২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিয়ানমারের সঙ্গে ড্র করেছে বাংলাদেশ

তৃতীয় গ্র্যান্ড রয়েল চ্যালেঞ্জ কাপের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক মিয়ানমারের সঙ্গে গোলশূন্য ড্র করেছে বাংলাদেশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2008, 03:32 PM

Updated : 26 Aug 2022, 02:39 PM

ঢাকা, নভেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তৃতীয় গ্র্যান্ড রয়েল চ্যালেঞ্জ কাপের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক মিয়ানমারের সঙ্গে গোলশূন্য ড্র করেছে বাংলাদেশ। মঙ্গলবার ইয়াঙ্গুনের থুওউনা ইয়থ ট্রেনিং সেন্টার স্পোর্টস গ্রাউন্ডে অনুষ্ঠিত এই ম্যাচে বাংলাদেশকে বাঁচিয়েছে গোলরক্ষক আমিনুল হকের দুর্দান্ত কিছু সেভ। ম্যাচের তৃতীয় মিনিটেই এগিয়ে যেতে পারতো স্বাগতিকরা, কিন্তু ওয়ান-টু-ওয়ান পরিস্থিতিতে আমিনুল দারুণ এক সেভ করে সে যাত্রা রক্ষা করেছেন। দ্বিতীয়ার্ধে এ রকম আরো তিনটি সেভ করেছেন তিনি। সুযোগ পেয়েছিল বাংলাদেশও। ২২ মিনিটে জাহিদ হোসেনের চমৎকার একটি ক্রস প্রতিপক্ষের গোলমুখে পড়লেও সেখানে অপেক্ষমান স্ট্রাইকার জাহিদ হাসান এমিলি সেটা ধরতে পারেননি। দ্বিতীয়ার্ধেও একটি সুযোগ নষ্ট করেছেন এমিলি, শরীফের ক্রস থেকে তার হেড ফিরিয়ে দিয়েছেন মিয়ানমারের গোলরক্ষক অং অং উ। গত মাসে মারদেকা কাপে সর্বশেষ দেখায় এই মিয়ানমারের কাছে ০-১ গোলে হেরেছিল বাংলাদেশ। এই ড্রয়ের ফলে ছয় জাতির গ্র্যান্ড রয়েল চ্যালেঞ্জ কাপের সেমিফাইনালে খেলার আশা বাঁচিয়ে রাখলো শফিকুল ইসলাম মানিকের দল। ১৩ নভেম্বর ইন্দোনেশিয়ার বিপক্ষে গ্র"পের শেষ ম্যাচ খেলবে টুর্নামেন্টের গত আসরের রানার্স আপরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/২১২৫ ঘ.