিযোদ্ধারও দল গঠনের কোনো খবর নেই। ফুটবলের এই দুর্দশায় যদি আবার জেন্টেলম্যান এগ্রিমেন্ট হয় তার চেয়ে দুঃখের কিছু হতে পারে না।" মুক্তিযোদ্ধা দল না গড়লে আর ব্রাদার্সও কোনোরকমে দল গড়ার মানসিকতা নিয়ে নামলে এমনিতেই অনেক সহজলভ্য হয়ে যায় ফুটবলার পাওয়া।
সত্যি ক্লাবগুলো নিজেদের মধ্যে চুক্তি করে থাকলে তা দেশের ফুটবলের সুখকর কিছু হবে না। জাতীয় দলের আরেক সাবেক অধিনায়ক আলফাজ আহমেদও প্রথম বি. লিগের চুক্তির কথা তুলে ধরে বলেছেন, "অনেক ফুটবলার গত লিগের টাকাও এখনো পায়নি। মাঝে এক মৌসুম লিগ হয়নি, এখন এ ধরনের এগ্রিমেন্ট হলে ফুটবলাররা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে। বাফুফের নতুন কমিটির কাছে আমরা এতটুকু আর্থিক নিরাপত্তা চাইছি।"
নবনির্বাচিত বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন এখন দেশের বাইরে। তিনি ফিরে এলে তার সঙ্গে সাক্ষাৎ করে ক্লাবগুলোর নেতিবাচক অবস্থান থেকে রেহাই পাওয়ার জন্য আবেদন করবেন ফুটবলাররা।
দীর্ঘদিন ধরে ক্লাব-বাফুফে-খেলোয়াড়দের মধ্যে টানাপোড়েন দেখে হতাশ হয়ে পড়া জুয়েল রানা বেশ দুঃখের সঙ্গেই ঘোষণা করেছেন, "আমি অন্তত আর কাউকে ফুটবলের দিকে আসতে উৎসাহিত করবো না।" নতুন কমিটি ফুটবল উন্নয়নের জন্য মরিয়া হলেও তার কোনো ইতিবাচক প্রভাব পড়ছে না ফুটবলারদের মধ্যে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২০৫৫ঘ.
bdnews24