২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোমবার বহুল প্রতীক্ষিত বাফুফে নির্বাচন

ফিফা-এএফসি প্রতিনিধিদের কাছে আবার আবেদন জানিয়েও ভোটাধিকার ফিরে পাননি মালু-বাচ্চুরা। মানে বর্তমান কমিটিতে থাকা ১৪ জনের বিকল্প ভোট ও বাকি ৯৮ জনের সরসারি ভোটে সোমবার আগামী চার বছরের জন্য ২১ সদস্যের বাফুফের নির্বাহী কমিটি নির্বাচিত করা হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2008, 04:19 PM

Updated : 26 Aug 2022, 01:46 PM

ঢাকা, এপ্রিল ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- ফিফা-এএফসি প্রতিনিধিদের কাছে আবার আবেদন জানিয়েও ভোটাধিকার ফিরে পাননি মালু-বাচ্চুরা। মানে বর্তমান কমিটিতে থাকা ১৪ জনের বিকল্প ভোট ও বাকি ৯৮ জনের সরসারি ভোটে সোমবার আগামী চার বছরের জন্য ২১ সদস্যের বাফুফের নির্বাহী কমিটি নির্বাচিত করা হবে। এটা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের চতুর্থ নির্বাচন। এর আগে ১৯৭৪, ১৯৯৮ ও ২০০৩ সালে বাফুফে নির্বাচন অনুষ্ঠিত হলেও সেগুলো ছিল একপেশে ও সরকার-নিয়ন্ত্রিত। সেদিক থেকে এবারের নির্বাচনে অনেকটাই অন্যরকম। দু-পক্ষের নির্বাচনী প্রচারনা ও পারস্পরিক রেষারেষিতে একেবারে উত্তপ্ত অবস্থা; যা আগে ক্রীড়াঙ্গনের কোনো নির্বাচনেই দেখা যায়নি। মূল প্রতিদ্বন্দ্বিতা সভাপতি পদে, যেখানে ফুটবল তারকা কাজী সালাউদ্দিনের সঙ্গে লড়ছেন সাবেক সামরিক কর্মকর্তা আমীন আহম্মদ চৌধুরী। দুজনেরই নিজস্ব প্যানেল আছে। আছে ঢাকার ক্রীড়াসংগঠক ও জেলার সংগঠকরা। তবে প্রচলিত ধারনা হচ্ছে জেলা ও বিভাগের ৫৯ ভোটই বাফুফে নির্বাচনের ভাগ্য নির্ধারন করে দেবে। আবার সেই ভোটগুলোর নিজস্ব কোনো চরিত্র নেই, অর্থের সঙ্গে সঙ্গেই পক্ষ বদল হয়ে যায় বলে অভিযোগ আছে। এবং এবারও সেই অর্থই বাফুফে নির্বাচনের বড় নিয়ামক হয়ে গেছে বলে গুঞ্জন। দু'পক্ষের অর্থশালীরা অনেক আগে থেকেই নেমে পড়েছেন ভোটের বাজারে। সেটা খুব আমলে নেননি এএফসি সাধারণ সম্পাদক দাতো পলমনি। সরকারী প্রভাব বিস্তারের অভিযোগ নিয়েও তার স্পষ্ট কথা, "এখনো পর্যন্ত আমরা সরকারী প্রভাব বিস্তারের কোনো প্রমাণ পাইনি। সবকিছুই ঠিকমতো চলছে।" তাদের পরামর্শ মতো চার ধরনের ব্যালট পেপার তৈরি করা হয়েছে--- সভাপতি, সিনিয়র সহ-সভাপতি, সহ-সভাপতি ও সদস্য। ফিফা-এএফসিতে এই নিয়মে ভোট হয়ে বলে এখানেও তাই হবে বলে ঘোষণা ফিফা কর্মকর্তাদের। কিন্তু আলাদা ব্যালট পেপার বলে সময়ও লাগবে বেশি। সকালে বার্ষিক সাধারণ সভার পর দুপুর ২ টা থেকে ৬ টা অর্থাৎ চার ঘন্টার মধ্যে ১১২ জন ভোটারের ভোট সম্পন্ন হওয়া নিয়ে সংশয় আছে। সেজন্য প্রধান নির্বাচন কমিশনার মেজবাহ উদ্দিন বিকল্প চিন্তা করে রেখেছেন, "প্রয়োজন হলে সময় বাড়িয়ে নেওয়া হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২২১৫ঘ.