ঢাকা, এপ্রিল ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ বলেছেন, ক্রীড়াঙ্গনকে রাজনীতির আওতায় এনে কলুষিত করা সমর্থনযোগ্য নয়। তিনি বলেন, "আমরা চাই, ক্রীড়াবিদ বা ক্রীড়া অন্তঃপ্রাণ ব্যক্তিরাই এক্ষেত্রে অগ্রণী ভূমিক পালন করুক। আমরা ক্রীড়াঙ্গনকে সব ধরনের বিতর্কের উর্ধ্বে রাখতে চাই। সঠিক নির্দেশনার মাধ্যমে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই।"
মঙ্গলবার ২০০৭ সালের জাতীয় ক্রীড়া পুরস্কার অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা এ কথা বলেন।
তিনি বলেন, "অন্যান্য খাতের পাশাপাশি ক্রীড়াঙ্গনেও সংস্কার কার্যক্রম গৃহীত হয়েছে। দীর্ঘকাল পর বিভিন্ন ক্রীড়া ফেডারেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ক্রিকেট, হকিসহ অধিকাংশ ক্রীড়া ফেডারেশনে দক্ষ ও যোগ্য সংগঠকদের নিয়ে নতুন কমিটি গঠিত হয়েছে। আশা করি ক্রীড়াঙ্গনে গণতন্ত্রায়ন একটি স্থায়ী রূপ পাবে।"
রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা দশ ক্রীড়াবিদের হাতে গত বছরের জাতীয় ক্রীড়া পুরস্কার তুলে দেন।
পুরস্কারপ্রাপ্ত ১০ ক্রীড়া ব্যক্তিত্ব হলেন- শর্মিলা রায় (অ্যাথলেটিকস), রনজিত দাস (ফুটবল), আমির হোসেন পাটোয়ারী (কাবাডি), লে. কমান্ডার এম আরশাদ (অব.) (সাঁতার), আমিনুল ইসলাম (জুডো), নুরুল ইসলাম (হকি), প্রকৌশলী আবুল হাশেম (ব্যাডমিন্টন), প্রফেসর ডা. রশিদ উদ্দিন আহমদ (বাস্কেটবল), আতাউল হক মল্লিক (সংগঠক-মরণোত্তর) ও কাজী আনিসুর রহমান (সংগঠক)।
ক্রীড়াক্ষেত্রে বিভিন্নভাবে অবদান রাখার জন্য তাদের প্রত্যেককে সম্মাননা ও ২০ হাজার টাকা দেওয়া হয়। জাতীয় ক্ষেত্রে খেলাধূলায় বিশেষ অবদানের স্বীকৃতি দিতে ক্রীড়াবিদদের জন্য ১৯৭৬ সালে এই রাষ্ট্রীয় পুরস্কার প্রবর্তিত হয়।
ড. ফখরুদ্দীন আহমদ ক্রীড়া আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়ে বলেন, "জনগণের স্বাস্থ্যরক্ষায় দেশব্যাপী ক্রীড়া আন্দোলন গড়ে তুলতে হবে। রাজধানী ঢাকা থেকে শুরু করে প্রত্যন্ত গ্রামাঞ্চল পর্যন্ত বিশেষত শিশু-কিশোর-তরুণদেরকে এ আন্দোলনে শরিক করতে হবে।"
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাতিত্ব করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত বিশেষ সহকারী মাহবুব জামিল।
তিনি বলেন, "ক্রীড়াঙ্গনে নেতৃত্বের শূন্যতা তৈরি হয়েছে। এটা পূরণের জন্য যোগ্য ক্রীড়া সংগঠকদের এগিয়ে আসতে হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/এএআর/এমএসবি/জিএনএ/১৬০৮ ঘ.
bdnews24