ঢাকা, অক্টোবর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---- গত ৫ বছরে ফিফার ১০ কোটি টাকারও বেশি অনুদান নষ্ট করার পর অবশেষে বাংলাদেশে শুরু হয়েছে মহিলা স্কুল ফুটবল। শুক্রবার বর্ণাঢ্য উদ্বোধনের মধ্য দিয়ে ঢাকার ১২টি স্কুল দলকে নিয়ে ধানমন্ডি মহিলা ক্রীড়া কমপ্লেক্সে প্রথমবারের মতো শুরু হয়েছে এই টুর্নামেন্ট। নাচ-গানের পর বেলুন উড়িয়ে তার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেছেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন।
উদ্বোধনী ম্যাচে ভিকারুন্নিসা নুন স্কুল ২-১ গোলে হারিয়েছে অস্ট্রেলিয়ান ইন্টারন্যাশনাল স্কুলকে। ম্যাচের ১৬ মিনিটে পিংকির গোলে এগিয়ে যায় ভিকারুন্নিসা, মিনিট তিনিক পরেই ব্যবধান দ্বিগুন হয় হাবীবার গোলে। ২৫ মিনিটে সারাফ একটি গোল শোধ করলেও ৪০ মিনিটের ম্যাচে আর ফেরা হয়নি অস্ট্রেলিয়ান ইন্টারন্যাশনাল স্কুলের। ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন ভিকারুন্নিসা নুন স্কুলের পিংকি।
শনিবার হবে তিনটি ম্যাচ। আগাখান স্কুল ও সামারফিল্ড, স্কলাস্টিকা স্কুল ও আজিমপুর গার্লস হাই স্কুল এবং গ্রিন হেরাল্ড ও রাজধানী হাই স্কুল মুখোমুখি হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাফুফের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী, মহিলা স্কুল ফুটবলের চেয়ারম্যান সিরাজুল ইসলাম বাবু ও কো- চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২০৩০ঘ.
bdnews24