২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় দল থেকে অব্যাহতি চান ১০ হকি তারকা

দলবদলের শেষ দিনে বুধবার হকি ফেডারেশনে এলো মোহামেডান আর ঊষা। কিন্তু ঢাকার হকির এই বড় দুদলের আসাটা যেন আরো প্রকট করে তুললো বাংলাদেশের হকির ক্ষয়িষ্ণু চেহারা। মোহামেডান-ঊষাকে ঘিরে উচ্ছ্বাসের আলো তো নেই-ই, উল্টো যেন চারদিকে বিষাদের ছায়া। শেষদিনে যে ১০ জন খেলোয়াড় জাতীয় দল থেকে অব্যাহতির আবেদন করেছেন বাংলাদেশ হকি ফেডারেশনের কাছে!

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2008, 04:32 PM

Updated : 26 Aug 2022, 01:37 PM

ঢাকা, মার্চ ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- দলবদলের শেষ দিনে বুধবার হকি ফেডারেশনে এলো মোহামেডান আর ঊষা। কিন্তু ঢাকার হকির এই বড় দুদলের আসাটা যেন আরো প্রকট করে তুললো বাংলাদেশের হকির ক্ষয়িষ্ণু চেহারা। মোহামেডান-ঊষাকে ঘিরে উচ্ছ্বাসের আলো তো নেই-ই, উল্টো যেন চারদিকে বিষাদের ছায়া। শেষদিনে যে ১০ জন খেলোয়াড় জাতীয় দল থেকে অব্যাহতির আবেদন করেছেন বাংলাদেশ হকি ফেডারেশনের কাছে! না করেই বা উপায় কি! জাতীয় দলের খেলোয়াড় হলেও তাদের কেউ দলে নিচ্ছে না। গতবার যারা ৩/৪ লাখে খেলেছেন এবার তাদের দর নেমে এসেছে ৭০-৮০ হাজারে। তার ওপর পুলে পড়ে যাওয়ায় তারা যেখানে খুশি যেতেও পারছেন না। এই দুর্বিপাকে পড়ে পুলের ১০ হকি খেলোয়াড় ফেডারেশনের কাছে আবেদন করেছেন জাতীয় দল থেকে অব্যাহতি দেওয়ার জন্য। তারা হলেন মাহবুব উল্লাহ শাকিল, জাহিদ হোসেন, শহীদুল্লাহ টিটু, মাকসুদ আলম হাবুল, রাহুল কান্তি রায়, জাহিদুল ইসলাম রাজন, তাবিব-এ নূর, শামসুদ্দিন তুহিন, মুস্তাফিজুর রহমান দিনার, খন্দকার হাসান আহমেদ ও ইয়ামিন হোসেন। জাতীয় দলের মিডফিল্ডার শহীদুল্লাহ টিটু জানিয়েছেন, "আমরা ১০ জন আজ (বুধবার) জাতীয় দল থেকে অব্যাহতি চেয়েছি।" এ ব্যাপারে হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক সাজেদ আদেল বলেছেন, "তারা তো গতবারের দলে খেলতে পারে। সেক্ষেত্রে কোনো সমস্যা নেই।" কিন্তু বাস্তবতা হচ্ছে আগের দলের হয়ে খেলতে চাইলে তাদের নামমাত্র পারিশ্রমিকে খেলতে হবে। আদেলের জবাব, "এক্ষেত্রে ফেডারেশনের কিছু করার নেই, এটা সম্পূর্ণ ক্লাবগুলোর ব্যাপার। তাদের উচিত লিগ বয়কট করা, জাতীয় দল নয়।" এ অবস্থার একটা বড় কারণ নাকি দলগুলোর আর্থিক দুরাবস্থা। যে কারণে ঐতিহ্যবাহী উষা এবার কোনোমতে দল গড়েছে। পুলের একজনকেও দলে নেয়নি তারা। শেষদিনে ১২ জনকে রেজিস্ট্রেশন করিয়ে তারকাহীন এক দলে পরিণত হয়েছে গত দুবারের চ্যাম্পিয়ন মোহামেডান অবশ্য ঈসা ও জাহিদ বিন তালেবের সঙ্গে মেহরাব হোসেন কিরণ, ইমরান হাসান পিন্টু, তাপস বর্মন, কামরুজ্জামান রানাকে নিয়ে পুলের ৬ জনের কোটা পূরণ করেছে। শেষদিনে তারা আজাদ স্পোর্টিং ক্লাবের ৭ জনকে দলে টেনেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এসএইচ/২২২০ ঘ.