২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় ক্রীড়া পুরষ্কারের জন্য ১০ জনের নাম ঘোষণা

এ বছরের জাতীয় ক্রীড়া পুরস্কার ঘোষণা করা হয়েছে। এজন্য সংগঠক হিসেবে জেনারেল মইন উ আহমেদ ও ৯ জন ক্রীড়াবিদকে মনোনীত করেছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2008, 03:47 PM

Updated : 26 Aug 2022, 02:47 PM

ঢাকা, ডিসেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)----- এ বছরের জাতীয় ক্রীড়া পুরস্কার ঘোষণা করা হয়েছে। এজন্য সংগঠক হিসেবে জেনারেল মইন উ আহমেদ ও ৯ জন ক্রীড়াবিদকে মনোনীত করেছে সরকার। এই পুরস্কারের জন্য যোগ্য ব্যক্তিদের খোঁজ করার কাজটা করে জাতীয় ক্রীড়া পরিষদ এবং ক্রীড়া মন্ত্রণালয়। বিভিন্ন যাচাই-বাছাইয়ের পর তারা নাম ঘোষণা করে। এবার তারা ক্রীড়া সংগঠকের পুরস্কারটা পরিষদ সভাপতি জেনারেল মইন উ আহমেদের হাতেই তুলে দিতে যাচ্ছে। বর্তমান তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব নেওয়ার পর ২০০৭ সালের ৮ জুলাই তিনি জাতীয় ক্রীড়া পরিষদের সভাপতি পদে বসেন। তবে সেনাপ্রধান হওয়ার সুবাদে তিনি আগে থেকেই বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি। এছাড়া ৯ জন ক্রীড়াবিদকে মনোনীত করা হয়েছে জাতীয় ক্রীড়া পুরস্কারের জন্য। ফুটবলে সুনীল কৃষ্ণ দে, অ্যাথলেটিকসে লে. মোহাম্মদ আমজাদ হোসেন (অব.), সাঁতারে সিনিয়র ওয়ারেন্ট অফিসার লুৎফর রহমান (অব.), ভারোত্তোলনে রুহুল আমিন, ভলিবলে খন্দকার আবুল হাসান, শরীরগঠনে ব্রিগেডিয়ার জেনারেল শওকাত হোসেন, টেবিল টেনিসে সাইদুল হক সাদী, ক্রিকেটে সৈয়দ আব্দুল মজিদ কোরান এবং কাবাডিতে জাহাঙ্গীর আলম চৌধুরী। ফুটবলার সুনীল কৃষ্ণ দে'র ক্যারিয়ার অবশ্য তেমন সমৃদ্ধ নয়। সত্তরের দশকের এই রাইট উইঙ্গার বেশিরভাগ সময় খেলেছেন অফিস দলে, তাই নামডাকও সেরকম হয়নি। কেবল একবারই খেলেছেন জাতীয় দলে, ১৯৭৫ সালের মারদেকা কাপগামী দলে। সেনাবাহিনীর অ্যাথলেট আমজাদ হোসেন মনোনীত হয়েছেন পোল ভোল্টে জাতীয় চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে। শরীরগঠনে পুরস্কারের জন্য মনোনীত ব্রিগেডিয়ার জেনারেল শওকাত হোসেন ১৯৭৫ সালে 'মি. ঢাকা' খেতাব জিতেছেন। তবে বিকেএসপির পরিচালক হওয়ার সুবাদে তিনি জাতীয় ক্রীড়া পুরস্কার যাচাই-বাছাই কমিটির একজন সদস্যও বটে। তবে অনেকের মতে সবচেয়ে ভাল নির্বাচন হয়েছে ভলিবলে। পাকিস্তান দলের হয়ে জাকার্তা এশিয়ান গেমসে অংশ নেওয়া খন্দকার আবুল হাসানকে এতদিন পরেও জাতীয় ক্রীড়া পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে, এটাই সুখবর। এই কৃতী ভলিবল খেলোয়াড়কে গুরুর মর্যাদা দেন এখনকার ভলিবল সংগঠকরা। ক্রিকেটে সবার শ্রদ্ধেয় 'কোরান ভাই'কে মনোনীত করাটাও প্রশংসাযোগ্য। পঞ্চাশ ও ষাটের দশকে মারকুটে ব্যাটসম্যান হিসেবে তার বেশ খ্যাতি ছিল ঘরোয়া ক্রিকেটে। সাবেক কাবাডি খেলোয়াড় জাহাঙ্গীর আলম চৌধুরী সংগঠক হিসেবে অবদান রাখছেন এখন। দুটো ভূমিকা একীভূত করলে এই পছন্দটাও খারাপ হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২১৪৫ঘ.