ঢাকা, মে ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- আগে গোল খেয়েও মোহামেডান শেষপর্যন্ত ৩-১ গোলে হারিয়েছে মেরিনার্সকে। এই জয়ে ৬ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে মোহামেডান। সমসংখ্যক ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আকাশী-হলুদরা। দিনের অন্য ম্যাচে ওয়ারী ২-০ গোলে হারিয়েছে সাধারণ বীমাকে।
মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে ম্যাচের ১২ মিনিটে মোহামেডানকে পিছিয়ে দেন মেরিনার্সের রঞ্জন। কিন্তু প্রথমার্ধ শেষ হওয়ার মিনিট খানেক আগে পাকিস্তানী সাব্বিরের গোলে ম্যাচে ফেরে মোহামেডান। দ্বিতীয়ার্ধে মুসা মিয়া পেনাল্টি কর্ণার থেকে গোল করে মোহামেডানকে এগিয়ে দেওয়ার পর গোলাম মোস্তফার তৃতীয় গোলে জয় নিশ্চিত হয়।
দিনের অন্য ম্যাচে সাধারণ বীমার বিপক্ষে ফয়সাল ও তপুর গোলে জিতেছে ওয়ারী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/২১১৮ঘ.
bdnews24