বুয়েনস এইরেস, ২৪ ডিসেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- টাইগ্রের কাছে ০-১ গোলে হেরে গেলেও কোনো ক্ষতি হয়নি বোকা জুনিয়র্সের। তিন দলের প্লে-অফ পর্বশেষে আর্জেন্টাইন অ্যাপারচুরা চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে নিয়েছে তারাই।
এবারের অ্যাপারচুরা চ্যাম্পিয়নশিপে এক চমকজাগানো ঘটনার জন্ম দিয়েছিল বোকা জুনিয়র্স, স্যান লরেঞ্জো ও টাইগ্রে। লিগশেষে সমান পয়েন্ট নিয়ে তিন দলই দখল করেছিল শীর্ষস্থান! যেহেতু গোল গড়ের হিসাব ধরা হয় না তাই শিরোপা-নির্ধারণের জন্য তিন দলকে নিয়ে আয়োজন করা হয়েছিল প্লে-অফের। সেখানেও অদ্ভূত সাম্যাবস্থা, একটি ম্যাচে জয় ও অন্যটি হেরে যাওয়ায় প্রত্যেক দলেরই সংগ্রহ ৩ পয়েন্ট করে!
তবে এবার আর গোল-গড়কে উপেক্ষা করা হয়নি। সেখানে সবচেয়ে এগিয়ে থাকায় শিরোপা উঠেছে বোকা জুনিয়র্সের ঘরে। লিগে এটা তাদের ৩১তম শিরোপা, আর পাঁচ মৌসুম পর প্রথম। অবশ্য চিরপ্রতিদ্বন্দ্বী রিভার প্লেটের চেয়ে এখনো অনেকখানি পিছিয়ে আছে তারা। রিভার প্লেট চ্যাম্পিয়ন হয়েছে ৪১বার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৫৩৪ঘ.
bdnews24