২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আরামবাগকে হারিয়ে আবাহনী এখন শীর্ষে

অবশেষে গোল পেলেন আওদু ইব্রাহিম। ঘানার এই স্ট্রাইকারের দুই গোলে ঢাকা আবাহনী ২-০ গোলে আরামবাগকে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে গেছে। ৬ ম্যাচে তাদের সংগ্রহ এখন ১৫ পয়েন্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2008, 04:08 PM

Updated : 26 Aug 2022, 02:36 PM

ঢাকা, নভেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---- অবশেষে গোল পেলেন আওদু ইব্রাহিম। ঘানার এই স্ট্রাইকারের দুই গোলে ঢাকা আবাহনী ২-০ গোলে আরামবাগকে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে গেছে। ৬ ম্যাচে তাদের সংগ্রহ এখন ১৫ পয়েন্ট। এতদিন আওদু ইব্রাহিম ছিলেন গোলের কারিগর হয়ে। অন্যদের দিয়ে অনেক গোল করালেও নিজে গোল পাচ্ছিলেন না। বলের ওপর তার অসামান্য নিয়ন্ত্রণ আর হার না মানসিকতা দিয়ে পুরো ম্যাচে দাপিয়ে বেড়ানো এই স্ট্রাইকার গোলের সামনে গিয়ে তালগোল পাকিয়ে ফেলেন। এজন্য গ্যালারি থেকেও মাঝে মাঝে টিপস উড়ে যায় বল ছাড়ার জন্য। উড়ে যায় নানা আকথা-কুকথা। তা আর শুনতে হয়নি সোমবার। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আরামবাগের বিপক্ষে ৩৩ মিনিটের মাথায় ইব্রাহিম নিজের প্রথম গোল করেছেন বি. লিগে। বাঁদিক থেকে জাহিদ হাসান এমিলির পাঠানো থ্রু পাস আয়ত্তে নিয়ে তিনি এক ঝাঁকুনিতে আরামবাগের ডিফেন্ডার ও গোলরক্ষক পিরুকে বোকা বানিয়ে ফাঁকা পোস্টে ঠেলে দেন। মিনিট সাতেক পরেই করেছেন দর্শনীয় গোলটি। কাউন্টার অ্যাটাকে ওয়ালী ফয়সাল প্রায় মাঝমাঠ থেকে চমৎকার এক লব দেন ইব্রাহিমকে লক্ষ্য করে। ঘানার এই স্ট্রাইকার এক দৌড়ে দুই ডিফেন্ডারকে পেছনে ফেলে আগুয়ান গোলরক্ষকের পাশ দিয়ে বল পাঠিয়ে দেন আরামবাগের গোলে। তবে ম্যাচের সহজতম সুযোগটি নষ্ট করেছেন আরেক বিদেশী এমেকা ক্রিস্টিয়ান। ৩০ মিনিটে তাকে দারুন একটি বল বানিয়ে দেন এমিলি। ডি বক্সে একদম ফাঁকায় বলটা পেয়েও এই নাইজেরিয়ান একটা নিরীহ শট নিয়ে আরামবাগের গোলরক্ষক পিরুর হাতে তুলে দেন অবিশ্বাস্যভাবে ! এর আগে ২৬ মিনিটে মামুনুল ইসলাম মামুনও বিস্ময়ের জন্ম দিয়েছেন অবিশ্বাস্য সহজ একটা সহজ একটা সুযোগ নষ্ট করে। প্রথমার্ধে দুই গোল করার পর আবাহনী যেন খেলার আগ্রহ হারিয়ে ফেলে। দ্বিতীয়ার্ধে মাঝমাঠেই খেলা হয়েছে বেশি। ৭৩ মিনিটে বদলি হয়ে নামা জাহিদ পারভেজ চৌধুরী একটু ঝলক দেখিয়েছেন। ডানদিক থেকে নেওয়া তার ডান পায়ের শটটি একটু এদিক-ওদিক হলেই গোলে ঢুকে যেতো। ক্রসবার ঘেঁষে চলে যাওয়ায় গোলের ব্যবধান বাড়েনি। প্রতিপক্ষ আরামবাগ সেরকম কোনো গোলের সম্ভাবনাই জাগিয়ে তুলতে পারেননি। আসলে গত ৬/৭ বছরে আরামবাগের এত হতশ্রী অবস্থা দেখা যায়নি কখনো। শেষপর্যন্ত চ্যাম্পিয়নশিপের দৌড়ে না থাকলেও অন্তত বড় দলগুলোর সঙ্গে দারুন লড়াই করতো তারা। এজন্য পরাশক্তিগুলোও বেশ সমীহ করতো আরামবাগকে। আর এই আরামবাগকে কেউ ভ্র"ক্ষেপই করছে না ! বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২১৫৫ঘ.