মিলান, ২৭ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইতালিয়ান সিরি 'এ'র হ্যাটট্রিক শিরোপা থেকে আর মাত্র এক ম্যাচ দূরে ইন্টার মিলান। রোববার হুলিও ক্রুজ ও মার্কো মাতেরাজ্জির লক্ষ্যভেদে ক্যালিয়ারির বিপক্ষে ২-১ গোলের জয় তাদের পৌঁছে দিয়েছে দুর্দান্ত এক অর্জনের দ্বারপ্রান্তে। আগামী সপ্তাহে চিরপ্রতিদ্বন্দ্বী ও প্রতিবেশী এসি মিলানকে হারাতে পারলেই দু ম্যাচ হাতে রেখে শিরোপা-উৎসব শুরু করে দিতে পারবে তারা।
ইন্টারের চেয়ে ৬ পয়েন্ট পিছিয়ে থাকা এএস রোমাও জয় পেয়ে ধরে রেখেছে শিরোপা পুনরুদ্ধারের স্বপ্ন। মানচিনির দুটি এবং পিজারো ও ভুসিনিচের একটি করে গোলে তারা ৪-১ ব্যবধানে হারিয়েছে তোরিনোকে। ৩৫টি করে ম্যাচ খেলে ইন্টার ও রোমার পয়েন্ট যথাক্রমে ৮১ ও ৭৫। এসি মিলানের বিপক্ষে জয় পেলে এবং শেষ দুই হেরে গেলেও ইন্টারের কোনো ক্ষতি না হওয়ার কারণ, মুখোমুখি লড়াইয়ে রোমার চেয়ে এগিয়ে আছে তারা।
রোমার মতো বড় জয় পেয়েছে জুভেন্টাস ও এসি মিলানও। জুভেন্টাস ৫-২ গোলে হারিয়েছে লাৎসিওকে। আর ফিলিপ্পো ইনজাগির হ্যাটট্রিকে মিলান ৪-১ গোলে জিতেছে লিভরনোর বিপক্ষে। ৭০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থান ধরে রেখেছে জুভেন্টাস। পঞ্চম স্থানে থাকা মিলানের সংগ্রহ ৫৮ পয়েন্ট। সিরি 'এ'র আর তিন রাউন্ড বাকি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/২১৪৫ঘ.
bdnews24