২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডিএফএ সংবলিত নতুন গঠনতন্ত্র বৈধতা পেল সাধারণ সভায়

ফিফা-এএফসির প্রেসক্রিপশন অনুযায়ী আগেই ডিএফএ (জেলা ফুটবল অ্যাসোসিয়েশন) গঠিত হয়েছে। বৃহষ্পতিবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) জরুরী সাধারণ সভায় আনুষ্ঠানিকভাবে তার স্বীকৃতি মিললো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2008, 04:15 PM

Updated : 26 Aug 2022, 01:37 PM

ঢাকা, ২৭ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- ফিফা-এএফসির প্রেসক্রিপশন অনুযায়ী আগেই ডিএফএ (জেলা ফুটবল অ্যাসোসিয়েশন) গঠিত হয়েছে। বৃহষ্পতিবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) জরুরী সাধারণ সভায় আনুষ্ঠানিকভাবে তার স্বীকৃতি মিললো। এএফসির সেক্রেটারী দাঁতো পল মুনির উপস্থিতিতে বাফুফে ভবনে হয়েছে বিশেষ সাধারণ সভা। সেই সভায় ডিএসএ (জেলা ক্রীড়া সংস্থা) এর প্রতিনিধিরা উপস্থিত থাকলেও তাদের ডিএফএ গঠন মেনে নিতে হয়েছে। কারণ ফিফার প্রেসক্রিপশনের বাইরে যাওয়ার কোনো সুযোগ ছিল না। সভায় অনেকেই ডিএফএ-এর বিরুদ্ধে মতামত দিলেও শেষপর্যন্ত ফিফার নিষেধাজ্ঞার ভয়ে বিরোধিতা বাদ দিয়েছেন। এটা সাবেক ফুটবলার শেখ মোহাম্মদ আসলামের কথাতেই পরিষ্কার হয়ে যাচ্ছে, "এএফসি সেক্রেটারি দাঁতো পল মুনি শুরুতেই আমাদের বলে রেখেছেন সংশোধনীগুলো পাস না করানোর কোনো বিকল্প নেই। অন্যথা হলে সাসপেনশনের ভয় থেকে যাবে। এই অবস্থায় ডিএফএ-র বিপক্ষে কোনো যুক্তি দাঁড় করানোর কোনো সুযোগই ছিল না।" ফিফার প্রেসক্রিপশন অনুযায়ী গঠনতন্ত্রের সংশোধনীগুলো হচ্ছে - জাতীয় ক্রীড়া পরিষদ, বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ বিমানবাহিনী এবং বাংলাদেশ পুলিশের বাফুফেতে কাউন্সিলরশিপ থাকলেও কোনো ভোটাধিকার থাকবে না। কারণ ফিফা বরাবরের মতোই সরকারী সংশ্রবের বাইরে রাখতে চায় বাফুফেকে। বিশ্ববিদ্যালয় এবং শিক্ষাবোর্ডের ভোটাধিকারসহ কাউন্সিলরশিপ থাকবে, যদি তারা ফুটবল কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থাকে। এতোদিন ধরে পাইওনিয়ার লিগের চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের কাউন্সিলর থাকার অধিকারও এবার কেড়ে নিয়েছে ফিফা। তারা বলেছে, এটা অনুর্ধ্ব-১৬ বছর বয়সীদের টুর্নামেন্ট। কাজেই তাদের কাউন্সিলরশিপ দেওয়া যাবে না। এবার থেকে ২১ সদস্যের বাফুফের কার্যনির্বাহী কমিটির পাঁচটি গুরুত্বপূর্ণ পদে কোনো নির্বাচন হবে না। ফিফার নির্দেশ অনুযায়ী এই পদগুলোকে বেতনভুক্ত লোক নিয়োগ দেয়া হবে। পদগুলো হচ্ছে- সাধারণ সম্পাদক, উপ-সম্পাদক, দুইজন সহকারী সম্পাদক এবং কোষাধ্যক্ষ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২১০০ঘ.